ইউএসবি-সি চার্জিংয়ে নতুনত্ব আনল মাইক্রোসফট

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৪:৪২

ইউএসবি-সি চার্জিংয়ে নতুনত্ব আনল মাইক্রোসফট

ল্যাপটপের ইউএসবি-সি চার্জিং ব্যবস্থায় নতুন প্রযুক্তি যুক্ত করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির নতুন সারফেস ল্যাপটপ আলট্রায় ম্যাগনেটযুক্ত ইউএসবি-সি পোর্ট থাকছে। এর ফলে চার্জারের তারে টান পড়লে সংযোগ সহজেই বিচ্ছিন্ন হয়ে যাবে। এতে টেবিল থেকে ল্যাপটপ পড়ে যাওয়ার ঝুঁকি কমবে।

৭ অক্টোবর আয়োজিত এক অনলাইন অনুষ্ঠানে সারফেস ল্যাপটপ আলট্রা উন্মোচন করে মাইক্রোসফট। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম পকেট-লিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ল্যাপটপটির দাম শুরু হয়েছে ২ হাজার ৬০০ মার্কিন ডলার থেকে। ইতোমধ্যে প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে। ১৬ অক্টোবর থেকে পণ্যটির সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।

ল্যাপটপটির বিশেষ আকর্ষণ ‘ম্যাগনেটিক কানেক্ট’ প্রযুক্তি। এতে ইউএসবি-সি পোর্টের সঙ্গে ম্যাগনেটের সাহায্যে চার্জারের সংযোগ স্থাপিত হয়। ফলে প্রচলিত ইউএসবি-সি ব্যবহারের সুবিধা বজায় রেখেই পাওয়া যাবে মাইক্রোসফটের পুরোনো সারফেস কানেক্ট ও অ্যাপলের ম্যাগসেফের মতো ম্যাগনেটযুক্ত চার্জিং সুবিধা।

মাইক্রোসফটের দাবি, এটি বিশ্বের প্রথম বিল্ট-ইন ম্যাগনেটযুক্ত ইউএসবি-সি চার্জিং ব্যবস্থা। ল্যাপটপের ডান পাশে থাকা পোর্টটি সাধারণ ইউএসবি-সি পোর্টের চেয়ে কিছুটা বড়। চার্জারের সংযোগপ্রান্তে থাকা ম্যাগনেট কাছাকাছি এলেই পোর্টের সঙ্গে যুক্ত হয়ে যায়।

ল্যাপটপের সঙ্গে ম্যাগনেটিক কানেক্ট চার্জিং কেবল এবং ১৪০ ওয়াটের ইউএসবি-সি পাওয়ার অ্যাডাপ্টারও দেওয়া হচ্ছে। ফলে এই সুবিধা ব্যবহারের জন্য আলাদা করে চার্জার কিনতে হবে না।

মাইক্রোসফটের আগের সারফেস ডিভাইসগুলোতে সারফেস কানেক্ট নামে আলাদা ম্যাগনেটযুক্ত চার্জিং পোর্ট ছিল। তবে সাম্প্রতিক কিছু সারফেস মডেলে প্রতিষ্ঠানটি সেই পোর্ট বাদ দিয়ে ইউএসবি-সি ব্যবহার শুরু করে। নতুন প্রযুক্তিতে আলাদা পোর্ট ছাড়াই ম্যাগনেটযুক্ত চার্জিংয়ের সুবিধা ফিরিয়ে আনা হয়েছে।

প্রতিবেদনে লেখক মনে করেন, ভবিষ্যতে স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইসে এ ধরনের চার্জিং প্রযুক্তি প্রচলিত হওয়া উচিত। মাইক্রোসফট চাইলে ডেল, এইচপি ও লেনোভোর মতো নির্মাতাদের কাছেও প্রযুক্তিটি ব্যবহারের সুযোগ দিতে পারে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন