১৫ বছরে অ্যাপলের পণ্য ও সেবায় যত পরিবর্তন
টিম কুকের নেতৃত্বে গত ১৫ বছরে অ্যাপলের পণ্য ও সেবায় বড় পরিবর্তন এসেছে। আইফোনকে ডিজিটাল ওয়ালেট ও স্যাটেলাইট যোগাযোগের যন্ত্রে পরিণত করা, নিজস্ব প্রসেসর তৈরি এবং সেবা খাত সম্প্রসারণের মাধ্যমে বদলে গেছে প্রতিষ্ঠানটির ব্যবসা। নতুন পণ্যের পাশাপাশি পুরোনো পণ্যগুলোর ব্যবহার ও সক্ষমতাও বেড়েছে।
২০১১ সালে প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়ার সময় অ্যাপলের প্রবৃদ্ধির প্রধান উৎস ছিল আইফোন। এখন প্রতিষ্ঠানটির সক্রিয় ডিভাইসের সংখ্যা ২৫০ কোটির বেশি। ২০২৫ অর্থবছরে নিট বিক্রি হয়েছে ৪১৬ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে টিম কুকের নেতৃত্বে অ্যাপলের ১০টি উল্লেখযোগ্য পরিবর্তন তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্যসেবার যন্ত্র হয়ে উঠেছে অ্যাপল ওয়াচ
২০১৫ সালে অ্যাপল ওয়াচ বাজারে আসে আইফোনের সহায়ক যন্ত্র হিসেবে। পরে এতে জিপিএস, সাঁতারের হিসাব, ইসিজি, পড়ে যাওয়ার ঘটনা শনাক্ত এবং ঘুম ও হৃদ্স্বাস্থ্য পর্যবেক্ষণের সুবিধা যুক্ত হয়। ২০২৫ সালে সিরিজ ১১ মডেলে আসে ঘুমের মান নির্ণয় ও উচ্চ রক্তচাপের সতর্কতা।
অ্যাপল ইকোসিস্টেমের অংশ এয়ারপডস

সাধারণ তারহীন ইয়ারবাড থেকে এয়ারপডস এখন অ্যাপলের বিভিন্ন ডিভাইসের সঙ্গে সমন্বিত একটি পণ্য। এতে স্বয়ংক্রিয় সংযোগ, শব্দ নিয়ন্ত্রণ ও ত্রিমাত্রিক শব্দের পাশাপাশি শ্রবণশক্তি পরীক্ষা, শ্রবণযন্ত্র হিসেবে ব্যবহার এবং হৃদ্স্পন্দন পরিমাপের সুবিধা যুক্ত হয়েছে।
নিজস্ব প্রসেসরে নতুন ভিত্তি পেয়েছে ম্যাক

২০২০ সালে ইন্টেলের প্রসেসর ছেড়ে নিজস্ব প্রসেসরে যাওয়ার ঘোষণা দেয় অ্যাপল। একই বছর ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো ও ম্যাক মিনিতে এম১ চিপ যুক্ত হয়। এতে কর্মক্ষমতা ও বিদ্যুৎ সাশ্রয় বাড়ার পাশাপাশি হার্ডওয়্যার ও সফটওয়্যারের ওপর অ্যাপলের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হয়।
পেশাদার ফটোগ্রাফারদের হাতিয়ার আইফোন ক্যামেরা

আইফোনের ক্যামেরায় যুক্ত হয়েছে একাধিক লেন্স, নাইট মোড, ডিপ ফিউশন ও উন্নত ভিডিও ধারণের সুবিধা। আইফোন ১৫ প্রোতে আসে ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও প্রোরেস ভিডিও ধারণ। আইফোন ১৭ সিরিজেও ক্যামেরার সক্ষমতা বাড়ানো হয়েছে।
আইফোনকে ডিজিটাল ওয়ালেটে পরিণত করেছে অ্যাপল পে

২০১৪ সালে চালু হওয়া অ্যাপল পে দিয়ে দোকান, অ্যাপ ও ওয়েবসাইটে অর্থ পরিশোধ করা যায়। পরে অ্যাপল ওয়ালেটে যুক্ত হয়েছে অনুষ্ঠানের টিকিট, গণপরিবহনের কার্ড, চাবি ও নির্দিষ্ট পরিচয়পত্র রাখার সুবিধা।
ফাইভজি ও স্যাটেলাইটে আরও সংযুক্ত আইফোন

২০২০ সালে আইফোন ১২ সিরিজে ফাইভজি ও ম্যাগসেফ প্রযুক্তি যুক্ত হয়। আইফোন ১৪ সিরিজে আসে স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বার্তা পাঠানোর সুবিধা। পরে স্যাটেলাইট ব্যবহার করে সাধারণ বার্তা পাঠানো ও নিজের অবস্থান জানানোর ব্যবস্থাও যুক্ত হয়।
১০০ বিলিয়ন ডলারের ব্যবসা অ্যাপলের সেবা খাত

অ্যাপ স্টোর, বিজ্ঞাপন, ক্লাউড সেবা, অ্যাপল মিউজিক, অ্যাপল টিভি ও অ্যাপল পে নিয়ে গড়ে উঠেছে অ্যাপলের সেবা ব্যবসা। ২০২৫ অর্থবছরে এ খাত থেকে আয় হয়েছে ১০৯ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। একই বছর অ্যাপ স্টোরে প্রতি সপ্তাহে গড়ে ৮৫ কোটির বেশি ব্যবহারকারী ছিলেন।
নিজস্ব অনুষ্ঠান নির্মাণে অ্যাপল টিভি

২০১৯ সালে অ্যাপল টিভি প্লাস চালুর পর নিজস্ব চলচ্চিত্র, ধারাবাহিক ও প্রামাণ্যচিত্র নির্মাণ শুরু করে প্রতিষ্ঠানটি। ‘কোডা’ ২০২২ সালে সেরা চলচ্চিত্র বিভাগে অস্কার জেতে। ২০২৫ সালে অ্যাপলের ১৪টি নিজস্ব প্রযোজনা ৮১টি এমি মনোনয়ন পায়।
নতুন ধরনের কম্পিউটার ভিশন প্রো

২০২৩ সালে ভিশন প্রো উন্মোচন করে অ্যাপল। চোখ, হাত ও কণ্ঠস্বরের সাহায্যে নিয়ন্ত্রণযোগ্য এই যন্ত্রে ব্যবহারকারীর চারপাশে অ্যাপ ও ত্রিমাত্রিক কনটেন্ট দেখা যায়। বাজারে আসার সময় এর জন্য বিশেষভাবে তৈরি ৬০০টির বেশি অ্যাপ ও গেম ছিল। তবে উচ্চ দাম এর জনপ্রিয়তার পথে বাধা হয়ে রয়েছে।
ফাইন্ড মাই নেটওয়ার্কের সম্প্রসারণ এয়ারট্যাগ

হারানো জিনিস খুঁজে পেতে এয়ারট্যাগ অ্যাপলের ফাইন্ড মাই নেটওয়ার্ক ব্যবহার করে। আশপাশের অ্যাপল ডিভাইসের মাধ্যমে এটি জিনিসের আনুমানিক অবস্থান জানায়। ২০২৬ সালে দ্বিতীয় প্রজন্মের এয়ারট্যাগে ব্লুটুথের কার্যকর দূরত্ব ও অবস্থান শনাক্তের নির্ভুলতা বাড়ানো হয়েছে। হারানো লাগেজ খুঁজতে বিমান সংস্থার সঙ্গে অবস্থান ভাগ করার সুবিধাও রয়েছে।