গুগলের অ্যাপ আইকনে আসছে রঙের নতুন বৈচিত্র্য
গুগলের বিভিন্ন অ্যাপের আইকনে নতুন গ্রেডিয়েন্ট নকশা যুক্ত হচ্ছে। পুরোনো একরঙা ও সমতল নকশার বদলে নতুন আইকনগুলোতে ব্যবহার করা হয়েছে নরম রঙের মিশ্রণ, গোলাকার কোণ এবং বৈচিত্র্যময় নকশা। গুগলের অ্যাপগুলোর সামগ্রিক নকশায় পরিবর্তন আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের শেষ দিকে নতুন নকশার আইকন উন্মোচন শুরু করে গুগল। এবার ধাপে ধাপে প্রতিষ্ঠানটির অন্যান্য অ্যাপেও এই নকশা যুক্ত হচ্ছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন-টু-ফাইভ গুগল নতুন আইকনগুলোর ছবি প্রকাশ করেছে।
নতুন নকশায় গুগল শিটস, স্লাইডস, ফর্মস, সাইটস ও কিপ অ্যাপের আইকনেও পরিবর্তন এসেছে। এসব অ্যাপের আইকনে এত দিন থাকা কাগজের পাতার মতো নকশা বাদ দেওয়া হয়েছে। কয়েকটি আইকনে আড়াআড়ি বিন্যাস ব্যবহার করা হয়েছে। চ্যাট অ্যাপের আইকনেও চার রঙের বুদ্বুদের বদলে সবুজ রঙের নতুন নকশা দেখা গেছে।
গুগলের জি লোগো, জেমিনি, ফটোজ ও ম্যাপস অ্যাপেও ইতোমধ্যে একই ধরনের নকশা যুক্ত হয়েছে। নাইন-টু-ফাইভ গুগলের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নকশাটি এআই-চালিত ফিচারের উপস্থিতিও তুলে ধরে।
তবে নতুন আইকনগুলো কবে থেকে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে গুগল এখনো নির্দিষ্ট সময় জানায়নি।