আইফোনে ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় সিরির যে ৫ সেটিংস বদলানো জরুরি

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৫:৩৯

আইফোনে ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় সিরির যে ৫ সেটিংস বদলানো জরুরি

আইফোনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী সিরি ব্যবহারকারীর বিভিন্ন কাজ সহজ করে। তবে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখতে সিরির কিছু সেটিংস পরিবর্তন করা জরুরি। এসব সেটিংসের মাধ্যমে সিরির বিভিন্ন অ্যাপে প্রবেশাধিকার, তথ্য ব্যবহারের অনুমতি এবং কথোপকথনের ইতিহাস সংরক্ষণের সময়সীমা নিয়ন্ত্রণ করা যায়।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজিআরের প্রতিবেদনে সিরির এআই ব্যবহারের সময় ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় পাঁচটি সেটিংস পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে।

সিরিতে চ্যাটজিপিটির প্রবেশাধিকার বন্ধ করুন

সিরির সঙ্গে চ্যাটজিপিটি যুক্ত থাকলে ব্যবহারকারীর কিছু অনুরোধের উত্তর দিতে চ্যাটজিপিটি ব্যবহার করা হতে পারে। এ সুবিধা বন্ধ করতে আইফোনের ‘সেটিংস’ থেকে ‘সিরি’ অপশনে গিয়ে ‘এক্সটেনশনস’ অংশে থাকা ‘চ্যাটজিপিটি’ নির্বাচন করতে হবে। এরপর চ্যাটজিপিটির এক্সটেনশন বন্ধ করা যাবে।

অ্যাপ থেকে সিরির তথ্য সংগ্রহ সীমিত করুন

সিরি বিভিন্ন অ্যাপের তথ্য ব্যবহার করে ব্যক্তিগতকৃত পরামর্শ দিতে পারে। কোন অ্যাপের তথ্য সিরি ব্যবহার করবে, তা নিয়ন্ত্রণ করতে ‘সেটিংস’ থেকে ‘সিরি’ অপশনে গিয়ে সংশ্লিষ্ট অ্যাপ নির্বাচন করুন। এরপর ‘লার্ন ফ্রম দিস অ্যাপ’ ও ‘সাজেস্ট অ্যাপ’ অপশন বন্ধ করে দিতে পারেন। পাশাপাশি ‘অটোমেটিক ভিজ্যুয়াল লুকআপ’ বন্ধ রাখলে ছবির তথ্য স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করার সুবিধাও সীমিত করা যাবে।

অ্যাপলের সঙ্গে বিশ্লেষণমূলক তথ্য শেয়ার বন্ধ করুন

সিরি ও অ্যাপলের এআই-সুবিধা উন্নত করার জন্য ব্যবহারের কিছু তথ্য অ্যাপলের সঙ্গে শেয়ার করার অপশন রয়েছে। এ ধরনের তথ্য শেয়ার করতে না চাইলে ‘সেটিংস’ থেকে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ অপশনে গিয়ে ‘অ্যানালিটিকস অ্যান্ড ইমপ্রুভমেন্টস’ নির্বাচন করুন। এরপর ‘ইমপ্রুভ সিরি অ্যান্ড অ্যাপল ইন্টেলিজেন্স’ অপশন বন্ধ করে দিন।

সিরির কথোপকথনের ইতিহাস সংরক্ষণের সময় কমান

সিরির সঙ্গে করা কথোপকথনের ইতিহাস দীর্ঘ সময় সংরক্ষিত থাকলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। তাই ইতিহাস সংরক্ষণের সময়সীমা কমিয়ে এক বছর বা ৩০ দিন নির্ধারণ করা যেতে পারে। প্রয়োজনে নির্দিষ্ট কথোপকথনও মুছে ফেলা যায়। এ জন্য সিরির সেটিংসে কথোপকথনের ইতিহাস ও সংরক্ষণসংক্রান্ত অপশনগুলো দেখতে হবে।

‘হেই সিরি’ ফিচার বন্ধ করুন

কণ্ঠস্বরের মাধ্যমে সিরি চালু করার সুবিধা ব্যবহার করতে না চাইলে ‘হেই সিরি’ বা ‘সিরি’ বলে সক্রিয় হওয়ার অপশন বন্ধ রাখতে পারেন। এতে কণ্ঠস্বরের মাধ্যমে সহকারী চালু হওয়ার সুযোগ কমবে। বিকল্প হিসেবে সিরিতে লিখে নির্দেশ দেওয়া বা স্পটলাইট সার্চ ব্যবহার করা যায়। চাইলে সিরি পুরোপুরিও বন্ধ করা সম্ভব।

বিজিআরের প্রতিবেদনে বলা হয়েছে, সিরির এআই সুবিধা এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং এতে অ্যাপলের নিজস্ব প্রযুক্তির পাশাপাশি গুগলের জেমিনি মডেলও ব্যবহৃত হচ্ছে। তবে অ্যাপল ব্যবহারকারীর তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করছে বা সম্মতি ছাড়া ব্যবহার করছে, এমন কোনো প্রমাণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ব্যক্তিগত তথ্যের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে তাই প্রয়োজন অনুযায়ী এসব সেটিংস পরিবর্তন করা যেতে পারে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন