ওয়ান সিটিজেন ওয়ান আইডি চালুতে গতি আনতে চায় সরকার

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৩:১৬

ওয়ান সিটিজেন ওয়ান আইডি চালুতে গতি আনতে চায় সরকার

এস্তোনিয়ার অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা কাজে লাগিয়ে ডিজিটাল পাবলিক অবকাঠামো (ডিপিআই) এবং ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ বাস্তবায়ন ত্বরান্বিত করতে চায় বাংলাদেশ। এ উদ্যোগের মাধ্যমে নাগরিকদের জন্য সমন্বিত ডিজিটাল সেবা নিশ্চিত করার পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থার তথ্যব্যবস্থার মধ্যে সংযোগ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বুধবার (১৮ নভেম্বর) সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসন। আইসিটি বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে ডিজিটাল রূপান্তর, তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা এবং সরকারি সেবার আন্তঃসংযোগ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী বলেন, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর জন্য সমন্বিত ডিজিটাল সেবা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। তবে সরকারের রাজনৈতিক অঙ্গীকার, প্রযুক্তিগত সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তা মোকাবিলা সম্ভব। ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ বাস্তবায়নে সরকার আন্তরিক এবং যত দ্রুত সম্ভব উদ্যোগটি কার্যকর করতে কাজ করছে। এ ক্ষেত্রে এস্তোনিয়ার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মন্ত্রী আরও জানান, এস্তোনিয়া সফরে বাংলাদেশের কর্মকর্তারা দেশটির ডিজিটাল প্রশাসন, নাগরিক পরিচয় ব্যবস্থাপনা এবং সরকারি সেবার মধ্যে সংযোগ স্থাপনের অভিজ্ঞতা অর্জন করেছেন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমি এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ডিজিটাল রূপান্তরের ভিত্তি শক্তিশালী করতে প্রকল্পটি সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ কাজে এস্তোনিয়ার বিশেষজ্ঞ সহায়তা অব্যাহত রাখার আহ্বানও জানান মন্ত্রী।

এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসন বলেন, ডিজিটাল প্রশাসন ও ই-গভর্ন্যান্সে এস্তোনিয়ার অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ে তার দেশ আগ্রহী। চলমান প্রকল্পের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি এস্তোনিয়ার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশের বাজারে কাজের সুযোগ তৈরির বিষয়েও আগ্রহ জানান তিনি।

রাষ্ট্রদূত আরও বলেন, এস্তোনিয়ার ডিজিটাল সেবা ও বিভিন্ন ব্যবস্থার মধ্যে তথ্য আদান-প্রদানের কাঠামো গড়ে তুলতে সরকারি নেতৃত্বের পাশাপাশি বেসরকারি খাতও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নেও সরকারি-বেসরকারি অংশীদারত্ব প্রয়োজন।

সাক্ষাতে আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ এবং জাতীয় আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো গড়ে তুলতে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটি গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে।

তিনি আরও জানান, জাতীয় ডেটা গভর্ন্যান্স আইন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন এবং সাইবার নিরাপত্তা আইন এ উদ্যোগ বাস্তবায়নের আইনি ভিত্তি তৈরি করেছে। জাতীয় ডেটা গভর্ন্যান্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগও প্রক্রিয়াধীন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এ কর্তৃপক্ষ গঠিত হলে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও তথ্য ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে তৈরি পোশাক, ওষুধ, জাহাজ নির্মাণ, চামড়াজাত পণ্য ও জুতা শিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। মন্ত্রী বলেন, এসব খাতে রপ্তানি বহুমুখীকরণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে।

এ সময় আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন