মোবাইল ডেটা সাশ্রয়ে অ্যান্ড্রয়েডের লুকানো সেটিংস বন্ধ করবেন যেভাবে
সারাদিন ওয়াই-ফাই সংযুক্ত থাকলেও অজান্তেই খরচ হতে পারে মোবাইল ডেটা। অ্যান্ড্রয়েডের একটি বিশেষ সেটিংস চালু থাকার কারণে ওয়াই-ফাই ব্যবহার করার সময়ও ফোনের মোবাইল নেটওয়ার্ক সক্রিয় থাকে। তবে ডেভেলপার অপশনের একটি সেটিংস বন্ধ করে এই অপ্রয়োজনীয় ডেটা খরচ কমানো সম্ভব।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেকইউজঅবের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েডে ‘মোবাইল ডেটা অলওয়েজ অ্যাকটিভ’ নামের একটি সেটিংস সাধারণত ডিফল্টভাবে চালু থাকে। এর ফলে ওয়াই-ফাই সংযুক্ত থাকলেও ফোনের মোবাইল নেটওয়ার্ক সক্রিয় থাকে।
ওয়াই-ফাই চালু থাকলেও কেন খরচ হয় ডেটা
অ্যান্ড্রয়েডে এই সুবিধা রাখার মূল উদ্দেশ্য হলো ওয়াই-ফাই ও মোবাইল ডেটার মধ্যে দ্রুত সংযোগ পরিবর্তন নিশ্চিত করা। ফলে ওয়াই-ফাই সংযোগ বিচ্ছিন্ন হলে বা দুর্বল হয়ে পড়লে ফোন দ্রুত মোবাইল নেটওয়ার্কে চলে যেতে পারে। এতে ভিডিও স্ট্রিমিং বা অনলাইন নেভিগেশনে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা কমে।

তবে এই প্রক্রিয়ায় মোবাইল নেটওয়ার্ক সার্বক্ষণিক সক্রিয় থাকে। নেটওয়ার্ক সংযোগ সচল রাখতে ফোন নিয়মিত তথ্য আদান-প্রদান করে। ওয়াই-ফাইয়ের গতি কমে গেলে বা সংযোগে সাময়িক সমস্যা দেখা দিলে অ্যান্ড্রয়েড কিছু ব্যাকগ্রাউন্ড কার্যক্রম মোবাইল ডেটার মাধ্যমে পরিচালনা করতে পারে। এভাবে ব্যবহারকারীর অজান্তেই মাস শেষে উল্লেখযোগ্য পরিমাণ ডেটা খরচ হতে পারে।
যেভাবে বন্ধ করবেন লুকানো সেটিংস
সেটিংসটি বন্ধ করতে প্রথমে ফোনের সেটিংস থেকে ‘অ্যাবাউট ফোন’ অপশনে যেতে হবে। সেখানে ‘বিল্ড নম্বর’ খুঁজে টানা সাতবার ট্যাপ করতে হবে। স্যামসাং ফোনে ‘সফটওয়্যার ইনফরমেশন’ অপশনের ভেতরে বিল্ড নম্বর পাওয়া যাবে। এরপর পিন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিশ্চিত করলে ডেভেলপার অপশন চালু হবে।
এরপর সেটিংসে ফিরে ‘ডেভেলপার অপশন’ খুলতে হবে। সেখানকার ‘নেটওয়ার্কিং’ বিভাগে গিয়ে ‘মোবাইল ডেটা অলওয়েজ অ্যাকটিভ’ অপশনটি বন্ধ করে দিতে হবে।
এটি বন্ধ করলে ওয়াই-ফাই সংযুক্ত থাকা অবস্থায় ফোনের মোবাইল ডেটা সংযোগ নিষ্ক্রিয় থাকবে। তবে ওয়াই-ফাইয়ের মাধ্যমে নোটিফিকেশন, মেসেজ ও ব্যাকগ্রাউন্ড সিঙ্ক্রোনাইজেশনের কাজ স্বাভাবিকভাবে চলবে। ফোনকল ও সাধারণ খুদে বার্তা আসতেও সমস্যা হবে না। তবে ওয়াই-ফাই সংযোগ বিচ্ছিন্ন হলে মোবাইল নেটওয়ার্কে ফিরতে কয়েক সেকেন্ড বেশি সময় লাগতে পারে।
স্বয়ংক্রিয় নেটওয়ার্ক পরিবর্তনও বন্ধ করুন
শুধু ডেভেলপার অপশনের সেটিংস বন্ধ করলেই সব ক্ষেত্রে ডেটা খরচ বন্ধ নাও হতে পারে। কারণ বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠানের ফোনে ওয়াই-ফাই দুর্বল হলে স্বয়ংক্রিয়ভাবে মোবাইল ডেটায় চলে যাওয়ার আলাদা সুবিধা রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি ফোনে সেটিংসের ‘কানেকশনস’ থেকে ‘ওয়াই-ফাই’ অপশনে যেতে হবে। এরপর তিন ডট মেনু থেকে ‘ইন্টেলিজেন্ট ওয়াই-ফাই’ খুলে ‘সুইচ টু মোবাইল ডেটা’ বন্ধ করতে হবে।
অন্যদিকে গুগল পিক্সেল ফোনে সেটিংসের ‘নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট’ থেকে ‘অ্যাডাপটিভ কানেক্টিভিটি’ অপশনটি বন্ধ করতে হবে। অ্যান্ড্রয়েডের সংস্করণভেদে এখানে ‘অটো-সুইচ টু মোবাইল নেটওয়ার্ক’ নামে আলাদা অপশনও থাকতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, এসব সুবিধা বন্ধ রাখলে ওয়াই-ফাইয়ের সংযোগ দুর্বল হলেও ফোন স্বয়ংক্রিয়ভাবে মোবাইল ডেটায় চলে যাবে না। ফলে বাসা বা অফিসে ওয়াই-ফাই ব্যবহারের সময় অনাকাঙ্ক্ষিত মোবাইল ডেটা খরচ কমানো সম্ভব।