গাড়িতে জেমিনি ব্যবহারের আগে যেসব সেটিংস পরিবর্তন জরুরি
গাড়িতে অ্যান্ড্রয়েড অটো ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য যাত্রীদের সামনে প্রকাশের ঝুঁকি তৈরি হতে পারে জেমিনির নতুন সুবিধার কারণে। জিমেইল, গুগল ক্যালেন্ডার, গুগল ফটোজ ও ম্যাপসের তথ্য ব্যবহার করে ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে পারে এআই সহকারীটি। তাই অন্য কেউ গাড়িতে ওঠার আগে কয়েকটি গোপনীয়তা সেটিংস যাচাই করার পরামর্শ দিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ।
অ্যান্ড্রয়েড পুলিশের ১৪ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, গত ২০ অক্টোবর থেকে গাড়িতে জেমিনির জন্য পারসোনাল ইন্টেলিজেন্স সুবিধা চালু করতে শুরু করেছে গুগল। ব্যবহারকারীর অনুমতি থাকলে এ সুবিধার মাধ্যমে জেমিনি জিমেইল, গুগল ক্যালেন্ডার, গুগল ফটোজ, ম্যাপস, ইউটিউব ও গুগল সার্চের তথ্য ব্যবহার করতে পারে। যেমন, উড়োজাহাজের টিকিটের ই-মেইল থেকে ফ্লাইটের গেট নম্বর জানানো কিংবা ক্যালেন্ডারে থাকা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টের ঠিকানা খুঁজে দিতে পারে।
তবে গাড়িতে অন্য যাত্রী থাকলে ব্যক্তিগত তথ্য কথোপকথন বা গাড়ির স্পিকারে প্রকাশ পাওয়ার আশঙ্কা রয়েছে। এ ঝুঁকি কমাতে কয়েকটি সেটিংস পরিবর্তন করা যেতে পারে।
পারসোনাল ইন্টেলিজেন্স বন্ধ রাখুন
সবচেয়ে সহজ উপায় হলো জেমিনি অ্যাপ থেকে পারসোনাল ইন্টেলিজেন্স বন্ধ রাখা। এ জন্য অ্যাপের মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড হেল্প’ এবং এরপর ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ অপশনে গিয়ে মূল সুইচটি বন্ধ করতে হবে। এ সুবিধা বন্ধ করলেও গাড়িতে নেভিগেশন, গান শোনা, ফোনকল কিংবা সাধারণ প্রশ্নের উত্তর পাওয়ার মতো কাজগুলো চালু থাকবে। শুধু ব্যক্তিগত অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে উত্তর দেওয়ার সুবিধা বন্ধ হবে।

পারসোনাল ইন্টেলিজেন্স ব্যবহারের জন্য ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট এবং ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। ওয়ার্কস্পেসের ব্যবসায়িক, প্রাতিষ্ঠানিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাকাউন্টে সুবিধাটি পাওয়া যায় না। ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও নাইজেরিয়াতেও এটি চালু হয়নি।
প্রয়োজনীয় অ্যাপের সংযোগ রাখুন
সব ব্যক্তিগত তথ্য ব্যবহারের সুবিধা বন্ধ করতে না চাইলে কোন কোন অ্যাপের তথ্য জেমিনি ব্যবহার করতে পারবে, তা বেছে নেওয়া যায়। এ জন্য জেমিনি অ্যাপের ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ থেকে ‘কানেক্টেড অ্যাপস’ অপশনে যেতে হবে। গুগল ওয়ার্কস্পেসের একটি সুইচের আওতায় জিমেইল, গুগল ড্রাইভ, ক্যালেন্ডার, কিপ ও টাস্কসের তথ্য ব্যবহারের অনুমতি থাকে। ফলে ই-মেইল ও ক্যালেন্ডারের তথ্য আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায় না। ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় গুগল ফটোজের সংযোগও বন্ধ রাখার পরামর্শ দিয়েছে অ্যান্ড্রয়েড পুলিশ।

অন্যদিকে, গাড়িতে পথনির্দেশনা ও পছন্দের গান খুঁজতে গুগল ম্যাপস ও ইউটিউবের সংযোগ চালু রাখা যেতে পারে।
ভয়েস ম্যাচ নতুন করে প্রশিক্ষণ দিন
গাড়ির ভেতরে থাকা সবাই ‘হেই গুগল’ বললেই সহকারীটি সক্রিয় হতে পারে। ভয়েস ম্যাচ ঠিকভাবে কাজ না করলে যাত্রীর কণ্ঠেও জেমিনি সাড়া দিতে পারে। ফলে অনিচ্ছাকৃতভাবে ব্যক্তিগত তথ্য জানতে চাওয়ার সুযোগ তৈরি হয়।

এ ঝুঁকি কমাতে জেমিনি অ্যাপের প্রোফাইল ছবি থেকে ‘সেটিংস’ এবং ‘টক টু জেমিনি হ্যান্ডস-ফ্রি’ অপশনে গিয়ে নিজের কণ্ঠের নমুনা নতুন করে প্রশিক্ষণ দেওয়া যায়। কিছু ফোনে সেটিংসটির নাম ‘হেই গুগল অ্যান্ড ভয়েস ম্যাচ’।
গাড়ির ডিসপ্লেতে বার্তার নোটিফিকেশন বন্ধ করুন
ব্যক্তিগত তথ্য প্রকাশের ঝুঁকি শুধু এআইয়ের কারণে তৈরি হয় না। অ্যান্ড্রয়েড অটোতে সাধারণত নতুন বার্তার নোটিফিকেশন গাড়ির ডিসপ্লেতে দেখা যায়। পাশাপাশি বার্তাগুলো শব্দ করে পড়ে শোনানোর সুবিধাও রয়েছে।
যাত্রীদের সামনে ব্যক্তিগত বার্তা প্রকাশ ঠেকাতে ফোনের অ্যান্ড্রয়েড অটো সেটিংসে গিয়ে ‘নোটিফিকেশন’ থেকে ‘শো মেসেজ নোটিফিকেশনস’ অপশনটি বন্ধ রাখতে হবে।