নতুন ল্যাপটপ কেনার আগে জেনে নিন থান্ডারবোল্ট ৪ ও ৫-এর পার্থক্য

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৬:৩৬

নতুন ল্যাপটপ কেনার আগে জেনে নিন থান্ডারবোল্ট ৪ ও ৫-এর পার্থক্য

ইউএসবি-সি পোর্ট দেখতে একই রকম হলেও সব পোর্টের সক্ষমতা এক নয়। থান্ডারবোল্ট ৪ ও ৫ একই ইউএসবি-সি সংযোগব্যবস্থা ব্যবহার করলেও তথ্য স্থানান্তরের গতি, ডিসপ্লে ব্যবহারের সক্ষমতা এবং বিদ্যুৎ সরবরাহে রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য। বিশেষ করে একাধিক উচ্চ রেজল্যুশনের মনিটর ও দ্রুতগতির স্টোরেজ একসঙ্গে ব্যবহারের ক্ষেত্রে থান্ডারবোল্ট ৫ বেশি সুবিধা দিতে পারে।

স্ল্যাশগিয়ারের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টেল ও অ্যাপল যৌথভাবে থান্ডারবোল্ট সংযোগপ্রযুক্তির উন্নয়ন করেছে। ২০২০ সালে আসা থান্ডারবোল্ট ৪ এখনো অনেক উন্নত ল্যাপটপে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে, ২০২৪ সাল থেকে প্রিমিয়াম ল্যাপটপ ও আনুষঙ্গিক যন্ত্রে থান্ডারবোল্ট ৫ যুক্ত হতে শুরু করেছে।

দুই সংস্করণেই একই ইউএসবি-সি সংযোগকারী থাকায় শুধু পোর্ট দেখে পার্থক্য বোঝা কঠিন। অনেক নির্মাতা পোর্টের পাশে বজ্রচিহ্ন দিলেও সংস্করণ নম্বর উল্লেখ করে না। তাই কোনো যন্ত্রে কোন সংস্করণ রয়েছে, তা জানতে নির্মাতার ওয়েবসাইটে দেওয়া পণ্যের বৈশিষ্ট্য বা ব্যবহারবিধি দেখতে হবে। সর্বোচ্চ সুবিধা পেতে পোর্ট, কেবল ও সংযুক্ত যন্ত্র, তিনটিই একই থান্ডারবোল্ট সংস্করণ সমর্থন করা প্রয়োজন।

তথ্য স্থানান্তরের গতিতে বড় পার্থক্য

থান্ডারবোল্ট ৪-এর দ্বিমুখী তথ্য স্থানান্তরের সর্বোচ্চ ব্যান্ডউইডথ ৪০ গিগাবিট প্রতি সেকেন্ড। থান্ডারবোল্ট ৫-এ তা বেড়ে হয়েছে ৮০ গিগাবিট প্রতি সেকেন্ড। সাধারণ ব্যবহারকারীদের জন্য থান্ডারবোল্ট ৪ যথেষ্ট হলেও একই ডকে একাধিক উচ্চ রেজল্যুশনের মনিটর ও দ্রুতগতির এসএসডি যুক্ত করলে থান্ডারবোল্ট ৫-এর বাড়তি ব্যান্ডউইডথ কাজে আসে।

থান্ডারবোল্ট ৫-এ ‘ব্যান্ডউইডথ বুস্ট’ নামে নতুন সুবিধা রয়েছে। প্রয়োজন অনুযায়ী এটি একদিকে সর্বোচ্চ ১২০ গিগাবিট প্রতি সেকেন্ড গতিতে তথ্য স্থানান্তরের সুযোগ দেয়। বিপরীত দিকে তখন ৪০ গিগাবিট প্রতি সেকেন্ড গতি বজায় থাকে। ফলে একাধিক উচ্চ রেজল্যুশনের মনিটর ব্যবহারের ক্ষেত্রে থান্ডারবোল্ট ৪-এর তুলনায় সর্বোচ্চ তিন গুণ বেশি ভিডিও ব্যান্ডউইডথ পাওয়া যায়।

ডিসপ্লে ব্যবহারের সক্ষমতাতেও পার্থক্য রয়েছে। থান্ডারবোল্ট ৪ দিয়ে সর্বোচ্চ ৬০ হার্টজ গতিতে দুটি ৪কে ডিসপ্লে অথবা একটি ৮কে ডিসপ্লে চালানো যায়। অন্যদিকে, থান্ডারবোল্ট ৫ দিয়ে ১৪৪ হার্টজ গতিতে তিনটি ৪কে ডিসপ্লে অথবা ৬০ হার্টজ গতিতে দুটি ৮কে মনিটর ব্যবহার করা সম্ভব।

বাহ্যিক গ্রাফিকস কার্ড ব্যবহারের ক্ষেত্রেও থান্ডারবোল্ট ৫ এগিয়ে। এতে পিসিআই এক্সপ্রেস ব্যান্ডউইডথ ৬৪ গিগাবিট প্রতি সেকেন্ড, যা থান্ডারবোল্ট ৪-এর ৩২ গিগাবিটের দ্বিগুণ। ফলে বাহ্যিক গ্রাফিকস কার্ডের তথ্য আদান-প্রদানের সীমাবদ্ধতা কমিয়ে এর কার্যক্ষমতা আরও ভালোভাবে কাজে লাগানো সম্ভব।

বিদ্যুৎ সরবরাহেও উন্নতি থান্ডারবোল্ট ৫-এ

থান্ডারবোল্ট ৪ পোর্ট দিয়ে চার্জ হয় এমন ল্যাপটপে সর্বোচ্চ ১০০ ওয়াট বিদ্যুৎ সরবরাহের সমর্থন থাকতে হয়। থান্ডারবোল্ট ৫-এ এ সীমা বেড়ে হয়েছে ১৪০ ওয়াট। তবে প্রযুক্তিটি সর্বোচ্চ ২৪০ ওয়াট পর্যন্ত ইউএসবি পাওয়ার ডেলিভারি সমর্থন করতে পারে।

ল্যাপটপ কত দ্রুত চার্জ হবে, তা নির্মাতার নকশা, চার্জার ও ব্যবহৃত ইউএসবি-সি কেবলের ওপর নির্ভর করে। উভয় সংস্করণেই সংযুক্ত আনুষঙ্গিক যন্ত্রে অন্তত ১৫ ওয়াট বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা থাকতে হয়।

ডিসপ্লে সংযোগের ক্ষেত্রেও থান্ডারবোল্ট ৫-এ উন্নতি এসেছে। থান্ডারবোল্ট ৪-এর ডিসপ্লেপোর্ট ১.৪-এর পরিবর্তে এতে ডিসপ্লেপোর্ট ২.১ ব্যবহার করা হয়েছে। ফলে বেশি রেজল্যুশন ও রিফ্রেশ রেটের ডিসপ্লে চালানো সম্ভব।

তবে ব্যবহারকারীর থান্ডারবোল্ট ৫ প্রয়োজন কি না, তা নির্ভর করে তার কাজের ধরন ও সংযুক্ত যন্ত্রের ওপর। ল্যাপটপে থান্ডারবোল্ট ৫ থাকলেও শুধু নতুন ইউএসবি-সি কেবল কিনলে কার্যক্ষমতা বাড়বে না। ডকিং স্টেশন ও অন্যান্য সংযুক্ত যন্ত্রকেও থান্ডারবোল্ট ৫ সমর্থন করতে হবে।

সুখবর হলো, থান্ডারবোল্ট ৫ আগের সংস্করণগুলোর সঙ্গেও কাজ করতে পারে। ফলে নতুন ল্যাপটপ কেনার সময় পুরোনো মনিটর বা আনুষঙ্গিক যন্ত্রের সঙ্গে সামঞ্জস্য নিয়ে অতিরিক্ত চিন্তার প্রয়োজন নেই।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন