হোয়াটসঅ্যাপ ওয়েবে কল করা না গেলে করণীয়
কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ওয়েবে কল করা বা কল গ্রহণ করতে গিয়ে অনেক সময় সংযোগজনিত সমস্যায় পড়তে হয়। কখনো কল সংযুক্ত হয় না, কখনো বারবার ‘রিকানেক্টিং’ দেখায়, আবার সংযোগ হওয়ার পরপরই কল বিচ্ছিন্ন হয়ে যায়। ইন্টারনেট সংযোগ, ব্রাউজারের অনুমতি ও ফায়ারওয়াল সেটিংস পরীক্ষা করে এসব সমস্যার সমাধান করা সম্ভব।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের নির্দেশনা অনুযায়ী কয়েকটি ধাপ অনুসরণ করলে ওয়েবে কল করার সমস্যা সমাধান হতে পারে।
হোয়াটসঅ্যাপ ওয়েবে কলের সমস্যা সমাধানের উপায়
পেজ রিফ্রেশ করুন: হোয়াটসঅ্যাপ ওয়েবের ট্যাব বন্ধ করে আবার খুলুন। প্রয়োজনে পেজ রিফ্রেশ করুন।
ব্রাউজার হালনাগাদ করুন: ব্রাউজারের সর্বশেষ সংস্করণ ব্যবহার করছেন কি না, তা নিশ্চিত করুন।
ইন্টারনেট সংযোগ পরীক্ষা করুন: ওয়াই-ফাই বা মোবাইল ডেটার সংযোগ ভালো আছে কি না দেখুন। ওয়াই-ফাই ব্যবহার করলে প্রয়োজনে অন্য নেটওয়ার্কে সংযোগ করে পরীক্ষা করুন।
ব্রাউজারের অনুমতি যাচাই করুন: web.whatsapp.com ব্যবহারের জন্য ব্রাউজারে ক্যামেরা, মাইক্রোফোন ও নোটিফিকেশনের অনুমতি চালু রাখুন। পাশাপাশি কম্পিউটারের অপারেটিং সিস্টেমে ব্রাউজারের প্রয়োজনীয় অনুমতি, বিশেষ করে নোটিফিকেশন ও স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধা চালু আছে কি না দেখুন।
মাইক্রোফোন ও স্পিকার পরীক্ষা করুন: কম্পিউটারের মাইক্রোফোন ও স্পিকার ঠিকভাবে কাজ করছে কি না নিশ্চিত করুন। প্রয়োজনে কম্পিউটারের সাউন্ড সেটিংস থেকে পরীক্ষা করুন।
অন্য অ্যাপের ব্যবহার বন্ধ করুন: একই সময়ে অন্য কোনো অ্যাপ মাইক্রোফোন বা অডিও ডিভাইস ব্যবহার করছে কি না দেখুন। ভার্চুয়াল অডিও ডিভাইস ব্যবহার না করার পরামর্শ দিয়েছে হোয়াটসঅ্যাপ।
বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করুন: প্রয়োজন হলে কম্পিউটারকে বিদ্যুৎ সংযোগে রাখুন।
রাউটার ও ফায়ারওয়াল সেটিংস দেখুন: রাউটারের নিরাপত্তা সেটিংস ও ফায়ারওয়াল পরীক্ষা করুন। হোয়াটসঅ্যাপে কল করার জন্য ইউডিপি ও টিসিপি প্রোটোকলের ৩৪৭৮, ৩৪৮০ ও ৪৪৩ নম্বর পোর্টে সংযোগের অনুমতি দিতে হবে। প্রয়োজনে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা নেটওয়ার্ক প্রশাসকের সহায়তা নিন।
কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কল করা না গেলে
কাউকে কল করার সময় ‘কন্টাক্ট আনঅ্যাভেইলেবল’ বার্তা দেখালে বা একবার রিং হওয়ার পর কল কেটে গেলে সমস্যাটি ওই ব্যক্তির ডিভাইস বা সংযোগের কারণে হতে পারে। তিনি আপনাকে ব্লক করে রাখলেও এমনটি ঘটতে পারে। এ ছাড়া তার ফোনে ফোকাস মোড বা ডু নট ডিস্টার্ব চালু থাকলেও কল সংযুক্ত না হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ক্ষেত্রে ওই ব্যক্তির ইন্টারনেট সংযোগ ও ডিভাইস পরীক্ষা করা প্রয়োজন। পাশাপাশি তিনি আপনাকে ব্লক করে রেখেছেন কি না এবং ফোনের ফোকাস মোড বা ডু নট ডিস্টার্ব সেটিংসে কল গ্রহণের অনুমতি রয়েছে কি না, তা যাচাই করতে পারেন।