কম্পিউটারের গতি কমার ভয়ে অ্যান্টিভাইরাস বন্ধ রাখছেন?

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৪:৩৯

কম্পিউটারের গতি কমার ভয়ে অ্যান্টিভাইরাস বন্ধ রাখছেন?

একসময় কম্পিউটারে অ্যান্টিভাইরাস সফটওয়্যার চালু রাখলে যন্ত্রের গতি কমে যেত। এ কারণে অনেক ব্যবহারকারী কাজের সুবিধার জন্য অ্যান্টিভাইরাস বন্ধ করে রাখতেন। তবে আধুনিক অ্যান্টিভাইরাস সফটওয়্যার আগের তুলনায় অনেক বেশি কার্যকর ও কম সম্পদনির্ভর। ফলে কম্পিউটারের গতি কমার আশঙ্কায় অ্যান্টিভাইরাস বন্ধ রাখার প্রয়োজন নেই।

প্রযুক্তিবিষয়ক সাময়িকী পিসিম্যাগের প্রতিবেদনে বলা হয়েছে, পুরোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার কম্পিউটারের ফাইল ও প্রোগ্রাম পরীক্ষা করতে বিশাল ভাইরাস-তথ্যভান্ডারের ওপর নির্ভর করত। প্রতিবার কোনো প্রোগ্রাম চালু করার সময় সফটওয়্যারটি সেই তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখত। পুরোনো হার্ডড্রাইভে এ প্রক্রিয়ায় অতিরিক্ত চাপ পড়ত এবং কম্পিউটারের গতি কমে যেত।

পরবর্তী সময়ে অ্যান্টিভাইরাস সফটওয়্যারে ফায়ারওয়াল, স্প্যাম ফিল্টার ও অভিভাবকীয় নিয়ন্ত্রণের মতো সুবিধা যুক্ত হয়। এসব সুবিধা চালাতে আলাদা প্রক্রিয়া ব্যবহারের কারণে প্রসেসর ও মেমোরির ওপর চাপ আরও বাড়ত। ফলে অনেক ব্যবহারকারী কাজের গতি বাড়াতে অ্যান্টিভাইরাস বন্ধ করে দিতেন। কিন্তু একবার বন্ধ করার পর অনেকেই আর সেটি চালু করতেন না।

আধুনিক অ্যান্টিভাইরাসে এ সমস্যা অনেকটাই কমেছে। এখন ভাইরাসের তথ্যভান্ডারের বড় অংশ ক্লাউডে সংরক্ষিত থাকে। নিরাপদ ফাইল শনাক্ত হলে সেগুলো বারবার পরীক্ষা করতে হয় না। পাশাপাশি ফায়ারওয়ালসহ বাড়তি সুবিধাগুলো সমন্বিতভাবে কাজ করায় কম্পিউটারের রিসোর্সের ব্যবহারও কমে।

প্রযুক্তির উন্নতিও অ্যান্টিভাইরাসের কার্যকারিতা বাড়িয়েছে। আধুনিক এসএসডি, একাধিক কোরের প্রসেসর এবং উইন্ডোজের উন্নত নিরাপত্তাব্যবস্থার কারণে এখন অ্যান্টিভাইরাস পেছনে থেকে কাজ করলেও কম্পিউটারের স্বাভাবিক গতিতে তেমন প্রভাব ফেলে না।

পিসিম্যাগের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্টিভাইরাসের পারফরম্যান্স মূল্যায়নে এভি-টেস্ট ও এভি-কমপারেটিভসের মতো প্রতিষ্ঠান কাজ করে। এভি-টেস্ট সর্বোচ্চ ৬ পয়েন্টের মাধ্যমে সিস্টেমের ওপর সফটওয়্যারের প্রভাব মূল্যায়ন করে। অন্যদিকে এভি-কমপারেটিভস পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন মানের স্বীকৃতি দেয়।

প্রতিবেদনে অ্যাভাস্ট ওয়ান ফ্রি, এভিজি অ্যান্টিভাইরাস ফ্রি, বিটডিফেন্ডার অ্যান্টিভাইরাস প্লাস, নরটন অ্যান্টিভাইরাস প্লাস, ইসেট এনওডি৩২ ও ম্যাকাফি প্লাসের নাম উল্লেখ করা হয়েছে। এসব সফটওয়্যারের মধ্যে সাতটি দুই পরীক্ষাতেই সর্বোচ্চ মূল্যায়ন পেয়েছে।

তাই শুধু কম্পিউটারের গতি কমার আশঙ্কায় অ্যান্টিভাইরাস বন্ধ রাখা উচিত নয়। সফটওয়্যার বাছাইয়ের ক্ষেত্রে বাজেট, নিরাপত্তা পরীক্ষার ফলাফল ও প্রয়োজনীয় সুবিধাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন পিসিম্যাগের প্রতিবেদক নিল জে রুবেনকিং।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন