কিউএলইডি ও ওএলইডি টিভির ৭ পার্থক্য

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৬:৩৭

কিউএলইডি ও ওএলইডি টিভির ৭ পার্থক্য

নতুন টিভি কেনার সময় কিউএলইডি ও ওএলইডি প্রযুক্তির মধ্যে কোনটি বেছে নেবেন, তা নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। দুটি প্রযুক্তিই উন্নত রঙ ও উজ্জ্বল ছবি দেখাতে সক্ষম। তবে ছবি তৈরির পদ্ধতি, কালো রঙের গভীরতা, উজ্জ্বলতা, দেখার কোণ, দাম ও টিভির আকারের ক্ষেত্রে রয়েছে বেশ কিছু পার্থক্য। সিনেটের প্রযুক্তি সম্পাদক ডেভিড কাটজমায়ারের বিশ্লেষণে উঠে এসেছে এসব পার্থক্য।

১. ছবি তৈরির প্রযুক্তি

ওএলইডির পূর্ণরূপ অর্গানিক লাইট-এমিটিং ডায়োড। এ প্রযুক্তিতে প্রতিটি পিক্সেল নিজেই আলো তৈরি করে। ফলে আলাদা ব্যাকলাইটের প্রয়োজন হয় না। কোনো পিক্সেল বন্ধ থাকলে সেটি সম্পূর্ণ কালো দেখাতে পারে।অন্যদিকে কিউএলইডি হলো কোয়ান্টাম ডট এলইডি টিভি। এটি মূলত এলসিডি প্রযুক্তির উন্নত সংস্করণ। এতে এলইডি ব্যাকলাইটের সঙ্গে কোয়ান্টাম ডটের একটি স্তর যুক্ত থাকে। ব্যাকলাইটের আলো ওই স্তর ও এলসিডি প্যানেলের মধ্য দিয়ে গিয়ে ছবি তৈরি করে।

স্যামসাং ২০১৫ সাল থেকে এলসিডি টিভিতে কোয়ান্টাম ডট ব্যবহার করছে এবং ২০১৭ সালে কিউএলইডি নামটি চালু করে। স্যামসাংয়ের পাশাপাশি টিসিএলও কিউএলইডি টিভি তৈরি করে। অন্যদিকে ওএলইডি বাজারে এলজির পাশাপাশি স্যামসাং, সনি ও প্যানাসনিকের টিভিও রয়েছে।

২. কালো রং ও কনট্রাস্ট

ছবির মানের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো কালো রঙের গভীরতা। ওএলইডি টিভিতে প্রতিটি পিক্সেল আলাদাভাবে বন্ধ করা যায়। ফলে কালো রং আরও গভীর হয় এবং আলো-অন্ধকারের পার্থক্য বা কনট্রাস্ট অনেক বেশি স্পষ্ট হয়।

কিউএলইডি টিভিতে উন্নত লোকাল ডিমিং প্রযুক্তি ব্যবহার করে কালো রঙের মান বাড়ানো সম্ভব। টিসিএলের হ্যালো কন্ট্রোল প্রযুক্তি কিউএলইডি টিভিকে ওএলইডির কাছাকাছি নিয়ে যেতে পারে। তবে কনট্রাস্টের ক্ষেত্রে ওএলইডি এখনো এগিয়ে।

৩. উজ্জ্বলতা

সর্বোচ্চ উজ্জ্বলতার ক্ষেত্রে কিউএলইডি এগিয়ে। সবচেয়ে উজ্জ্বল কিউএলইডি ও এলসিডি টিভি বর্তমানের যেকোনো ওএলইডি মডেলের চেয়ে বেশি আলো তৈরি করতে পারে। বিশেষ করে বেশি প্রাকৃতিক আলোযুক্ত ঘরে এবং এইচডিআর কনটেন্ট দেখার সময় এ সুবিধা কাজে আসে।

তবে অধিকাংশ ঘরের জন্য ওএলইডি টিভিও যথেষ্ট উজ্জ্বল। এর উন্নত কনট্রাস্টের কারণে এইচডিআর কনটেন্টে ছবির সামগ্রিক মান অনেক ক্ষেত্রে ভালো হয়।

