অ্যান্ড্রয়েড ফোনে কম্পিউটারের অভিজ্ঞতা পাবেন যেভাবে
স্মার্টফোনেই কম্পিউটারের মতো কাজ করার সুযোগ দিচ্ছে ‘ডেক্সটপ’ নামের একটি বিনা মূল্যের অ্যাপ। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লেতে একাধিক অ্যাপ আলাদা উইন্ডোতে চালানো, উইন্ডোর আকার পরিবর্তন এবং কাজের ধরন অনুযায়ী সাজানো কর্মপরিবেশ সংরক্ষণ করা যায়। এ জন্য আলাদা কম্পিউটার বা মনিটরের প্রয়োজন হয় না।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেক ইউজ অবের ১২ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাংয়ের ডেক্স সুবিধার মতোই ডেক্সটপ অ্যাপটি ফোনে কম্পিউটারের অভিজ্ঞতা তৈরি করে। তবে স্যামসাং ডেক্স ব্যবহারের জন্য আলাদা মনিটর প্রয়োজন হলেও ডেক্সটপ সরাসরি ফোনের ডিসপ্লেতেই ভার্চ্যুয়াল ডেস্কটপ তৈরি করে।
ফোনের ডিসপ্লেতেই ভার্চ্যুয়াল ডেস্কটপ
ডেক্সটপ অ্যাপটি অ্যান্ড্রয়েডের নিজস্ব সিস্টেম সেবা ব্যবহার করে ভার্চ্যুয়াল ডিসপ্লে তৈরি করে। অ্যাপ চালু করা, উইন্ডোর অবস্থান নির্ধারণ, টাচেরমাধ্যমে নিয়ন্ত্রণ এবং ডিসপ্লের দিক পরিবর্তনের কাজ পরিচালনায় এটি স্টেলার অথবা শিজুকু ব্যবহার করে।

অ্যাপটিতে ভার্চ্যুয়াল ডিসপ্লের রেজল্যুশন, ডেনসিটি ও দিক নির্ধারণ করা যায়। এতে চালু করা অ্যাপগুলো আলাদা উইন্ডোতে দেখা যায় এবং কম্পিউটারের মতো ইচ্ছামতো সাজানো যায়। পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ ও ১৮০ ডিগ্রি ঘোরানো, তিন ধরনের ডিসপ্লে বিন্যাসই সমর্থন করে অ্যাপটি।
একই সঙ্গে একাধিক অ্যাপের উইন্ডোর অবস্থানসহ পুরো কর্মপরিবেশ সংরক্ষণ করা যায়। পরে এক ট্যাপেই আগের বিন্যাস ফিরিয়ে আনা সম্ভব। যেমন, কাজের সময় ব্রাউজার, নোট নেওয়ার অ্যাপ ও ভিডিও প্লেয়ার একসঙ্গে সাজিয়ে রাখলে সেটি সংরক্ষণ করে পরবর্তী সময়ে আবার ব্যবহার করা যাবে।
ডেক্সটপে দুই, তিন ও চার ভাগে ডিসপ্লে সাজানোর সুবিধা রয়েছে। সংরক্ষিত কর্মপরিবেশ জেসন ফাইল হিসেবেও আমদানি ও রপ্তানি করা যায়।
টাচ, মাউস ও কিবোর্ডে নিয়ন্ত্রণ
ডেক্সটপ শুধু টাচনির্ভর নয়। এতে সরাসরি টাচ, ভার্চ্যুয়াল টাচপ্যাড, ভার্চ্যুয়াল মাউস এবং সফটওয়্যার কার্সর ব্যবহারের সুবিধা রয়েছে। ফলে ডান ক্লিক, টেনে সরানো, দুই আঙুল দিয়ে স্ক্রল এবং জুম করার মতো কাজ করা যায়। সমর্থিত ফোনে আলাদা মাউস ও কিবোর্ডও যুক্ত করা সম্ভব।
ফোনের প্রান্ত থেকে তিন আঙুল দিয়ে সোয়াইপ করলে একটি নিয়ন্ত্রণ প্যানেল চালু হয়। সেখান থেকে ইনপুট পদ্ধতি বদলানো, উজ্জ্বলতা ও শব্দের মাত্রা নিয়ন্ত্রণ, রেজল্যুশন পরিবর্তন এবং চালু থাকা অ্যাপ বন্ধ না করেই ডেক্সটপ সেশন শেষ করা যায়।

ভাঁজযোগ্য ফোনের ব্যবহারকারীদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা। গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের ফোন অর্ধেক ভাঁজ করে রাখলে ওপরের অংশে ডেস্কটপ এবং নিচের অংশে কিবোর্ড ও ট্র্যাকপ্যাড ব্যবহার করা যায়। গুগল কাস্টের মাধ্যমে ডেস্কটপের দৃশ্য অন্য ডিসপ্লেতে পাঠানো এবং শুধু ডেক্সটপের কার্যক্রম রেকর্ড করার সুবিধাও রয়েছে বলে গুগল প্লে স্টোরের বিবরণে উল্লেখ করা হয়েছে।
সব অ্যান্ড্রয়েড ফোনে কাজ করবে না
ডেক্সটপ অ্যাপটি স্যামসাং গ্যালাক্সি ফোনে সবচেয়ে ভালো কাজ করে। তবে অন্য ব্র্যান্ডের ফোনে এর কার্যকারিতা সীমিত। অ্যাপটির গিটহাবের তথ্য অনুযায়ী, পিক্সেল ৮ ও পরবর্তী মডেলে এটি ব্যবহার করা যায়। তবে এসব ফোনে সব সুবিধা পুরোপুরি কাজ করে না। গুগল পিক্সেল ৯এ আংশিক সমর্থিত এবং সনি এক্সপেরিয়া ১ থ্রি মডেলে অ্যাপটি সমর্থিত নয়।
তাই স্যামসাং ছাড়া অন্য ব্র্যান্ডের ফোনে অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রতিবেদক। বিশেষ করে সাম্প্রতিক পিক্সেল ফোনের সঙ্গে আলাদা মনিটর থাকলে গুগলের নিজস্ব ডেস্কটপ মোড ব্যবহারকে তুলনামূলক নিরাপদ বিকল্প হিসেবে উল্লেখ করা হয়েছে। পিক্সেল ৮ ও পরবর্তী মডেলে এ সুবিধা পাওয়া যায়।
যেভাবে ফোনে ডেক্সটপ চালু করবেন
ডেক্সটপ ব্যবহারের জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করতে হবে। এর পাশাপাশি শিজুকু অথবা স্টেলার চালু রাখতে হবে। অ্যান্ড্রয়েড ১৬ বা পরবর্তী সংস্করণে স্টেলার ব্যবহারের পরামর্শ দিয়েছেন অ্যাপটির নির্মাতা। ডেক্সটপ অ্যাপের মধ্যেই গিটহাব থেকে স্টেলার ডাউনলোড করার বোতাম রয়েছে। এরপর ফোনের সেটিংস থেকে ডেভেলপার অপশন চালু করে সেখানে ওয়্যারলেস ডিবাগিং সক্রিয় করতে হবে। শিজুকু ব্যবহার করলে অ্যাপটি খুলে পেয়ারিং বোতামে চাপ দিতে হবে। এরপর ফোনের নোটিফিকেশন প্যানেলে পাওয়া কোড দিয়ে সংযোগ সম্পন্ন করতে হবে।

তবে প্রতিবার ফোন রিস্টার্ট করার পর শিজুকুর পেয়ারিং প্রক্রিয়া আবার সম্পন্ন করতে হবে। সবশেষে ডেক্সটপ অ্যাপে পছন্দের রেজল্যুশন ও ডিসপ্লের দিক নির্বাচন করে ‘স্টার্ট’ বোতামে চাপ দিতে হবে। পূর্ণ সুবিধা পেতে অ্যাপটি যেসব অনুমতি চাইবে, সেগুলোও দিতে হবে।
বিনা মূল্যে মিলবে বাড়তি সুবিধা
মেকইউজঅফের প্রতিবেদক সাগর নরেশের মতে, সাম্প্রতিক মডেলের স্যামসাং গ্যালাক্সি ফোন, বিশেষ করে ভাঁজযোগ্য ফোনে ডেক্সটপের অভিজ্ঞতা ভালো পাওয়া যাবে। বাড়তি কোনো যন্ত্র ছাড়াই একাধিক অ্যাপ নিয়ে কম্পিউটারের মতো কাজ করার সুযোগ তৈরি করে অ্যাপটি।
তবে ডেক্সটপ অ্যাপটি ল্যাপটপ বা পূর্ণাঙ্গ কম্পিউটারের বিকল্প নয়। বরং স্মার্টফোনের সক্ষমতা আরও কাজে লাগানোর একটি উপায়। যারা আগে থেকেই স্যামসাং ডেক্স ব্যবহার করেন, তাদের জন্য এটি ফোনে ডেস্কটপ অভিজ্ঞতা পাওয়ার বাড়তি সুযোগ তৈরি করতে পারে।