জিমেইলের স্টোরেজ খালি রাখার সহজ ৪ উপায়

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৭:৪১

জিমেইলের স্টোরেজ খালি রাখার সহজ ৪ উপায়

গুগলের বিনা মূল্যের ১৫ জিবি স্টোরেজ দ্রুত শেষ হয়ে গেলে অনেকেই গুগল ফটোজ বা গুগল ড্রাইভের ফাইল মুছে জায়গা খালি করেন। তবে দীর্ঘদিনের জমে থাকা ই-মেইলও স্টোরেজের বড় অংশ দখল করতে পারে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জিমেইলের অপ্রয়োজনীয় ই-মেইল মুছে স্টোরেজ খালি রাখার চারটি উপায় তুলে ধরা হয়েছে।

বড় ফাইলযুক্ত ই-মেইল মুছুন

জিমেইলে সাধারণ লেখাযুক্ত ই-মেইলের তুলনায় সংযুক্ত ফাইল বেশি স্টোরেজ দখল করে। বড় ফাইলযুক্ত ই-মেইল খুঁজে মুছতে জিমেইল অ্যাপ খুলে ওপরের ডান পাশের নিজের ছবিতে চাপ দিতে হবে। এরপর ‘ক্লিন আপ স্পেস’ নির্বাচন করে ‘ই-মেইলস উইথ লার্জ অ্যাটাচমেন্টস’ অংশে ‘রিভিউ’ চাপলে বড় ফাইলযুক্ত ই-মেইলের তালিকা পাওয়া যাবে। প্রয়োজন নেই এমন ই-মেইল নির্বাচন করে মুছে ফেলা যাবে।

একই জায়গা থেকে অপ্রয়োজনীয় স্প্যাম ও ট্র্যাশ ফোল্ডারের ই-মেইলও মুছে ফেলা যায়। তবে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বা কাজের ফাইল রয়েছে কি না, তা যাচাই করে নেওয়া উচিত।

সার্চের বিশেষ নির্দেশনা ব্যবহার করে বড় ফাইল খুঁজুন

জিমেইলের খোঁজার ঘরে has:attachment লিখলে সংযুক্তি থাকা সব ই-মেইল দেখা যাবে। বড় ফাইল খুঁজতে has:attachment larger:5MB লিখলে ৫ মেগাবাইটের বেশি আকারের ফাইল সংযুক্ত ই-মেইলগুলো পাওয়া যাবে।

পুরোনো ই-মেইল খুঁজতে তারিখের শর্তও যোগ করা যায়। যেমন, has:attachment larger:5MB before:2024/01/01 লিখলে ২০২৪ সালের ১ জানুয়ারির আগের ৫ মেগাবাইটের বেশি আকারের ফাইল সংযুক্ত ই-মেইলগুলো দেখা যাবে।

পুরোনো প্রচারণামূলক ই-মেইল মুছুন

নিউজলেটার, বিভিন্ন সেবার বিজ্ঞপ্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তায় জমে থাকা অপ্রয়োজনীয় ই-মেইলও স্টোরেজ দখল করে। এগুলো মুছতে জিমেইলের ‘প্রমোশনস’ বিভাগে গিয়ে এক বছরের বেশি পুরোনো ই-মেইল খুঁজতে older_than:1y category:promotions লিখতে হবে। এরপর অপ্রয়োজনীয় ই-মেইলগুলো নির্বাচন করে মুছে ফেলা যাবে।

একইভাবে ‘সোশ্যাল’ ও ‘আপডেটস’ বিভাগ থেকেও পুরোনো অপ্রয়োজনীয় ই-মেইল মুছে ফেলা যায়।

অপ্রয়োজনীয় ই-মেইল আসা বন্ধ করুন

ইনবক্স পরিষ্কার করার পরও নিয়মিত প্রচারণামূলক ই-মেইল আসতে থাকলে স্টোরেজ আবার দ্রুত পূর্ণ হয়ে যেতে পারে। এ সমস্যা এড়াতে জিমেইল অ্যাপের মেনু থেকে ‘ম্যানেজ সাবস্ক্রিপশনস’ অপশনে যেতে হবে। সেখানে বিভিন্ন প্রচারণামূলক ই-মেইল তালিকার তথ্য দেখা যাবে। অপ্রয়োজনীয় তালিকা থেকে এক চাপেই নাম সরিয়ে নেওয়া সম্ভব।

এ ছাড়া নির্দিষ্ট কোনো প্রেরকের ই-মেইল আর পেতে না চাইলে সেই ই-মেইল খুলে তিন ডট মেনু থেকে ‘ব্লক’ নির্বাচন করা যায়। এরপর ওই ঠিকানা থেকে আসা ই-মেইল সরাসরি স্প্যাম ফোল্ডারে যাবে। গুগল ৩০ দিন পর স্প্যাম ফোল্ডারের ই-মেইল স্বয়ংক্রিয়ভাবে মুছে দেয়।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন