ক্রোম ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৪:৩১

ক্রোম ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

গুগল ক্রোম ব্রাউজারে একাধিক নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর ব্যবহারকারীদের দ্রুত হালনাগাদ করার পরামর্শ দিয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সার্ট-ইন)। সংস্থাটি সতর্কতার মাত্রা ‘সংকটজনক’ হিসেবে চিহ্নিত করেছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সার্ট-ইন জানিয়েছে, এসব ত্রুটি কাজে লাগিয়ে দূর থেকে হ্যাকাররা ব্যবহারকারীর যন্ত্রে ক্ষতিকর কোড চালাতে, নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে যেতে কিংবা সিস্টেমের কার্যক্রম অচল করে দিতে পারে। ক্রোমের ১৫৭.০.৮১০৩.৫০ সংস্করণের আগের সংস্করণ এবং এক্সটেন্ডেড স্টেবল সংস্করণের ১৫৬.০.৮০৭৮.৯৬-এর আগের সংস্করণগুলো ঝুঁকিতে রয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, বিশেষভাবে তৈরি কোনো ওয়েবপেজে ব্যবহারকারীকে প্রবেশ করাতে পারলে হ্যাকাররা এসব দুর্বলতার সুযোগ নিতে পারে। এর মধ্যে সিভিই-২০২৬-১২৫৩৫০ নম্বরের একটি নিরাপত্তাত্রুটি ইতোমধ্যে সক্রিয়ভাবে কাজে লাগানো হচ্ছে। তাই দ্রুত সর্বশেষ নিরাপত্তা হালনাগাদ ইনস্টলের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

গুগল ইতোমধ্যে ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য ক্রোমের নতুন স্থিতিশীল সংস্করণ প্রকাশ করেছে। উইন্ডোজ ও ম্যাক ব্যবহারকারীরা ১৫৭.০.৮১০৩.৫০ বা .৫১ এবং লিনাক্স ব্যবহারকারীরা ১৫৭.০.৮১০৩.৫০ সংস্করণ পাবেন। আগামী কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে হালনাগাদটি সবার কাছে পৌঁছাবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন