হোয়াটসঅ্যাপের চ্যাট গুগল ড্রাইভ ও আইক্লাউডে ব্যাকআপ রাখবেন যেভাবে

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৬:২৩

হোয়াটসঅ্যাপের চ্যাট গুগল ড্রাইভ ও আইক্লাউডে ব্যাকআপ রাখবেন যেভাবে

ফোন হারিয়ে গেলে বা বদলালে হোয়াটসঅ্যাপের পুরোনো বার্তা, ছবি ও ভয়েস নোট হারানোর ঝুঁকি থাকে। তবে অ্যান্ড্রয়েড ফোনে গুগল ড্রাইভ এবং আইফোনে আইক্লাউডে চ্যাটের ব্যাকআপ রেখে সহজেই সেগুলো নতুন ফোনে ফিরিয়ে আনা যায়। এ জন্য হোয়াটসঅ্যাপে কয়েকটি সেটিংস চালু করতে হবে।

টাইমস অব ইন্ডিয়ার প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে ব্যাকআপ রাখা, সেটি সুরক্ষিত করা এবং প্রয়োজনে ফিরিয়ে আনার পদ্ধতি তুলে ধরা হয়েছে।

ব্যাকআপ নেওয়ার আগে যা করবেন

ব্যাকআপ থেকে চ্যাট ফিরিয়ে আনতে আগের ফোনে ব্যবহৃত একই ফোন নম্বর ব্যবহার করতে হবে। পাশাপাশি অ্যান্ড্রয়েড ফোনে যে গুগল অ্যাকাউন্ট এবং আইফোনে যে অ্যাপল আইডি দিয়ে ব্যাকআপ রাখা হয়েছে, সেটিতেই সাইন ইন করতে হবে।

অ্যান্ড্রয়েডের ব্যাকআপ গুগল ড্রাইভে এবং আইফোনের ব্যাকআপ আইক্লাউডে সংরক্ষিত হয়। তাই গুগল ড্রাইভের ব্যাকআপ সরাসরি আইফোনে কিংবা আইক্লাউডের ব্যাকআপ অ্যান্ড্রয়েড ফোনে ফিরিয়ে আনা যায় না। এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে আলাদা ট্রান্সফার পদ্ধতি ব্যবহার করতে হবে।

এ ছাড়া ফোন ও ক্লাউড স্টোরেজে পর্যাপ্ত জায়গা আছে কি না দেখে নিতে হবে। হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করাও জরুরি।

অ্যান্ড্রয়েড ফোনে ব্যাকআপ রাখবেন যেভাবে

  • হোয়াটসঅ্যাপ খুলে ওপরের ডান পাশের তিন ডট মেনু থেকে সেটিংস নির্বাচন করুন।
  • চ্যাটস অপশনে গিয়ে চ্যাট ব্যাকআপে ট্যাপ করুন।
  • ব্যাকআপ টু গুগল ড্রাইভ অপশনে গিয়ে কত সময় পরপর ব্যাকআপ রাখতে চান, তা নির্ধারণ করুন। দৈনিক, সাপ্তাহিক ও মাসিক এই তিনটি সময়ের পাশাপাশি শুধু নিজে চাইলে ব্যাকআপ নেওয়ার সুযোগও রয়েছে।
  • ব্যাকআপ রাখার জন্য গুগল অ্যাকাউন্ট নির্বাচন করুন। ফোনে অ্যাকাউন্ট যুক্ত না থাকলে নতুন অ্যাকাউন্ট যোগ করুন।
  • শুধু ওয়াই-ফাই নাকি মোবাইল ডেটা ব্যবহার করেও ব্যাকআপ হবে, তা ঠিক করুন। মোবাইল ডেটা সাশ্রয়ে শুধু ওয়াই-ফাই নির্বাচন করা ভালো।
  • ভিডিও ব্যাকআপে রাখতে চান কি না, তা নির্ধারণ করুন। ভিডিও যুক্ত করলে ব্যাকআপের আকার অনেক বেড়ে যেতে পারে।
  • সবশেষে ব্যাক আপ অপশনে ট্যাপ করলে ব্যাকআপ শুরু হবে।

আইফোনে আইক্লাউডে ব্যাকআপ রাখবেন যেভাবে

  • আইফোনে অ্যাপল আইডি দিয়ে সাইন ইন করুন এবং আইক্লাউড ড্রাইভ চালু আছে কি না নিশ্চিত করুন। আইক্লাউড ব্যবহারের অনুমতিও হোয়াটসঅ্যাপের জন্য চালু থাকতে হবে।
  • হোয়াটসঅ্যাপ খুলে সেটিংস থেকে চ্যাটস অপশনে যান।
  • চ্যাট ব্যাকআপ নির্বাচন করে ব্যাক আপ নাউতে ট্যাপ করুন।
  • নিয়মিত ব্যাকআপের জন্য অটো ব্যাকআপ চালু করুন। এরপর দৈনিক, সাপ্তাহিক বা মাসিক সময়সূচি বেছে নিন।
  • প্রয়োজন অনুযায়ী ভিডিও ব্যাকআপে রাখা বা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিন।

ব্যাকআপে অতিরিক্ত নিরাপত্তা যোগ করবেন যেভাবে

গুগল ড্রাইভ বা আইক্লাউডে রাখা ব্যাকআপে স্বয়ংক্রিয়ভাবে চ্যাটের মতো এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকে না। তবে হোয়াটসঅ্যাপে ব্যাকআপের জন্য আলাদা এনক্রিপশন সুবিধা রয়েছে।

এটি চালু করতে সেটিংস থেকে চ্যাটস, এরপর চ্যাট ব্যাকআপে গিয়ে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড ব্যাকআপ নির্বাচন করতে হবে। সুবিধাটি আগে থেকে বন্ধ থাকে। এটি চালু করলে নিজের পছন্দের পাসওয়ার্ড অথবা ৬৪ সংখ্যার এনক্রিপশন কি ব্যবহার করে ব্যাকআপ সুরক্ষিত রাখা যাবে।

তবে পাসওয়ার্ড বা এনক্রিপশন কি ভুলে গেলে ব্যাকআপ আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। এমনকি হোয়াটসঅ্যাপও পাসওয়ার্ড পুনরুদ্ধার বা ব্যাকআপ ফিরিয়ে দিতে পারবে না। তাই পাসওয়ার্ডটি নিরাপদ জায়গায় লিখে রাখা বা পাসওয়ার্ড ম্যানেজারে সংরক্ষণ করা জরুরি।

পুরোনো চ্যাট ফিরিয়ে আনবেন যেভাবে

নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করার সময় অথবা অ্যাপটি পুনরায় ইনস্টল করার পর ব্যাকআপ থেকে চ্যাট ফিরিয়ে আনা যায়।

অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে আগের ফোনের একই নম্বর দিয়ে অ্যাকাউন্ট যাচাই করতে হবে। ফোনে আগের গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। এরপর ব্যাকআপ খুঁজে পেলে রিস্টোর অপশনে ট্যাপ করতে হবে। প্রক্রিয়া শেষ হলে নেক্সট নির্বাচন করলে চ্যাটগুলো লোড হবে। ছবি ও ভিডিও পরে ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড হতে পারে।

আইফোনে একই ফোন নম্বর দিয়ে যাচাই করার পাশাপাশি আগের অ্যাপল আইডিতে আইক্লাউডে সাইন ইন থাকতে হবে। এরপর রিস্টোর চ্যাট হিস্ট্রি অপশন এলে সেটিতে ট্যাপ করতে হবে। ব্যাকআপ এনক্রিপটেড থাকলে এ সময় পাসওয়ার্ড বা এনক্রিপশন কি দিতে হবে।

ব্যাকআপে সমস্যা হলে করণীয়

ব্যাকআপ ফিরিয়ে আনার অপশন না এলে একই ফোন নম্বর ও গুগল বা অ্যাপল অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে কি না যাচাই করতে হবে। ইন্টারনেট সংযোগ এবং ফোন ও ক্লাউড স্টোরেজে পর্যাপ্ত জায়গা থাকাও জরুরি।

ব্যাকআপ নিতে সমস্যা হলে গুগল ড্রাইভ বা আইক্লাউডের অপ্রয়োজনীয় ফাইল মুছে জায়গা খালি করে ওয়াই-ফাই সংযোগে আবার চেষ্টা করা যেতে পারে।

পুরোনো চ্যাট হারিয়ে গেলে মনে রাখতে হবে, নতুন ব্যাকআপ আগের ব্যাকআপের জায়গা নেয়। ফলে সাধারণত সর্বশেষ ব্যাকআপটিই ফিরিয়ে আনা যায়। তাই ফোন বদলানোর আগে ব্যাকআপ নেওয়া উচিত।

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে বা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে চ্যাট স্থানান্তরের ক্ষেত্রে গুগল ড্রাইভ বা আইক্লাউডের ব্যাকআপ কাজ করবে না। এ জন্য হোয়াটসঅ্যাপের আনুষ্ঠানিক ট্রান্সফার পদ্ধতি ব্যবহার করতে হবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন