অ্যাপল কারপ্লেতে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন সুবিধা আনল গুগল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৭:০৭

অ্যাপল কারপ্লেতে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন সুবিধা আনল গুগল

গাড়ি চালানোর সময় অ্যাপ থেকে বের না হয়েই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই সহকারীর সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য জানা এবং প্রয়োজনীয় স্থান খুঁজে নেওয়া যাবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম পকেট-লিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ‘জেমিনি ইন নেভিগেশন’ নামের এই সুবিধার মাধ্যমে চালকেরা স্বাভাবিক কথোপকথনের মতো নির্দেশনা দিতে পারবেন। যেমন, কাছাকাছি পেট্রল পাম্প বা কফিশপ খোঁজা কিংবা টোল সড়ক এড়িয়ে যাওয়ার অনুরোধ জানালে জেমিনি প্রয়োজনীয় তথ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে যাত্রাপথও পরিবর্তন করে দেবে।

সুবিধাটি ব্যবহার করতে গাড়ির ডিসপ্লেতে গুগল ম্যাপস চালু করে ডান পাশে থাকা জেমিনি আইকনে ট্যাপ করতে হবে। এরপর যাত্রাপথের বাইরের বিষয়েও প্রশ্ন করা যাবে। যেমন, কাছাকাছি ভালো রেস্তোরাঁ কোথায় আছে বা কোথায় টেনিস খেলা যায়, তা জানতে চাওয়া যাবে।

একাধিক ধাপের নির্দেশনাও বুঝতে পারবে জেমিনি। কোনো সুন্দর পার্ক খুঁজে দেওয়ার পাশাপাশি সেখানে যাওয়ার উপযুক্ত সময় জানাতেও বলা যাবে। পথে চোখে পড়া কোনো স্থাপনা সম্পর্কে তথ্য জানা কিংবা যানজট ও সড়কের প্রতিবন্ধকতার খবর জানাতেও ব্যবহার করা যাবে এই সুবিধা।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অ্যাপল কারপ্লে ব্যবহারকারীদের জন্য গুগল ম্যাপসে জেমিনি সুবিধা চালু হয়েছে। গুগল জানিয়েছে, বিশ্বজুড়েও পর্যায়ক্রমে এটি চালু করা হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের বাইরের ব্যবহারকারীরাও শিগগিরই সুবিধাটি পাবেন।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন