সামাজিক যোগাযোগমাধ্যমের ভাগ্য গণনার বিজ্ঞাপন কতটা নিরাপদ?
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এমন বিজ্ঞাপন দেখা যাচ্ছে, যেখানে জন্মতারিখ লিখে ভবিষ্যৎ, ভাগ্য, প্রেম, বিয়ে কিংবা আর্থিক অবস্থা সম্পর্কে জানার প্রলোভন দেখানো হচ্ছে। কৌতূহল থেকে অনেকেই এসব বিজ্ঞাপনে প্রবেশ করে নিজের জন্মতারিখ, জন্মসালসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য দিচ্ছেন। তবে বিনোদনের আড়ালে এসব ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে বিজ্ঞাপন, বিপণন কিংবা অন্য কাজে ব্যবহার করতে পারে। কিছু ক্ষেত্রে এসব তথ্য প্রতারণার হাতিয়ারও হয়ে উঠতে পারে।
কীভাবে সংগ্রহ করা হচ্ছে ব্যক্তিগত তথ্য
এ ধরনের বিজ্ঞাপন সাধারণত মানুষের কৌতূহল ও ভবিষ্যৎ জানার আগ্রহকে কাজে লাগায়। কোনো ওয়েবসাইটে প্রবেশের পর ব্যবহারকারীকে জন্মতারিখ, জন্মমাস ও জন্মসাল দিতে বলা হয়। কিছু ক্ষেত্রে জন্মের সময়, জন্মস্থান, নাম, ই-মেইল ঠিকানা ও ফোন নম্বরও চাওয়া হয়।
তথ্য দেওয়ার পর ব্যবহারকারীকে একটি স্বয়ংক্রিয় ভবিষ্যদ্বাণী দেখানো হয়। কিন্তু এর পাশাপাশি ওয়েবসাইটটি ব্যবহারকারীর দেওয়া তথ্য সংরক্ষণ করতে পারে। এমনকি ওয়েবসাইটে প্রবেশের সময় আইপি ঠিকানা, ব্রাউজারের ধরন, ডিভাইসের তথ্য এবং ব্যবহারকারীর কার্যক্রম সম্পর্কিত তথ্যও সংগ্রহ করা সম্ভব।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) ২০২৩ সালের ১১ জানুয়ারি প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, অনলাইন কুইজের মাধ্যমে প্রতারকেরা এমন কিছু ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে, যেগুলো বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তা প্রশ্নের উত্তর হিসেবেও ব্যবহৃত হয়। এসব তথ্য কাজে লাগিয়ে অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ কিংবা পরিচয় চুরির চেষ্টা করা সম্ভব।
কোন কোন অ্যাপ সংগ্রহ করছে ব্যবহারকারীর তথ্য
জ্যোতিষ, রাশিফল ও ভবিষ্যদ্বাণীভিত্তিক বিভিন্ন অ্যাপ ব্যবহারকারীর জন্মসংক্রান্ত তথ্যের পাশাপাশি অন্যান্য ব্যক্তিগত তথ্যও সংগ্রহ করে। ২০২৫ সালের ২০ মে প্রকাশিত সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সার্ফশার্কের এক গবেষণায় আইফোনের অ্যাপ স্টোরে থাকা জনপ্রিয় ১০টি জ্যোতিষ অ্যাপের তথ্য সংগ্রহ ও গোপনীয়তা নীতিমালা বিশ্লেষণ করা হয়।
গবেষণায় দেখা যায়, বিশ্লেষণ করা সব অ্যাপই ব্যবহারকারীর কোনো না কোনো ধরনের তথ্য সংগ্রহ করে। এর মধ্যে পাঁচটি অ্যাপ ব্যবহারকারীর তথ্য তৃতীয় পক্ষের সঙ্গে ভাগাভাগি বা বিজ্ঞাপনের উদ্দেশ্যে ট্র্যাক করার সঙ্গে যুক্ত। অ্যাপগুলো হলো:
১. নেবুলা (Nebula): ব্যবহারকারীর নাম, অবস্থান, ই-মেইল ঠিকানা, কেনাকাটার ইতিহাস ও বিজ্ঞাপনসংক্রান্ত তথ্যসহ বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে। গবেষণায় অ্যাপটিকে সবচেয়ে বেশি তথ্য সংগ্রহকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
২. লুনা (Luna): অ্যাপ ব্যবহারের কার্যক্রম ও বিজ্ঞাপনসংক্রান্ত তথ্য সংগ্রহ করে। গবেষণায় এসব তথ্য ট্র্যাক করার বিষয় উঠে এসেছে।
৩. অ্যাস্ট্রোক্লাব (AstroClub): ব্যবহারকারীর ডিভাইস শনাক্তকরণসংক্রান্ত তথ্য সংগ্রহ করে। গবেষণায় তথ্যটি তৃতীয় পক্ষের সঙ্গে ভাগাভাগি বা বিজ্ঞাপনের উদ্দেশ্যে ব্যবহারের বিষয় উল্লেখ করা হয়েছে।
৪. অ্যাস্ট্রোটক (Astrotalk): অ্যাপ ব্যবহারের সময় ডিভাইস শনাক্তকরণ ও ব্যবহারসংক্রান্ত তথ্য সংগ্রহ করে। গবেষণায় এসব তথ্য ট্র্যাক করার বিষয় পাওয়া গেছে।
৫. দ্য ডেইলি হরোস্কোপ (The Daily Horoscope): ব্যবহারকারীর ডিভাইস শনাক্তকরণসংক্রান্ত তথ্য সংগ্রহ ও ট্র্যাক করে।
এ ছাড়া জনপ্রিয় জ্যোতিষ অ্যাপ কো-স্টার (Co-Star) ব্যবহারকারীর যোগাযোগের তালিকা, অবস্থানসহ আট ধরনের তথ্য সংগ্রহ করে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। তবে অ্যাপটি গবেষণায় তৃতীয় পক্ষের বিজ্ঞাপনের উদ্দেশ্যে তথ্য ট্র্যাককারী অ্যাপগুলোর তালিকায় ছিল না।

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল গোপনীয়তাবিষয়ক প্রযুক্তিপ্রতিষ্ঠান সার্ফশার্কের গবেষণা অনুযায়ী, নেবুলা ব্যবহারকারীর তথ্য তৃতীয় পক্ষের বিজ্ঞাপনের কাজে ব্যবহার করতে পারে। এ ক্ষেত্রে ফেসবুক, অ্যাপল ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠানের সঙ্গে তথ্য ভাগাভাগির বিষয়ও অ্যাপটির গোপনীয়তা নীতিমালায় উল্লেখ রয়েছে। তবে কোনো অ্যাপ তথ্য সংগ্রহ করলেই সেটি প্রতারণা করছে বা অনুমতি ছাড়া তথ্য বিক্রি করছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।
জন্মতারিখ কেন গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য
অনেকে জন্মতারিখকে সাধারণ তথ্য মনে করলেও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। কারণ, বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টে পরিচয় যাচাই, নিরাপত্তা প্রশ্নের উত্তর কিংবা পাসওয়ার্ড পুনরুদ্ধারের ক্ষেত্রে জন্মতারিখ ব্যবহৃত হতে পারে। অপরাধীরা জন্মতারিখের সঙ্গে নাম, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা ও অন্যান্য তথ্য মিলিয়ে একজন ব্যক্তির ডিজিটাল পরিচিতির প্রোফাইল তৈরি করতে পারে। পরে এসব তথ্য ব্যবহার করে পরিচয় চুরি, ভুয়া অ্যাকাউন্ট তৈরি কিংবা লক্ষ্যভিত্তিক প্রতারণার চেষ্টা করা সম্ভব।
এ ধরনের তথ্য ব্যবহার করে ব্যবহারকারীর জন্মদিনে উপহার, বিশেষ অফার কিংবা শুভেচ্ছার প্রলোভন দেখিয়ে ভুয়া লিংক পাঠানো হতে পারে। ব্যক্তিগত তথ্য আগে থেকেই জানা থাকায় এসব বার্তা অনেক সময় বিশ্বাসযোগ্য মনে হয়। একে সাইবার নিরাপত্তার ভাষায় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা সামাজিক কৌশলে প্রতারণা বলা হয়।
সব বিজ্ঞাপনের পেছনে কি হ্যাকার রয়েছে
এ ধরনের বিজ্ঞাপন প্রচারকারী সবাই হ্যাকার বা সাইবার অপরাধী, এমন নয়। কিছু প্রতিষ্ঠান ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে নিজেদের বিপণন, বিজ্ঞাপন ও সেবা উন্নয়নের কাজে ব্যবহার করতে পারে। আবার কিছু ওয়েবসাইটের উদ্দেশ্য হতে পারে তথ্য সংগ্রহ করে তৃতীয় পক্ষের কাছে সরবরাহ করা।
তবে পরিচিত কোনো প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট তৈরি করেও তথ্য সংগ্রহ করা সম্ভব। তাই শুধু বিজ্ঞাপনটি ফেসবুক বা অন্য কোনো পরিচিত সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে বলে সেটিকে নিরাপদ মনে করার সুযোগ নেই।
যেভাবে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবেন
এ ধরনের বিজ্ঞাপন ও অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি।
- অপরিচিত ওয়েবসাইটে প্রকৃত জন্মতারিখ, জন্মসাল ও জন্মস্থান দেওয়া থেকে বিরত থাকতে হবে।
- কোনো অ্যাপ বা ওয়েবসাইট কেন ব্যক্তিগত তথ্য চাইছে, তা আগে যাচাই করতে হবে। প্রয়োজনের তুলনায় বেশি তথ্য চাইলে সেটি এড়িয়ে চলা উচিত।
- অ্যাপ ইনস্টল করার আগে গুগল প্লে স্টোর বা অ্যাপলের অ্যাপ স্টোরে থাকা ডেটা সেফটি ও অ্যাপ প্রাইভেসি বিভাগ পরীক্ষা করতে হবে।
- অ্যাপের গোপনীয়তা নীতিমালা পড়ে জানতে হবে, কোন তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সেগুলো তৃতীয় পক্ষের সঙ্গে ভাগ করা হচ্ছে কি না।
- অপরিচিত ওয়েবসাইটে ফেসবুক, গুগল বা অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করার আগে সতর্ক থাকতে হবে।
- কোনো অবস্থাতেই এসব ওয়েবসাইটে পাসওয়ার্ড, ওটিপি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের তথ্য দেওয়া যাবে না।
- ফেসবুক প্রোফাইলে জন্মতারিখের দৃশ্যমানতা 'শুধু আমি' (Only Me) করে রাখা যেতে পারে।
- অপ্রয়োজনীয় অ্যাপের অবস্থান, যোগাযোগের তালিকা, ছবি ও অন্যান্য ব্যক্তিগত তথ্য ব্যবহারের অনুমতি বন্ধ রাখতে হবে।
- সন্দেহজনক ওয়েবসাইটে তথ্য দেওয়ার পর কোনো অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন এবং দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু করতে হবে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)র পরামর্শ অনুযায়ী, অনলাইন কুইজে প্রকৃত নিরাপত্তা প্রশ্নের উত্তর ব্যবহার না করাই ভালো। যেসব অ্যাকাউন্টে নিরাপত্তা প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক, সেগুলোতে অনুমান করা কঠিন এমন আলাদা উত্তর ব্যবহার করা উচিত। এসব উত্তরও পাসওয়ার্ডের মতো গোপন রাখতে হবে।
মনে রাখতে হবে, তথ্য দেওয়ার আগেই সতর্ক হওয়া সবচেয়ে ভালো। ভবিষ্যৎ জানার কৌতূহল থেকে অপরিচিত ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য দেওয়ার প্রয়োজন নেই। কারণ, একবার ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে গেলে সেটির ব্যবহার বা অপব্যবহার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।