৪. দেখার কোণ ও স্ক্রিনের সমান উজ্জ্বলতা

দেখার কোণ ও স্ক্রিনের সর্বত্র একই রকম উজ্জ্বলতা বজায় রাখার ক্ষেত্রে ওএলইডি সুবিধাজনক। এলসিডিভিত্তিক কিউএলইডি টিভিতে স্ক্রিনের বিভিন্ন অংশে উজ্জ্বলতার পার্থক্য দেখা দিতে পারে। সরাসরি সামনে না বসে পাশ থেকে দেখলে রঙ ও কনট্রাস্টেরও পরিবর্তন হতে পারে।

অন্যদিকে ওএলইডি টিভির স্ক্রিনে প্রায় সব জায়গায় সমান উজ্জ্বলতা থাকে। খুব বেশি কোণ থেকে না দেখলে ছবির রঙ ও মানও প্রায় অপরিবর্তিত থাকে।

৫. রেজল্যুশন, রং ও ভিডিও প্রসেসিং

রেজল্যুশনের ক্ষেত্রে দুই প্রযুক্তির মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। উভয় ধরনের টিভিতেই ৪কে ও ৮কে রেজল্যুশন পাওয়া যায়। রঙের নির্ভুলতা ও ভিডিও প্রসেসিংয়ের ক্ষেত্রেও কোনো প্রযুক্তি স্বাভাবিকভাবে অন্যটির চেয়ে এগিয়ে নয়। নির্দিষ্ট মডেলের ওপর এসব সুবিধা নির্ভর করে।

তবে কোয়ান্টাম ডটযুক্ত ওএলইডি বা কিউডি-ওএলইডি টিভিতে আরও উন্নত রং পাওয়া সম্ভব। স্যামসাংয়ের এস৯৫এফ কিউডি-ওএলইডি টিভির রঙের মান পরীক্ষায় ভালো ফল করেছে। অন্যদিকে এলজির জি৫ মডেলে চার স্তরের ওএলইডি প্যানেল ব্যবহার করে উজ্জ্বলতা বাড়ানো হয়েছে।

৬. টিভির আকার ও দাম

টিভির আকারের ক্ষেত্রে কিউএলইডি বেশি বৈচিত্র্য দেয়। বর্তমানে ৩২, ৪৩, ৫০, ৫৫, ৫৮, ৬৫, ৭৫, ৮২, ৮৫, ৯৮, ১০০ ও ১১৫ ইঞ্চি আকারের কিউএলইডি টিভি পাওয়া যায়। ওএলইডি টিভির আকার ৪২, ৪৮, ৫৫, ৬৫, ৭৭, ৮৩, ৮৮ ও ৯৭ ইঞ্চি।

বড় আকারের টিভি কেনার ক্ষেত্রে কিউএলইডি তুলনামূলক সাশ্রয়ী। উদাহরণ হিসেবে, ৭৭ ইঞ্চি ওএলইডি টিভির দাম সাধারণত ২ হাজার ২০০ মার্কিন ডলার থেকে শুরু। একই আকারের কাছাকাছি কিউএলইডি টিভি তুলনামূলক কম দামে পাওয়া যায়। বড় টিভির বাজার দ্রুত বাড়ছে এবং এ ক্ষেত্রে কিউএলইডি ও এলসিডি টিভির দাম ও আকারের বৈচিত্র্য বড় সুবিধা।

৭. বার্ন-ইনের ঝুঁকি

ওএলইডি টিভির একটি সীমাবদ্ধতা হলো বার্ন-ইন। দীর্ঘ সময় ধরে একই স্থির ছবি, যেমন টেলিভিশন চ্যানেলের লোগো, সংবাদ স্ক্রল বা খেলার স্কোরবোর্ড স্ক্রিনে থাকলে সেটির ছাপ স্থায়ীভাবে থেকে যেতে পারে।

এলসিডি ও কিউএলইডি টিভির তুলনায় ওএলইডিতে এ ঝুঁকি বেশি। তবে প্রতিদিন দীর্ঘ সময় একই চ্যানেল বা স্থির ছবি না দেখে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও কনটেন্ট দেখলে অধিকাংশ ব্যবহারকারীর ক্ষেত্রে এটি বড় সমস্যা হয়ে ওঠে না।

২০২৬ সালে কোনটি কেনা ভালো

সিনেটের বিশ্লেষণ অনুযায়ী, সামগ্রিক ছবির মানের বিচারে ওএলইডি এগিয়ে। তবে বেশি উজ্জ্বলতা, বড় আকার ও তুলনামূলক কম দামের কারণে কিউএলইডিও ভালো বিকল্প হতে পারে। তাই টিভি কেনার সময় ঘরের আলোর পরিবেশ, বাজেট ও পছন্দের আকার বিবেচনা করা জরুরি।

ভবিষ্যতে কিউএলইডি প্রযুক্তিতে আরও পরিবর্তন আসতে পারে। স্যামসাং এমন কোয়ান্টাম ডট প্রযুক্তি নিয়ে গবেষণা করছে, যেখানে এলসিডি স্তর ছাড়াই কোয়ান্টাম ডট সরাসরি আলো তৈরি করবে। এতে ওএলইডির মতো গভীর কালো রং ও উচ্চ কনট্রাস্টের পাশাপাশি বেশি উজ্জ্বলতা, উন্নত রং ও বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে। তবে এ ধরনের টিভি বাজারে আসতে আরও কয়েক বছর লাগতে পারে।

এ ছাড়া মাইক্রোএলইডি প্রযুক্তিও ভবিষ্যতের টিভি বাজারে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এতে প্রতিটি পিক্সেল ক্ষুদ্র এলইডি দিয়ে তৈরি হয়। প্রযুক্তিটি ওএলইডির মতো গভীর কালো রং দেখাতে পারে, তবে এতে বার্ন-ইনের ঝুঁকি নেই। পাশাপাশি এটি বর্তমানের যেকোনো ডিসপ্লে প্রযুক্তির চেয়ে বেশি উজ্জ্বলতা, বিস্তৃত রঙের পরিসর এবং উন্নত দেখার কোণ দিতে পারে। তবে বর্তমানে মাইক্রোএলইডি টিভি অত্যন্ত ব্যয়বহুল। বড় মডেলগুলোর দাম ১০ লাখ মার্কিন ডলারেরও বেশি।

ওএলইডি নাকি কিউএলইডি, কোনটি ভালো?

ছবির মানের বিচারে ওএলইডি এগিয়ে। তবে বেশি আলোযুক্ত ঘরে কিউএলইডি টিভির উজ্জ্বলতা সুবিধা দিতে পারে। ওএলইডির উন্নত কনট্রাস্ট ছবিকে আরও বাস্তবসম্মত করে তোলে। শেষ পর্যন্ত পছন্দ নির্ভর করবে ব্যবহারকারীর প্রয়োজন ও নির্দিষ্ট টিভি মডেলের ওপর।

ওএলইডি ও কিউএলইডি টিভি কত দিন টেকে?

নির্মাতারা সাধারণত টিভির নির্দিষ্ট আয়ুষ্কাল সম্পর্কে বিস্তারিত তথ্য দেন না। তবে সাধারণভাবে একটি টিভি অন্তত পাঁচ বছর বা তার বেশি সময় ব্যবহার করা যায়। পুরোনো অনেক এলসিডি ও প্লাজমা টিভিও এখনো সচল রয়েছে।

ওএলইডি টিভির ক্ষেত্রে বার্ন-ইন নিয়ে কিছুটা সতর্ক থাকতে হয়। তবে টিভির আয়ুষ্কাল অনেকটাই নির্ভর করে ব্যবহারের ধরন ও নির্দিষ্ট মডেলের উৎপাদনমানের ওপর। একটি টিভি ২০ বছরও চলতে পারে, আবার দুই বছরেও নষ্ট হতে পারে। প্রতিবছর একই আকার ও মানের টিভির দামও তুলনামূলক কমছে। ফলে পাঁচ বছর পর একই আকার ও পারফরম্যান্সের টিভি এখনকার তুলনায় অনেক কম দামে পাওয়া যেতে পারে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন