এআই ব্যবহারের খরচ কমাতে নতুন মডেল এনেছে ওপেনএআই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের খরচ কমাতে জিপিটি-৬.১ টেরা নামের নতুন মডেল এনেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির দাবি, আগের সংস্করণের তুলনায় নতুন মডেলটি নির্দিষ্ট কাজ ৫০ শতাংশ কম খরচে সম্পন্ন করতে পারে। পাশাপাশি যুক্তি বিশ্লেষণ, ছবি বুঝতে পারা এবং কম্পিউটারে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার সক্ষমতাও বেড়েছে।
কম্পিউটারওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, এজেন্টস লাস্ট এক্সাম বেঞ্চমার্ক পরীক্ষায় জিপিটি-৬.১ টেরা ৬০ শতাংশ স্কোর করেছে। আগের জিপিটি-৫.৬ টেরা মডেলের স্কোর ছিল ৫০ দশমিক ৭ শতাংশ। নতুন মডেলটি প্রতি কাজ সম্পন্ন করতে ব্যয় করেছে ১ দশমিক ০১ ডলার, যেখানে আগের মডেলটির ব্যয় ছিল ৩ দশমিক ৫৮ ডলার।
ছবি বিশ্লেষণের পরীক্ষাতেও উন্নতি করেছে নতুন মডেলটি। এমএমএমইউ-প্রো বেঞ্চমার্কে জিপিটি-৬.১ টেরা ৮৫ দশমিক ৫ শতাংশ স্কোর করেছে, আগের মডেলটির স্কোর ছিল ৮১ দশমিক ৭ শতাংশ। তবে কম্পিউটারে বিভিন্ন কাজ সম্পন্ন করার পরীক্ষায় মডেলটি ৭৪ দশমিক ২ শতাংশ স্কোর করেছে। এ ক্ষেত্রে অ্যানথ্রপিকের ক্লড সনেট ৫.৫-এর স্কোর ৮৩ দশমিক ৯ শতাংশ।
ওপেনএআই জানিয়েছে, নতুন মডেলে ভুল তথ্য দেওয়ার প্রবণতাও কমেছে। সর্বোচ্চ যুক্তি বিশ্লেষণ সেটিংসে এর ভুলের হার ৪ দশমিক ৩ শতাংশ। সাইবার নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় মডেলটিতে জিপিটি-৬ অ্যাস্ট্রার নিরাপত্তাব্যবস্থাও যুক্ত করা হয়েছে।
জিপিটি-৬.১ টেরা চ্যাটজিপিটি ওয়ার্ক এবং কোডেক্সে প্লাস, প্রো, এন্টারপ্রাইজ ও এডু ব্যবহারকারীদের জন্য পাওয়া যাচ্ছে। ডেভেলপাররা ওপেনএআইয়ের এপিআইয়ের মাধ্যমেও মডেলটি ব্যবহার করতে পারবেন। প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের দাম ১ ডলার এবং আউটপুট টোকেনের দাম ৫ ডলার। সংরক্ষিত ইনপুট টোকেনের ক্ষেত্রে খরচ প্রতি ১০ লাখে ০.০৫ ডলার।
তবে গ্রেহাউন্ড রিসার্চের প্রধান বিশ্লেষক মনে করেন, শুধু টোকেনের দাম দিয়ে এআই ব্যবহারের প্রকৃত খরচ নির্ধারণ করা যায় না। ফলাফল যাচাই, ভুল সংশোধন এবং বিদ্যমান ব্যবস্থার সঙ্গে এআই যুক্ত করার খরচও বিবেচনায় নিতে হবে।