ক্রোমের র্যাম খরচ কমাতে কাজে দেবে যে ৩ কৌশল
কোনো ট্যাব বন্ধ বা নিষ্ক্রিয় না করেই গুগল ক্রোমের র্যাম ব্যবহার প্রায় ২৪ শতাংশ কমানো সম্ভব। অপ্রয়োজনীয় এক্সটেনশন সরানো, বিজ্ঞাপন বন্ধের এক্সটেনশন ব্যবহার এবং ব্রাউজারের এআই সুবিধা নিষ্ক্রিয় করে এ সাশ্রয় পেয়েছেন হাউ-টু গিকের লেখক দিবাকর ঘোষ।
হাউ-টু গিকের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রোমের র্যাম ব্যবহার কমানোর প্রচলিত বিভিন্ন কৌশল পরীক্ষা করে সবচেয়ে কার্যকর উপায়গুলো খুঁজেছেন তিনি। পরীক্ষায় ৩২ গিগাবাইট র্যামের কম্পিউটারে ক্রোমের পাশাপাশি স্ল্যাক, ডিসকর্ড ও ক্লডের মতো অ্যাপ চালু রাখা হয়। কম্পিউটারটি টানা দুই দিন চালু ছিল।
পরীক্ষার প্রস্তুতি যেভাবে
দৈনন্দিন ব্যবহারের পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরীক্ষাটি সাজানো হয়। কম্পিউটার পুনরায় চালু না করে ২০টির বেশি ওয়েবসাইটের ট্যাব খোলা হয়। এর মধ্যে ছিল জিমেইল, গুগল ডকস, শিটস, ড্রাইভ, ক্যালেন্ডার, ইউটিউব, স্পটিফাই, রেডিট, এক্স, লিংকডইন, হোয়াটসঅ্যাপ, অ্যামাজন, ক্লড ও চ্যাটজিপিটি।

প্রতিবার কোনো সেটিং পরিবর্তনের পর একই ওয়েবসাইটগুলো খুলে র্যাম ব্যবহার পরিমাপ করা হয়। এ জন্য উইন্ডোজ টাস্ক ম্যানেজার এবং ক্রোমের নিজস্ব টাস্ক ম্যানেজার ব্যবহার করেন লেখক। দ্বিতীয়টি চালু করতে কিবোর্ডে Shift ও Esc একসঙ্গে চাপতে হয়। এতে আলাদা ওয়েবসাইট ও প্রসেসের র্যাম ব্যবহার দেখা যায়।
সবচেয়ে বেশি র্যাম খরচ করে এক্সটেনশন
পরীক্ষায় দেখা যায়, ক্রোমের এক্সটেনশনগুলো উল্লেখযোগ্য পরিমাণ র্যাম ব্যবহার করে। অ্যাডোবি অ্যাক্রোব্যাট এক্সটেনশন একাই প্রায় ৫০০ মেগাবাইট র্যাম নিচ্ছিল। অথচ লেখক মাসে এক-দুবারের বেশি এটি ব্যবহার করেন না।

অব্যবহৃত এক্সটেনশন সরিয়ে এবং কদাচিৎ প্রয়োজন হয় এমন এক্সটেনশন নিষ্ক্রিয় করে শুধু নিয়মিত প্রয়োজনীয়গুলো চালু রাখেন তিনি। এতে ক্রোমের র্যাম ব্যবহার ৭ হাজার ৭৬৬ মেগাবাইট থেকে কমে ৭ হাজার ৭৭ মেগাবাইটে নেমে আসে। সাশ্রয় হয় প্রায় ৬৯০ মেগাবাইট বা ৯ শতাংশ। একই সঙ্গে প্রসেসের সংখ্যা ৭৭ থেকে কমে ৭০ হয়।
নতুন একটি এক্সটেনশনেও র্যাম সাশ্রয়
অপ্রয়োজনীয় এক্সটেনশন সরানোর পর র্যাম সাশ্রয়ের দ্বিতীয় কার্যকর কৌশল ছিল ইউব্লক অরিজিন লাইট ব্যবহার। এটি ওয়েবসাইটের বিজ্ঞাপন ও ব্যবহারকারীর কার্যক্রম অনুসরণকারী স্ক্রিপ্ট আটকে দেয়। ফলে বিজ্ঞাপন লোড ও চালাতে কম্পিউটারের র্যাম খরচ কমে যায়।

