সিগনেচার ২৭ নিয়ে মটোরোলার ওয়েবসাইটে টিজার

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫২

সিগনেচার ২৭ নিয়ে মটোরোলার ওয়েবসাইটে টিজার

মটোরোলা সিগনেচার সিরিজের নতুন স্মার্টফোন সিগনেচার ২৭ আনার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। মটোরোলার ওয়েবসাইটে অল্প সময়ের জন্য ফোনটির একটি টিজার দেখা গেছে। টিজারে পেছনের ক্যামেরা মডিউলের আংশিক ছবি দেখানোর পাশাপাশি অস্ট্রিয়ার বিখ্যাত বিলাসবহুল ক্রিস্টাল ও গয়না নির্মাতা প্রতিষ্ঠান সোয়ারোভস্কির ক্রিস্টালযুক্ত বিশেষ সংস্করণ আসারও আভাস মিলেছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস ৩৬০-এর প্রতিবেদনে বলা হয়েছে, মটোরোলার ওয়েবসাইটে পপআপ হিসেবে সিগনেচার ২৭-এর টিজারটি প্রথম দেখতে পান এক রেডিট ব্যবহারকারী। সেখানে ব্যবহারকারীদের নাম ও ই-মেইল ঠিকানা দিয়ে নতুন ফোনের আপডেট পাওয়ার জন্য নিবন্ধন করতে বলা হয়।

পপআপে ফোনটির পেছনের ক্যামেরা অংশের আবছা ছবি এবং ‘Signature 27’ নাম দেখা যায়। সঙ্গে ছিল ‘A new perspective is coming’ লেখা। পরে টিজারটি ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়।

জিএসএমএরিনার প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য থেকে মটোরোলার ওয়েবসাইটে প্রবেশ করলেও একই পপআপ দেখা গেছে। সেখানে ‘Crystals by Swarovski’ লেখা একটি লোগোও দেখা যায়, যদিও সেটি ঠিকভাবে লোড হয়নি।

এ কারণে সিগনেচার ২৭-এর পাশাপাশি সোয়ারোভস্কি ক্রিস্টালযুক্ত বিশেষ সংস্করণও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে মটোরোলা রেজর সিরিজের একটি বিশেষ সংস্করণ সোয়ারোভস্কির সঙ্গে যৌথভাবে বাজারে এনেছিল

আগের সিগনেচারে ছিল উন্নত হার্ডওয়্যার

মটোরোলা চলতি বছরের জানুয়ারিতে ভারতে সিগনেচার সিরিজের প্রথম স্মার্টফোন উন্মোচন করে। এতে ছিল ৬ দশমিক ৮ ইঞ্চির পিওএলইডি ডিসপ্লে, ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর এবং সর্বোচ্চ ১৬ গিগাবাইট র‍্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ।

ক্যামেরার মধ্যে ছিল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৩ গুণ অপটিক্যাল জুমের ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা। ফোনটিতে ছিল ৫ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং ৯০ ওয়াট তারযুক্ত ও ৫০ ওয়াট তারহীন দ্রুত চার্জিং সুবিধা।

সিগনেচার ২৭-এর আনুষ্ঠানিক উন্মোচনের তারিখ বা বিস্তারিত স্পেসিফিকেশন এখনো প্রকাশ করেনি মটোরোলা।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন