ডেটা সেন্টার নির্মাণে নতুন বাধার মুখে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো
যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার নির্মাণ নিয়ে স্থানীয় পর্যায়ে বিরোধিতা বাড়ছে। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে ডেটা সেন্টার নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়ে কয়েকজন রাজনীতিক জয়ী হয়েছেন। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের প্রভাব প্রযুক্তি খাতেও পড়তে পারে। স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে ডেটা সেন্টার নির্মাণ ও পরিচালনায় নতুন বিধিনিষেধ আরোপের উদ্যোগ জোরালো হতে পারে।
টেকক্রাঞ্চের ‘ইকুইটি’ পডকাস্টে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সাংবাদিক অ্যান্থনি হা, কার্স্টেন কোরোসেক ও শন ও’কেন। তাদের মতে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ডেটা সেন্টার নির্মাণ নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ বাড়ছে। বিষয়টি এখন রাজনৈতিক বিতর্কেরও অংশ হয়ে উঠেছে। শুধু ডেমোক্র্যাট নয়, রিপাবলিকান ও স্বতন্ত্র ভোটারদের মধ্যেও এ নিয়ে উদ্বেগ রয়েছে।
পডকাস্টে শন ও’কেন বলেন, রিপাবলিকান পার্টির অন্যতম বড় দাতা ছিলেন ইলন মাস্ক। দলটির নির্বাচনী প্রচারে তিনি প্রায় ৫০ কোটি ডলার বা তারও বেশি অর্থ অনুদান দিয়েছেন বলে ধারণা করা হয়। তবে নির্বাচনের পর টেক্সাসের রাজনৈতিক পরিস্থিতিতেও পরিবর্তন এসেছে। মাস্কের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সদর দপ্তর থাকা এই অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা গভর্নর নির্বাচিত হয়েছেন। নির্বাচনী প্রচারে তিনি ডেটা সেন্টারের কার্যক্রম নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তবে ডেটা সেন্টারবিরোধী মনোভাবই ডেমোক্র্যাটদের নির্বাচনী সাফল্যের একমাত্র কারণ নয় বলে মনে করেন আলোচকেরা। তাদের মতে, স্থানীয় পর্যায়ে এসব স্থাপনা নির্মাণ নিয়ে মানুষের উদ্বেগ ক্রমেই বাড়ছে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অনেক সময় গোপনীয়তার শর্তে প্রকল্পের অনুমোদন নেওয়ার চেষ্টা করে। এ ক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে গোপনীয়তা চুক্তি (এনডিএ) করা হয়। ফলে প্রকল্পের আকার, বিদ্যুৎ ও পানির চাহিদা এবং পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে স্থানীয় বাসিন্দারা পর্যাপ্ত তথ্য পান না।
কার্স্টেন কোরোসেক বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মতো পানিসংকটপূর্ণ এলাকায় বড় ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা স্থানীয় মানুষের উদ্বেগ বাড়াচ্ছে। প্রকল্পের পরিবেশগত প্রভাব সম্পর্কে পর্যাপ্ত তথ্য প্রকাশ না করায় বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষও এসব উদ্যোগের বিরোধিতা করছেন।
এ পরিস্থিতিতে ডেটা সেন্টার নির্মাণের বিষয়ে নিজেদের নীতিতে পরিবর্তন আনতে শুরু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি ওপেনএআই ‘কম্পিউট ক্যাম্পাস পলিসি ব্লুপ্রিন্ট’ নামে একটি নীতিমালা প্রকাশ করেছে। এতে প্রকল্পের তথ্য প্রকাশ, স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং গোপনীয়তা চুক্তির বাধ্যবাধকতা তুলে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ডেটা সেন্টারের পরিবর্তে ‘কম্পিউট ক্যাম্পাস’ শব্দটি ব্যবহারের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে শুধু নাম পরিবর্তন করে মানুষের উদ্বেগ দূর করা সম্ভব নয় বলে মনে করছেন টেকক্রাঞ্চের আলোচকেরা। তাদের মতে, ডেটা সেন্টারের নাম বদলে কম্পিউট ক্যাম্পাস রাখলেও এসব স্থাপনার বাড়তি বিদ্যুৎ ও পানির চাহিদা নিয়ে স্থানীয় বাসিন্দাদের আপত্তি থেকেই যাবে।
ডেটা সেন্টার নির্মাণে রাজনৈতিক ও নীতিগত চাপের পাশাপাশি আর্থিক চ্যালেঞ্জও বাড়তে পারে। পডকাস্টের আলোচনায় বলা হয়, এআই অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ বিনিয়োগের বিষয়ে ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের আগ্রহে পরিবর্তন দেখা যাচ্ছে। ফলে সরকারি বিধিনিষেধের পাশাপাশি বিনিয়োগকারীদের মনোভাবও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণ পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।
তবে এআই সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণে বড় পরিসরে কম্পিউটিং সক্ষমতা প্রয়োজন। এ কারণে ডেটা সেন্টার নির্মাণ পুরোপুরি বন্ধ করা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য সহজ হবে না। আগামী দুই বছর ও পরবর্তী সময়ে এ খাতের নীতিনির্ধারণ, স্থানীয় জনগণের অবস্থান এবং বিনিয়োগের গতিপ্রকৃতি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো সম্প্রসারণের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।