একের পর এক সেবা বিভ্রাটের তালিকায় এবার অ্যাপল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৪:৪৪

একের পর এক সেবা বিভ্রাটের তালিকায় এবার অ্যাপল

অভ্যন্তরীণ প্রযুক্তিব্যবস্থার হালনাগাদ করতে গিয়ে বিভ্রাটে পড়েছে অ্যাপলের একাধিক সেবা। এতে আইক্লাউড ও অ্যাপল পের মতো গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত হয়। সমস্যা সমাধানে কাজ করছে প্রতিষ্ঠানটি। তবে সাইবার হামলার কারণে এ বিভ্রাট ঘটেনি বলে জানিয়েছে অ্যাপল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার অ্যাপল জানায়, তাদের বেশ কিছু ব্যবস্থা ইতোমধ্যে সচল হয়েছে। বাকি সেবাগুলোও দ্রুত স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এক মুখপাত্র।

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে অ্যাপল পেতে সমস্যা নিয়ে প্রায় ২ হাজার ৩০০টি অভিযোগ জমা পড়ে ডাউনডিটেক্টরে। অনলাইন সেবার বিভ্রাট শনাক্তকারী এ ওয়েবসাইটটি বিভিন্ন সূত্র থেকে পাওয়া ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে তথ্য প্রকাশ করে। তবে প্রকৃতপক্ষে কতজন ব্যবহারকারী সমস্যায় পড়েছেন, তা এই সংখ্যার সঙ্গে নাও মিলতে পারে।

বিভ্রাটের সর্বোচ্চ পর্যায়ে যুক্তরাষ্ট্রে আইক্লাউড নিয়ে প্রায় ১ হাজার ৮০০টি অভিযোগ নথিভুক্ত করে ডাউনডিটেক্টর।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে একের পর এক প্রযুক্তিগত বিভ্রাটের ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে মাইক্রোসফটের বৈশ্বিক সেবায় সমস্যা, দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) নেটওয়ার্কে ত্রুটি, ইউনাইটেড এয়ারলাইনসের প্রযুক্তিগত সমস্যা এবং জেপিমরগান চেজের সফটওয়্যারজনিত ত্রুটি। এসব ঘটনায় বিমান চলাচল ও ব্যাংকিং সেবাও বিঘ্নিত হয়েছিল।

তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তারা এসব ঘটনার সঙ্গে সাইবার হামলার কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছেন।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন