গুগলে ব্যক্তিগত তথ্যের ব্যবহার নিয়ন্ত্রণ করবেন যেভাবে

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩:১৫

গুগলে ব্যক্তিগত তথ্যের ব্যবহার নিয়ন্ত্রণ করবেন যেভাবে

জেমিনিকে জিমেইল, গুগল ড্রাইভ ও গুগল ফটোজের ফাইল ব্যবহারের অনুমতি দিলে সেসব তথ্যের ভিত্তিতে ব্যক্তিকেন্দ্রিক বিজ্ঞাপন দেখাতে পারে গুগল। প্রতিষ্ঠানের হালনাগাদ গোপনীয়তা নীতিতে এ সুযোগের বিষয়টি উঠে এসেছে। তবে গুগল জানিয়েছে, ব্যবহারকারীর অনুমতি ছাড়া ড্রাইভ বা ফটোজের তথ্য স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হয় না।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজিআরের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড অথরিটি প্রথম গুগলের নীতিমালার এই পরিবর্তন শনাক্ত করে। ব্যবহারকারী জেমিনিকে কোনো স্প্রেডশিট বিশ্লেষণ করতে দিলে কিংবা সংযুক্ত সেবার তথ্য ব্যবহার করে গুগলে অনুসন্ধান করলে, সেই তথ্য বিজ্ঞাপন দেখানোর ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, জেমিনির সঙ্গে কথোপকথন সরাসরি বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হবে না। তবে ফাইলে থাকা তথ্য বিজ্ঞাপন নির্বাচনে প্রভাব ফেলতে পারে।

এর ফলে ব্যক্তিগত আর্থিক নথি, ভ্রমণের ছবি কিংবা অন্যান্য ফাইলের তথ্যের ভিত্তিতে অনলাইনে আরও নির্দিষ্ট বিজ্ঞাপন দেখানো হতে পারে। ফাইলগুলো সরাসরি বিজ্ঞাপনদাতাদের কাছে পাঠানো না হলেও সেগুলোর প্রাসঙ্গিক তথ্য ও মেটাডেটা ব্যবহারকারীর বিজ্ঞাপন প্রোফাইল তৈরিতে ভূমিকা রাখতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, গুগল এই সুবিধাকে ঐচ্ছিক হিসেবে উপস্থাপন করলেও নতুন ফোন বা অন্যান্য সেবা ব্যবহারের সময় অনেকেই শর্তগুলো ভালোভাবে না বুঝে অনুমতি দিতে পারেন। বিশেষ করে পিক্সেল ফোনের মতো ডিভাইসে জেমিনি আগে থেকেই যুক্ত থাকায় ব্যবহারকারীরা সহজে বিভিন্ন সমন্বিত সুবিধা চালু করতে পারেন।

ব্যক্তিগত ফাইলের তথ্য বিজ্ঞাপন নির্বাচনে ব্যবহার হওয়া ঠেকাতে গুগল অ্যাকাউন্টের সেটিংস থেকে এ ধরনের সুবিধা বন্ধ করা যায়। এ জন্য গুগল অ্যাকাউন্টের ‘ডেটা অ্যান্ড প্রাইভেসি’ বিভাগে গিয়ে ‘পারসোনালাইজেশন সেটিংস’ খুলতে হবে। এরপর ‘সার্চ সার্ভিসেস’ বিভাগের ‘পারসোনালাইজড রেকমেন্ডেশনস’ বন্ধ করা যায়। বিকল্পভাবে ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ বিভাগের ‘কানেক্টেড কনটেন্ট অ্যাপস’ থেকে জিমেইল, ফটোজ বা ড্রাইভের মতো সংযুক্ত অ্যাপের অনুমতি প্রত্যাহার করা সম্ভব।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন