নেটফ্লিক্সে ‘অ্যাকাউন্ট অন হোল্ড’ সমস্যার কারণ ও সমাধান
নেটফ্লিক্সে ‘আপনার সর্বশেষ পেমেন্টে সমস্যার কারণে অ্যাকাউন্ট স্থগিত রাখা হয়েছে’ বার্তা দেখালে বুঝতে হবে, সাবস্ক্রিপশনের টাকা পরিশোধের চেষ্টা সফল হয়নি। পেমেন্টের মাধ্যমের মেয়াদ শেষ হওয়া, পর্যাপ্ত টাকা না থাকা কিংবা ব্যাংক লেনদেন অনুমোদন না করাসহ বিভিন্ন কারণে এ সমস্যা হতে পারে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নেটফ্লিক্সে E101 ত্রুটি কোড দেখালে ব্যবহারকারীরা আগের পেমেন্ট পদ্ধতির তথ্য হালনাগাদ করতে পারেন অথবা নতুন পেমেন্ট পদ্ধতি যুক্ত করতে পারেন। এতে সাধারণত সেবাটি আবার ব্যবহার করা সম্ভব হয়।
কেন এ সমস্যা হয়
নেটফ্লিক্সের অ্যাকাউন্টে ‘অন হোল্ড’ বার্তা দেখানোর কয়েকটি কারণ রয়েছে। পেমেন্টের মাধ্যম, যেমন ব্যাংক কার্ডে পর্যাপ্ত টাকা না থাকলে এ সমস্যা হতে পারে। কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও বা সেটি আর বৈধ না থাকলেও পেমেন্ট ব্যর্থ হতে পারে।
এ ছাড়া ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান মাসিক বিলের লেনদেন অনুমোদন না করলে কিংবা নেটফ্লিক্সে সংরক্ষিত পেমেন্টের তথ্যের সঙ্গে ব্যাংকের নথিতে থাকা তথ্যের অমিল থাকলেও এ ত্রুটি দেখা দিতে পারে। কার্ডে আগের কোনো লেনদেনের টাকা আটকে থাকলে ব্যবহারযোগ্য ব্যালান্স কমে যাওয়ার কারণেও পেমেন্ট ব্যর্থ হতে পারে।

যেভাবে সমস্যার সমাধান করবেন
প্রথমে নেটফ্লিক্সের ‘ম্যানেজ পেমেন্ট ম্যাথড’ পেজে প্রবেশ করুন। প্রয়োজনে অ্যাকাউন্টে সাইন ইন করুন। এরপর ‘আপডেট’ অপশনে গিয়ে আগের পেমেন্ট পদ্ধতির তথ্য হালনাগাদ করুন। নতুন কোনো পদ্ধতিতে বিল পরিশোধ করতে চাইলে ‘চেইঞ্জ পেমেন্ট ম্যাথড’ নির্বাচন করে সেটি যুক্ত করুন।
পেমেন্টের তথ্য হালনাগাদ করার পরও একই বার্তা দেখালে ডিভাইসে ফিরে গিয়ে পেজটি রিফ্রেশ করুন। এরপরও সমস্যার সমাধান না হলে ব্যাংক বা সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন। প্রয়োজনে নেটফ্লিক্সের বিল পরিশোধের জন্য অন্য কোনো পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে পারেন।
নেটফ্লিক্স জানিয়েছে, বিল পরিশোধের চেষ্টা ব্যর্থ হলে বিলিং চক্র চলাকালে নির্দিষ্ট বিরতিতে স্বয়ংক্রিয়ভাবে আবার টাকা কাটার চেষ্টা করা হয়। তাই পেমেন্টের তথ্য ও অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালান্স নিশ্চিত করা জরুরি।