পরীক্ষায় একটি সংবাদ ওয়েবসাইটে শুধু একটি গুগল বিজ্ঞাপনের ফ্রেম প্রায় ২১৬ মেগাবাইট র্যাম ব্যবহার করছিল। ইউব্লক অরিজিন লাইট যুক্ত করার পর র্যাম ব্যবহার ৭ হাজার ৭৬৬ মেগাবাইট থেকে কমে ৭ হাজার ২৩৭ মেগাবাইট হয়। এতে ৫২৯ মেগাবাইট বা প্রায় ৭ শতাংশ সাশ্রয় হয়। প্রসেসের সংখ্যা ৭৭ থেকে কমে ৫৪-এ দাঁড়ায়।
এআই সুবিধা বন্ধ করেও র্যাম সাশ্রয়
ক্রোমের বিল্ট-ইন এআই সুবিধাগুলো নিষ্ক্রিয় করেও র্যাম ব্যবহার কমানো সম্ভব। নিয়মিত এসব সুবিধা ব্যবহার না করলে ‘সেটিংস’-এর ‘এআই ইনোভেশনস’ বিভাগ থেকে সব সুবিধা বন্ধ রাখা যায়। পরীক্ষায় এতে প্রায় ৩২৫ মেগাবাইট র্যাম সাশ্রয় হয়েছে।

তিনটি পরিবর্তন একসঙ্গে প্রয়োগের পর ক্রোমের র্যাম ব্যবহার ৭ হাজার ৭৬৬ মেগাবাইট থেকে কমে ৫ হাজার ৮৮২ মেগাবাইটে নেমে আসে। অর্থাৎ প্রায় ১ দশমিক ৯ গিগাবাইট বা ২৪ শতাংশ র্যাম সাশ্রয় হয়। একই সঙ্গে ব্রাউজারের প্রসেসের সংখ্যা ৭৭ থেকে কমে ৪৬-এ দাঁড়ায়।
অন্য কৌশলগুলো কতটা কার্যকর
ক্রোমের র্যাম ব্যবহার কমানোর প্রচলিত পরামর্শগুলোর একটি হলো ‘মেমোরি সেভার’ সুবিধা চালু করা। এটি দীর্ঘ সময় ব্যবহার না করা ট্যাব নিষ্ক্রিয় করে র্যাম খালি করে। তবে পরে ওই ট্যাবে ফিরলে ওয়েবপেজটি নতুন করে লোড হয়। ফলে ঘন ঘন ট্যাব পরিবর্তন করতে হলে ব্রাউজিংয়ে বিঘ্ন ঘটতে পারে।

‘সেটিংস’-এর ‘সিস্টেম’ বিভাগে থাকা ‘কন্টিনিউ রানিং ব্যাকগ্রাউন্ড অ্যাপস হোয়েন গুগল ক্রোম ইজ ক্লোজড’ সুবিধা বন্ধ রাখলে ব্রাউজার বন্ধের পরও কিছু প্রসেস চালু থাকার ঝুঁকি কমে। তবে ব্রাউজার ব্যবহারের সময় র্যাম সাশ্রয়ে এর সরাসরি প্রভাব নেই।
‘পেজ প্রিলোডিং’ বন্ধ করেও পরীক্ষায় উল্লেখযোগ্য পরিবর্তন পাওয়া যায়নি। এ সুবিধা ব্যবহারকারীর সম্ভাব্য পরবর্তী ভিজিটের ওয়েবপেজ আগেই লোড করে রাখে, যাতে সেগুলো দ্রুত খোলে। একইভাবে কুকিজ ও ক্যাশে মুছেও র্যাম সাশ্রয় হয়নি। কারণ, ক্রোমের ক্যাশে ফাইল মূলত কম্পিউটারের স্টোরেজে জমা থাকে, র্যামে নয়। বরং ক্যাশে মুছে ফেললে ওয়েবসাইটে আবার প্রবেশের সময় ফাইলগুলো নতুন করে নামাতে হয়।