ব্যবহারকারীর হয়ে কেনাকাটা করবে চ্যাটজিপিটির এআই এজেন্ট
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্টের মাধ্যমে কেনাকাটা ও মূল্য পরিশোধের সুবিধা চালু করেছে ওপেনএআই। নতুন ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ ব্যবহার করে এজেন্টের সহায়তায় পছন্দের পণ্য খুঁজে বের করার পাশাপাশি সরাসরি কেনাকাটাও করা যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ১৮ বছর বা তার বেশি বয়সী সীমিতসংখ্যক চ্যাটজিপিটি প্রো গ্রাহক এ সুবিধা পাবেন। তবে এর জন্য যুক্তরাষ্ট্রে ইস্যু করা ভিসা, মাস্টারকার্ড বা আমেরিকান এক্সপ্রেস কার্ড থাকতে হবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীরা প্রথমে চ্যাটজিপিটি ওয়ালেটে নিজেদের যোগ্য পেমেন্ট কার্ড যুক্ত করবেন। এরপর ডটস নামের এআই এজেন্টকে কেনাকাটার নির্দেশ দিতে পারবেন। কেনাকাটা চূড়ান্ত করার আগে পণ্য, মোট দাম এবং কোন কার্ড থেকে মূল্য পরিশোধ করা হবে, তা পর্যালোচনার সুযোগ থাকবে। ফেস আইডি বা আঙুলের ছাপের মতো নিরাপত্তা যাচাইয়ের মাধ্যমে ব্যবহারকারীকে প্রতিটি কেনাকাটা অনুমোদন করতে হবে।
ওপেনএআই জানিয়েছে, ওয়ালেট থেকে মূল্য পরিশোধের সময় প্রকৃত কার্ডের তথ্যের বদলে পেমেন্ট টোকেন ব্যবহার করা হবে। ফলে ব্যবহারকারীর কার্ডের তথ্য এআই এজেন্ট বা বিক্রেতার কাছে প্রকাশ পাবে না। তবে পণ্য সরবরাহের জন্য প্রয়োজনীয় ঠিকানা ও যোগাযোগের তথ্য এজেন্টের মাধ্যমে বিক্রেতার কাছে পৌঁছে যাবে।
এ সুবিধায় কেনাকাটা করলেও গ্রাহকেরা ক্রেডিট কার্ডের প্রচলিত সুবিধা, যেমন পুরস্কার পয়েন্ট এবং লেনদেন নিয়ে আপত্তি জানানোর সুযোগ পাবেন। প্রতিবার কেনাকাটার সময় কার্ডের তথ্য নতুন করে দিতে হবে না। একবার ওয়ালেটে কার্ড যুক্ত করলেই পরবর্তী কেনাকাটায় সেটি ব্যবহার করা যাবে।
ভোক্তাদের দৈনন্দিন কাজে এআই এজেন্টের ব্যবহার বাড়ানোর প্রতিযোগিতার অংশ হিসেবে নতুন এ সুবিধা চালু করেছে ওপেনএআই। তবে এ ধরনের এজেন্টের মাধ্যমে কেনাকাটার চাহিদা এখনো সব ক্ষেত্রে প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। ডোরড্যাশ ও উবার জানিয়েছে, তাদের সেবায় এআই এজেন্টের মাধ্যমে অর্ডারের সংখ্যা এখনো কম। অন্যদিকে, মেটার মিউজ অ্যাপে কেনাকাটায় এআইয়ের সহায়তা অন্যতম জনপ্রিয় কার্যক্রম হয়ে উঠেছে। অ্যাপটির ব্যবহারকারী ইতোমধ্যে এক কোটির বেশি।
প্রাথমিক পর্যায়ে সীমিতসংখ্যক গ্রাহকের মধ্যে সুবিধাটি চালু করে এর কার্যকারিতা ও সক্ষমতা যাচাই করতে চায় ওপেনএআই। ভবিষ্যতে ব্যবহারকারীরা কেনাকাটার ব্যয়সীমা নির্ধারণ এবং পণ্যের ধরন বা সময় অনুযায়ী কেনাকাটার শর্ত ঠিক করে দিতে পারবেন। এতে আগে থেকে অনুমোদিত সীমার মধ্যে এআই এজেন্ট নিজেই কেনাকাটা সম্পন্ন করতে পারবে।
এ ছাড়া আরও বেশি অনলাইন বিক্রেতার সেবায় এ সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। তবে কিছু বিক্রেতা নিজেদের ওয়েবসাইটে এআই এজেন্টের প্রবেশ ঠেকাচ্ছে। এ তালিকায় রয়েছে অ্যামাজন, যারা ব্যবহারকারীদের নিজেদের এআই সহকারী অ্যালেক্সা ব্যবহারে উৎসাহিত করতে চায়।
বিক্রেতাদের এআইনির্ভর বাণিজ্যব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে সহায়তার জন্য ‘কমার্স পার্টনার প্লেবুক’ প্রকাশ করেছে ওপেনএআই। এতে এআই এজেন্টের মাধ্যমে কেনাকাটার সুবিধা চালু করতে আগ্রহী অনলাইন বিক্রেতাদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও সরঞ্জাম দেওয়া হয়েছে।