কয়েক ঘণ্টার বিভ্রাটের পর স্বাভাবিক অ্যামাজন ওয়েব সার্ভিস
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে অ্যামাজন ওয়েব সার্ভিসের (এডাব্লিউএস) ইউএস-ইস্ট-১ অঞ্চলে কয়েক ঘণ্টার বিভ্রাটের পর সেবা স্বাভাবিক হয়েছে। গত ১৫ নভেম্বরের এ ঘটনায় নতুন অ্যাকাউন্ট খোলা, ব্যবহারকারীর পরিচয় যাচাই এবং নেটওয়ার্ক সংযোগে সমস্যা দেখা দেয়। এতে কয়েক ঘণ্টা ভোগান্তিতে পড়েন বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাহকেরা।
সাইবার সিকিউরিটি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৩টা ৫ মিনিটে বিভ্রাট শুরু হয়। পাঁচ মিনিটের মধ্যে অ্যামাজন ওয়েব সার্ভিসের প্রকৌশলীরা সমস্যা সমাধানে কাজ শুরু করেন। প্রথমে অ্যাকাউন্টে প্রবেশ ও পরিচয় যাচাইসংক্রান্ত সমস্যা দেখা দেয়। এতে আইএএম আইডেন্টিটি সেন্টার ব্যবহার করে এডাব্লিউএস কনসোলে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েন গ্রাহকেরা। কিরো ও অ্যামাজন কানেক্ট সেবাও প্রভাবিত হয়। নতুন অ্যাকাউন্ট খোলার অনুরোধও ব্যর্থ হচ্ছিল।
অ্যামাজন ওয়েব সার্ভিসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে পরিচয় যাচাইসংক্রান্ত সমস্যা সমাধান হয়। এ সময় অধিকাংশ প্রভাবিত সেবাও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তবে নেটওয়ার্ক লোড ব্যালান্সার ব্যবহারকারী কিছু গ্রাহকের সংযোগ সমস্যা থেকে যায়।
ওই গ্রাহকদের নেটওয়ার্ক সংযোগ পুরোপুরি স্বাভাবিক হয় ভোর ৬টা ২১ মিনিটে। অ্যামাজন ওয়েব সার্ভিসের চূড়ান্ত বিবৃতিতে প্রধান বিভ্রাটের সময়সীমা ভোর ৩টা ৫ মিনিট থেকে ৬টা ১০ মিনিট উল্লেখ করা হলেও নেটওয়ার্ক লোড ব্যালান্সারের শেষ সমস্যাটি সমাধানের সময় আলাদাভাবে ৬টা ২১ মিনিট জানানো হয়। ব্যর্থ অনুরোধগুলো আবার পাঠানোর পরামর্শ দিয়ে প্রতিষ্ঠানটি জানায়, সব সেবা স্বাভাবিকভাবে চলছে।
এর আগে একই অঞ্চলে একাধিকবার সমস্যা দেখা গেছে। ২০২৫ সালের অক্টোবরে ইউএস-ইস্ট-১ অঞ্চলে ইসি২ সেবা চালু করতে দেরি হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কনটেইনার সেবাও বিঘ্নিত হয়েছিল। তবে আগের ঘটনার সঙ্গে এবারের বিভ্রাটের কোনো যোগসূত্র পাওয়া যায়নি।
এ ছাড়া সম্প্রতি মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন সেবায়ও বড় ধরনের বিভ্রাট দেখা দেয়। এতে এক্সচেঞ্জ অনলাইন, টিমস, শেয়ারপয়েন্ট, কোপাইলট ও ডিফেন্ডার এক্সডিআরের মতো সেবা ব্যাহত হয়।
সর্বশেষ বিভ্রাটের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি অ্যামাজন ওয়েব সার্ভিস। প্রতিষ্ঠানটির বিবৃতিতে পরিচয় যাচাই ও নেটওয়ার্ক সংযোগের সমস্যার কথা বলা হয়েছে। সাইবার হামলা বা নিরাপত্তা লঙ্ঘনের কোনো প্রমাণও প্রকাশ করা হয়নি।