ব্যক্তিগত তথ্য সুরক্ষায় গুগল হোমের যে সেটিংস বন্ধ রাখবেন
স্মার্ট হোম ডিভাইসের মাধ্যমে ঘরের বাতি নিয়ন্ত্রণ, গান শোনা কিংবা বিভিন্ন কাজের নির্দেশ দিতে গুগল হোম ব্যবহার করেন অনেকে। তবে এসব সুবিধা ব্যবহারের সময় ব্যক্তিগত নানা তথ্যও গুগলের সঙ্গে আদান-প্রদান হয়। তাই তথ্যের গোপনীয়তা রক্ষায় গুগল হোমের কয়েকটি সেটিংস পর্যালোচনা করা জরুরি।
গুগল ব্যবহারকারীর অনুসন্ধানের তথ্য কাজে লাগিয়ে ইউটিউব, গুগল ম্যাপস ও গুগল অ্যাডসে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী কনটেন্ট ও বিজ্ঞাপন দেখাতে পারে। ব্যবহারকারীর দেওয়া তথ্যের ওপর নির্ভর করে গুগল নাম, পাসওয়ার্ড, ফোন নম্বর, অর্থ পরিশোধের তথ্য এমনকি ভয়েস রেকর্ডিংও সংরক্ষণ করতে পারে। এসব তথ্যের ব্যবহার নিয়ন্ত্রণে ভয়েস রেকর্ডিং স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা এবং ওয়েব অ্যাক্টিভিটি, লোকেশন ও সার্চ হিস্ট্রি বন্ধ রাখার সুযোগ রয়েছে।
তবে কিছু সেটিংস বন্ধ করলে স্মার্ট ডিভাইসের নির্দিষ্ট সুবিধা কাজ নাও করতে পারে। কারণ, এসব ডিভাইস সচল রাখতে কিছু তথ্য ও গোপনীয়তা সেটিংস চালু থাকা প্রয়োজন।
গুগল হোমের ভয়েস রেকর্ডিং মুছবেন যেভাবে
গুগল হোমে কথা বলে নির্দেশ দিলে সেসব কথার রেকর্ডিং সংরক্ষণ হতে পারে। ব্যবহারকারীর অভিজ্ঞতা ব্যক্তিগতকরণ এবং পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন বা কনটেন্ট দেখাতে এসব তথ্য কাজে লাগায় গুগল। তবে ভয়েস রেকর্ডিং সংরক্ষণ চালু বা বন্ধ করার পাশাপাশি আগের রেকর্ডিং মুছে ফেলারও সুযোগ রয়েছে।

ভয়েস রেকর্ডিং সংরক্ষণ নিয়ন্ত্রণ করতে গুগল অ্যাকাউন্টের ‘ডেটা অ্যান্ড প্রাইভেসি’ বিভাগে যেতে হবে। এরপর ‘হিস্ট্রি সেটিংস’ থেকে ‘ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি’ নির্বাচন করতে হবে। সেখানে ‘ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি’ অপশনটি টিক চিহ্ন দিয়ে চালু বা বন্ধ করা যাবে।
রেকর্ডিং স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলতে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ থেকে ‘হিস্ট্রি সেটিংস’ এবং ‘ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি’ বিভাগে যেতে হবে। এরপর গুগল অ্যাসিস্ট্যান্ট আইকনে ক্লিক করে ‘অটো-ডিলিট’ অপশন নির্বাচন করতে হবে।
গুগল হোমের মাধ্যমে অবস্থান শনাক্ত করার সুবিধা বন্ধ করতে স্মার্টফোনের লোকেশন সেটিংস বন্ধ করতে হবে। ওয়াই-ফাই নেটওয়ার্কে ফোনের সংযোগের তথ্য ব্যবহার করে ডিভাইসটি অবস্থান বুঝতে পারে। সংযোগ ফিরে এলে সেই তথ্য কাজে লাগিয়ে ঘরের বাতি জ্বালানোসহ বিভিন্ন কাজের রুটিন চালু করতে পারে। ফোনের লোকেশন বন্ধ করলে এসব রুটিনের কিছু সুবিধা অকার্যকর হতে পারে। তাই ঘরের নিরাপত্তা ও স্বয়ংক্রিয় কার্যক্রমের প্রয়োজন বিবেচনা করে এ সেটিংস পরিবর্তন করা উচিত।
ওয়েব অ্যাক্টিভিটি ও সার্চ হিস্ট্রি বন্ধ করবেন যেভাবে
গুগলের ‘ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি’ ফিচারটি ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্ট ও বিভিন্ন সেবায় করা কার্যক্রমের তথ্য সংরক্ষণ করে। গুগল হোমের গোপনীয়তা সেটিংস থেকে এটি বন্ধ করলে অনুসন্ধানের তথ্য ব্যবহার করে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী সুপারিশ দেখানো এবং অবস্থানের ভিত্তিতে আশপাশের জায়গার তথ্য দেওয়ার সুবিধা সীমিত হবে।

এ সেটিংস বন্ধ করতে গুগল অ্যাকাউন্টের ‘ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি’ বিভাগে গিয়ে ফিচারটি নিষ্ক্রিয় করতে হবে। এতে গুগল হোম ব্যবহারকারীর আগের অনুসন্ধানের ভিত্তিতে পছন্দসই পণ্য বা কনটেন্টের পরামর্শ দিতে পারবে না। আগের প্রশ্নের তথ্য না থাকায় গুগল হোমের কিছু উত্তরও কম কার্যকর হতে পারে।
গুগল হোমে ব্যক্তিগত তথ্যের ব্যবহার নিয়ে উদ্বিগ্ন হলে প্রয়োজন অনুযায়ী এসব সেটিংস পরিবর্তন করা যেতে পারে। তবে কোন সুবিধা চালু বা বন্ধ রাখবেন, তা নির্ভর করবে ব্যক্তিগত গোপনীয়তার চাহিদা এবং স্মার্ট ডিভাইস ব্যবহারের ধরনের ওপর।