ইন্দোনেশিয়ায় ইনফিনিক্সের প্রথম বৈশ্বিক কনসেপ্ট স্টোর চালু
ইন্দোনেশিয়ার বালিতে প্রথম বৈশ্বিক ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর চালু করেছে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। গত ৩১ অক্টোবর উদ্বোধন করা স্টোরটিতে প্রযুক্তিপণ্য দেখার পাশাপাশি কফি পান, গেমিং ও বিভিন্ন সৃজনশীল আয়োজনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
ইনফিনিক্সের মূল প্রতিষ্ঠান ট্রানশান হোল্ডিংসের ব্র্যান্ডগুলোর মধ্যে এ ধরনের স্টোর এটিই প্রথম। প্রযুক্তির সঙ্গে দৈনন্দিন জীবন ও বিনোদনের অভিজ্ঞতা যুক্ত করার লক্ষ্য নিয়ে ‘জয় টেক’ ভাবনার অংশ হিসেবে স্টোরটি চালু করেছে প্রতিষ্ঠানটি।
স্টোরের সাজসজ্জায় ধাতব পৃষ্ঠ, ডিজিটাল ভিজ্যুয়াল এবং রোবটিক হাতের স্থাপনা ব্যবহার করা হয়েছে। এখানে নোট ৬০ ও হট ৭০ সিরিজের স্মার্টফোনের পাশাপাশি জিটি ৫০ প্রো, জেডক্লিপ ২ প্রো ইয়ারবাডস, স্পেস ম্যাক্স ওয়্যারলেস হেডফোন এবং এক্সএনার্জি পোর্টেবল পাওয়ার স্টেশন প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীরা সরাসরি এসব পণ্য ব্যবহার করে দেখতে পারবেন।
ইনফিনিক্সের ‘১+২+এক্স’ ধারণার ভিত্তিতে সাজানো হয়েছে স্টোরটি। এতে প্রযুক্তিপণ্যের অভিজ্ঞতার পাশাপাশি রয়েছে রোবটিক হাতের স্থাপনা এবং ‘এন_এক্স’ নামে নিজস্ব কফি ব্র্যান্ড। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া কিংবা পণ্য দেখার ফাঁকে বিশ্রাম নেওয়ার সুযোগও থাকছে কফি কর্নারে।
এই ধারণার ‘এক্স’ অংশে সময়ের সঙ্গে নতুন আয়োজন যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে গেমিং, সংগীত, খেলাধুলা এবং স্থানীয় সৃজনশীল ব্যক্তিদের সঙ্গে যৌথ কার্যক্রম। শিল্পী ও সংগীতশিল্পীদের সঙ্গে নতুন কনটেন্ট ও অভিজ্ঞতা তৈরির পাশাপাশি দর্শনার্থীদের অংশগ্রহণ এবং মতামত দেওয়ার সুযোগও রাখতে চায় প্রতিষ্ঠানটি।
ইনফিনিক্স জানিয়েছে, নিয়মিত নতুন প্রদর্শনী ও আয়োজনের মাধ্যমে দর্শনার্থীদের বারবার স্টোরে ফিরিয়ে আনতে চায় তারা।
চলতি বছর ইন্দোনেশিয়ায় আরও পাঁচটি ফ্ল্যাগশিপ স্টোর চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। অন্যান্য দেশেও একই ধরনের স্টোর চালুর সম্ভাবনা বিবেচনা করছে ইনফিনিক্স। তবে ভবিষ্যতের স্টোরগুলো বালির স্টোরের অনুকরণে তৈরি হবে না; বরং স্থানীয় সংস্কৃতি, মানুষের পছন্দ ও জীবনযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে সেগুলোর নকশা করা হবে।