গুগলের এআই সার্চে তৈরি পাসওয়ার্ড যে কারণে নিরাপদ নয়

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৭:০৩

গুগলের এআই সার্চে তৈরি পাসওয়ার্ড যে কারণে নিরাপদ নয়

নতুন পাসওয়ার্ড তৈরির জন্য গুগল সার্চের এআই ওভারভিউ ব্যবহার করা নিরাপদ নয়। কারণ, এই সুবিধায় তৈরি পাসওয়ার্ড একাধিক ব্যবহারকারীর কাছে একই হতে পারে। এতে বিভিন্ন অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহারের ঝুঁকি তৈরি হচ্ছে, যা হ্যাকারদের জন্য অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ সহজ করতে পারে।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) পরামর্শক নাটালিয়া উইটচিক এক লিংকডইন পোস্টে বিষয়টি তুলে ধরেছেন। তার মতে, গুগলের এআই ওভারভিউতে প্রচলিত ও বেশি অনুসন্ধান করা প্রশ্নের উত্তর আগে থেকেই তৈরি করে সংরক্ষণ করা হয়। এতে সার্ভারের ব্যয় কমে এবং দ্রুত উত্তর দেখানো যায়। ফলে একই প্রশ্নের উত্তরে একাধিক ব্যবহারকারী একই পাসওয়ার্ড পেতে পারেন।

পিসিম্যাগের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টে লগইন করে ‘জেনারেট আ পাসওয়ার্ড’ লিখে অনুসন্ধান করলে এআই ওভারভিউ থেকে পাসওয়ার্ড পাওয়া গেছে। পরীক্ষায় একই পাসওয়ার্ড একাধিক গুগল অ্যাকাউন্ট ও ডিভাইসে দেখা গেছে। এমনকি ছদ্মবেশী মোডে এবং বিভিন্ন ইন্টারনেট সংযোগ ব্যবহার করেও একই ফল পাওয়া গেছে। কয়েক দিন পরেও একই পাসওয়ার্ড দেখিয়েছে গুগল।

তবে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টে লগ-ইন করা অবস্থায় কিংবা অ্যাকাউন্টে প্রবেশ না করে অনুসন্ধান করলে পরীক্ষায় পাসওয়ার্ড তৈরি করেনি এআই ওভারভিউ। পরীক্ষায় পাওয়া পাসওয়ার্ডের দৈর্ঘ্য ও অক্ষর বিন্যাস উইটচিকের প্রকাশিত উদাহরণের সঙ্গে মেলেনি। তারপরও একই পাসওয়ার্ড বারবার দেখানোর বিষয়টি উদ্বেগ তৈরি করেছে।

পিসিম্যাগের আরেক প্রতিবেদনে গুগলের জেমিনি দিয়ে পাসওয়ার্ড তৈরির ঝুঁকি তুলে ধরা হয়েছিল। প্রতিবেদক কিম কি জেমিনিকে পাঁচটি পাসওয়ার্ড তৈরি করতে বলেছিলেন। দেখা যায়, প্রতিটি পাসওয়ার্ডে অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন একই ধারাবাহিকতায় সাজানো ছিল। ফলে পাসওয়ার্ডগুলো অনুমান করে ভাঙার ঝুঁকি তৈরি হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা ও এলোমেলোভাবে তৈরি পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। এ কাজে নির্ভরযোগ্য পাসওয়ার্ড তৈরির টুল বা পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা নিরাপদ।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন