এআই দিয়ে গেম ও সিনেমার দৃশ্য তৈরির নতুন মডেল এনেছে গুগল
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বাস্তবসম্মত ভার্চ্যুয়াল জগৎ তৈরির নতুন মডেল ‘জিনি ৪’ প্রকাশ করেছে গুগল ডিপমাইন্ড। এতে দৃশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শব্দ, সংগীত ও কথোপকথন তৈরি করা যায়। সিমুলেশন চলার সময় নির্দেশনা দিয়ে আবহাওয়া, ক্যামেরার কোণ কিংবা দৃশ্যের মানুষ ও বস্তু পরিবর্তনও করা সম্ভব।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, আগের সংস্করণ জিনি ৩-এর তুলনায় নতুন মডেলটি আরও বাস্তবসম্মত দৃশ্য ও মানুষের মতো চরিত্র তৈরি করতে পারে। একটি দৃশ্যের ধারাবাহিকতা সর্বোচ্চ দুই মিনিট ধরে রাখতে পারে জিনি ৪, যা আগের সংস্করণের দ্বিগুণ। বর্তমানে এটি গবেষণামূলক প্রিভিউ হিসেবে পরীক্ষকদের জন্য উন্মুক্ত।
গুগলের এআই মডেল জেমিনির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জিনি ৪ বিভিন্ন কাজের ধাপ সিমুলেট করতে পারে। গুগল রোবোটিকস-সংশ্লিষ্ট একটি গবেষণায় জেমিনি ৪ আর্গন মডেল কাজকে কয়েকটি ধাপে ভাগ করে, আর জিনি ৪ সেগুলো তাৎক্ষণিকভাবে সিমুলেট করে। বাস্তবে প্রয়োগের আগে ভার্চ্যুয়াল পরিবেশে রোবটের কাজ পরীক্ষা করাও এর সম্ভাব্য ব্যবহার।
গেম তৈরি ও ইন্টারঅ্যাকটিভ শিক্ষার পাশাপাশি সিনেমার প্রাথমিক পরিকল্পনা এবং স্টোরিবোর্ড তৈরিতেও মডেলটি কাজে লাগতে পারে। গুগল ডিপমাইন্ডের প্রকৌশলী দিয়েগো রিভাসের মতে, দৃশ্য তাৎক্ষণিকভাবে বদলে নতুন ধারণা পরীক্ষা করার সুবিধা সৃজনশীল কাজের প্রাথমিক পর্যায়ে কার্যকর হবে।
জিনি ৪ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। দীর্ঘ সময় সিমুলেশন চললে দৃশ্যের বস্তু বা বিবরণ বদলে যেতে পারে। শব্দের নির্ভুলতা এবং ভার্চ্যুয়াল জগতের ভেতরের লেখা স্পষ্টভাবে দেখানোর সমস্যারও পুরোপুরি সমাধান হয়নি।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে গুগল এআই আলট্রা সাবস্ক্রাইবারদের জন্য প্রজেক্ট জিনিতে মডেলটি চালু করা হবে। পাশাপাশি জেমিনি এপিআই ও গুগল এআই স্টুডিওর কিছু প্রাথমিক ব্যবহারকারীও এটি ব্যবহারের সুযোগ পাবেন।