ওয়াই-ফাই ৮ নিয়ে দেশের বাজারে টিপি-লিংকের নতুন যাত্রা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৯

ওয়াই-ফাই ৮ নিয়ে দেশের বাজারে টিপি-লিংকের নতুন যাত্রা

বাংলাদেশের বাজারে পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি ‘ওয়াই-ফাই ৮’ উন্মোচন করেছে নেটওয়ার্কিং প্রযুক্তি প্রতিষ্ঠান টিপি-লিংক। একই অনুষ্ঠানে নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রযুক্তি পেশাজীবীদের দক্ষতা বাড়াতে ‘ওমাডা এক্সপার্ট’ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গতকাল (১৭ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘টিপি-লিংক পার্টনার কানেক্ট ২০২৬’ অনুষ্ঠানে প্রযুক্তি দুটি উন্মোচন করা হয়। বাংলাদেশে টিপি-লিংকের জাতীয় পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিপি-লিংক সিস্টেমস ইনকরপোরেটেডের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সার্ক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং এবং এক্সেল টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা। এ ছাড়া দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক্সেল টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বিশ্বজুড়ে ওয়াই-ফাই ৮ প্রযুক্তির প্রসারের ক্ষেত্রে মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশ তৃতীয় দেশ হিসেবে এই মাইলফলক অর্জন করেছে। দেশের তথ্যপ্রযুক্তি খাতের জন্য এটি একটি উল্লেখযোগ্য অর্জন।

টিপি-লিংকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং বলেন, বাংলাদেশের যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী টিপি-লিংক। এ প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশের বাজারে নতুন প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্ভরযোগ্য সংযোগে গুরুত্ব

টিপি-লিংকের তথ্য অনুযায়ী, ওয়াই-ফাই ৮ প্রযুক্তির মূল লক্ষ্য ওয়্যারলেস সংযোগের নির্ভরযোগ্যতা, স্থিতিশীলতা ও ধারাবাহিক কর্মক্ষমতা বাড়ানো। ‘আল্ট্রা-হাই রিলায়েবিলিটি’ নীতির ভিত্তিতে তৈরি এ প্রযুক্তি ক্রমবর্ধমান ডিজিটাল পরিবেশে নিরবচ্ছিন্ন সংযোগ ও বিস্তৃত নেটওয়ার্ক সুবিধা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।

একই নেটওয়ার্কে একাধিক যন্ত্র যুক্ত থাকলেও সংযোগের স্থিতিশীলতা বজায় রাখা এবং বিভিন্ন ডিজিটাল সেবায় নির্ভরযোগ্য কর্মক্ষমতা নিশ্চিত করাও এ প্রযুক্তির লক্ষ্য।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার প্রযুক্তি পণ্য বিপণন ও পরিবেশক প্রতিষ্ঠানের তিন শতাধিক স্বত্বাধিকারী ও শীর্ষ কর্মকর্তা অংশ নেন।

দক্ষ জনবল তৈরিতে ওমাডা এক্সপার্ট

ওয়াই-ফাই ৮ উন্মোচনের পাশাপাশি ‘ওমাডা এক্সপার্ট’ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে টিপি-লিংক। সিস্টেম ইন্টিগ্রেটর, নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রযুক্তি অংশীদারদের দক্ষতা বাড়ানো এ কর্মসূচির লক্ষ্য।

এক্সেল টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, শুধু পণ্য বিক্রিতে সীমাবদ্ধ না থেকে দেশের তথ্যপ্রযুক্তি প্রকৌশলীদের দক্ষতা বাড়াতেও বিনিয়োগ করছে টিপি-লিংক।

কর্মসূচির আওতায় ‘ওমাডা এক্সপার্ট একাডেমি’ প্রযুক্তি পেশাজীবীদের কারিগরি প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় ও পেশাগত উন্নয়নের সুযোগ দেবে। এর মাধ্যমে দেশের এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং খাতে দক্ষ জনবল তৈরি এবং নেটওয়ার্ক ব্যবস্থাপনার সক্ষমতা বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে টিপি-লিংকের জাতীয় পরিবেশক এক্সেল টেকনোলজিস জানিয়েছে, স্থানীয় বাজারে আধুনিক নেটওয়ার্কিং প্রযুক্তি পৌঁছে দেওয়া, প্রযুক্তি অংশীদারদের সক্ষমতা বাড়ানো এবং দেশের প্রযুক্তি খাতের সম্প্রসারণে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন