সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও কর্মসংস্থানে নতুন উদ্যোগ

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৪:৫৬

সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও কর্মসংস্থানে নতুন উদ্যোগ

দেশে সেমিকন্ডাক্টর গবেষণা, আন্তর্জাতিক কর্মসংস্থান ও উদ্ভাবন এগিয়ে নিতে একাধিক উদ্যোগের ঘোষণা দিয়েছে সিলিকন রিভার বাংলাদেশ। এর মধ্যে ১০টি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন গবেষকের জন্য ২৪ লাখ ৬০ হাজার টাকার গবেষণা সহায়তা, যুক্তরাষ্ট্রের সিইএস ২০২৭-এ ১৬টি উদ্ভাবন প্রদর্শন এবং পাঁচ প্রতিষ্ঠানের সমন্বয়ে গবেষণা কেন্দ্র গঠনের উদ্যোগ রয়েছে। গতকাল (১১ নভেম্বর) আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইউএসটি) আয়োজিত ‘সিলিকন রিভার নেক্সট ২০২৬’ অনুষ্ঠানে এসব অগ্রগতি তুলে ধরা হয়।

সিলিকন রিভার বাংলাদেশ ও বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএসআইএর সভাপতি ও নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিল্পপ্রতিনিধি ও গবেষকেরা উপস্থিত ছিলেন।

গবেষণায় ১৮ জন গবেষককে সহায়তা

ক্রেস্ট ২০২৭ কর্মসূচির আওতায় ১০টি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন গবেষক ১১টি প্রকল্পে মোট ২৪ লাখ ৬০ হাজার টাকা সহায়তা পাচ্ছেন। বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এআইইউবি, আইইউটি, এইউএসটি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, রুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আইআইইউসির গবেষকেরা এ সহায়তা পাবেন।

নিউরাল সেমিকন্ডাক্টরের সহায়তায় মেমোরি, এআই, থ্রিডি ইন্টিগ্রেশন, আরআইএসসি-ভি, কোয়ান্টাম ইলেকট্রনিকস ও ফটোনিকস নিয়ে গবেষণা হবে। এ ছাড়া ক্রেস্ট ২০২৬-এর ১০ জন ফেলোকে অনুষ্ঠানে স্বীকৃতি দেওয়া হয়।

বিশ্বখ্যাত সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান গ্লোবালফাউন্ড্রিজ ক্রেস্ট ২০২৬-এর ফেলোদের পূর্ণকালীন প্রকৌশলী পদে নিয়োগের লক্ষ্যে ১৫ নভেম্বর ঢাকায় সরাসরি সাক্ষাৎকার নেওয়ার পরিকল্পনা করেছে। তবে নিয়োগ চূড়ান্ত হবে প্রতিষ্ঠানটির নিজস্ব নির্বাচন প্রক্রিয়া অনুযায়ী।

সিইএস ২০২৭-এ ১৬ উদ্ভাবন

আগামী ৬ থেকে ৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হবে সিইএস ২০২৭। সেখানে বাংলাদেশ ইনোভেটস প্যাভিলিয়নে ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬টি উদ্ভাবন প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে ১০টি হার্ডওয়্যার এবং ছয়টি সফটওয়্যার ও এআইভিত্তিক সমাধান।

নির্বাচিত উদ্ভাবনের মধ্যে রয়েছে চিকিৎসাযন্ত্র, বায়োনিক হাত, ব্রেইল প্রিন্টার, কৃষি ড্রোন, সৌর প্যানেল পরিষ্কারের রোবট ও স্মার্ট গ্রিড প্রযুক্তি। এসব উদ্ভাবনের মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগ, বাজার ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব তৈরির লক্ষ্য রয়েছে।

পাঁচ প্রতিষ্ঠানের গবেষণা কেন্দ্র

যুক্তরাষ্ট্রের ইয়েল্ড ইঞ্জিনিয়ারিং সিস্টেমসের (ওয়াইইএস) সহযোগিতায় প্রথম ইয়েস কোলাবরেটিভ রিসার্চ সেন্টার (ওয়াইসিআরসি) প্রতিষ্ঠার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসটিআরসি-নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম নির্বাচিত হয়েছে। এতে আরও রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এবং নেদারল্যান্ড-এর টিইউ ডেলফ্ট।

এই গবেষণা কেন্দ্রে ওয়াইইএস-জিসহাজার প্লাজমা প্রসেসিং যন্ত্র ব্যবহার করে সেমিকন্ডাক্টর প্রসেসিং, প্যাকেজিং, ডিভাইস গবেষণা ও ডিজিটাল টুইন প্রযুক্তি নিয়ে কাজ হবে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যন্ত্রটি পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর পরিবহন, স্থাপন ও পরিচালনার ব্যয় বহন করবে কনসোর্টিয়াম।

গবেষণা ও শিল্প-সহযোগিতার অগ্রগতি

সিলিকন রিভার স্টুডেন্ট ব্রাঞ্চের কার্যক্রম ইতোমধ্যে ৬০টির বেশি বিশ্ববিদ্যালয়ে বিস্তৃত হয়েছে। এদিকে ভার্চুয়াল ফ্যাবল্যাবের ব্যবহারকারী ৬ হাজার ১০০ ছাড়িয়েছে। বুয়েটের স্টার সুবিধা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের গবেষণাগার পুনরুজ্জীবন এবং সিকিপের আওতায় ৩ হাজার ৫০০ জনকে প্রশিক্ষণের কার্যক্রমও এগিয়ে চলছে।

ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে ২০২৭ সালে গ্লোবালফাউন্ড্রিজের সঙ্গে অ্যাডভান্সড ডিজাইন কিট (এডিকে) উদ্যোগ, ২০২৮ সালে ওএসএটি যৌথ উদ্যোগ এবং ২০২৯ সালে ১৮০ ন্যানোমিটার এমইএমএস ফ্যাব্রিকেশন সুবিধা চালু। এ ছাড়া ১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার ব্যয়ে ডিজিটাল টুইন ও টেস্ট হাব স্থাপনের প্রস্তাব রয়েছে।

সিলিকন রিভারের লক্ষ্য বাংলাদেশকে শুধু প্রযুক্তির ভোক্তা হিসেবে নয়, বরং গবেষণা, মেধাস্বত্ব, পণ্য উদ্ভাবন ও আন্তর্জাতিক বাজারে অবদান রাখা একটি উদ্ভাবনী অর্থনীতিতে রূপান্তর করা।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন