হোয়াটসঅ্যাপে স্টোরেজ খালি করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে ছবি, ভিডিও, নথি ও অন্যান্য ফাইল জমতে জমতে অনেক সময় স্মার্টফোনের স্টোরেজের বড় অংশ দখল হয়ে যায়। এতে ফোনে নতুন ছবি, ভিডিও বা অ্যাপ রাখার স্টোরেজ কমে যেতে পারে। তবে হোয়াটসঅ্যাপের নিজস্ব স্টোরেজ ব্যবস্থাপনা সুবিধা ব্যবহার করে বেশি স্টোরেজ দখল করা ফাইল খুঁজে বের করা এবং অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা যায়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে একসঙ্গে একাধিক ফাইল নির্বাচন করে মুছে ফেলার পাশাপাশি নির্দিষ্ট কথোপকথনে থাকা বড় ফাইলগুলোও আলাদাভাবে খুঁজে দেখা যায়। ফলে প্রয়োজনীয় বার্তা বা পুরো কথোপকথন মুছে না ফেলেই ফোনের স্টোরেজ খালি করা সম্ভব।
হোয়াটসঅ্যাপে কত স্টোরেজ ব্যবহার হচ্ছে দেখবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে কতটুকু স্টোরেজ ব্যবহৃত হচ্ছে, তা জানতে প্রথমে অ্যাপটি খুলুন। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন।
- হোয়াটসঅ্যাপের মূল পর্দায় ওপরের তিনটি বিন্দুতে চাপ দিন।
- ‘সেটিংস’ থেকে ‘স্টোরেজ ও ডেটা’ বিভাগে যান।
- ‘স্টোরেজ ব্যবস্থাপনা’ নির্বাচন করুন।
এখানে হোয়াটসঅ্যাপ ফোনের কতটুকু স্টোরেজ ব্যবহার করছে, তা দেখা যাবে। পাশাপাশি কোন ফাইলগুলো বেশি স্টোরেজ দখল করে আছে, সেগুলোও পর্যালোচনা করা যাবে।
নির্দিষ্ট কোনো কথোপকথনের ফাইল দেখতে চাইলে সেই কথোপকথন খুলুন। এরপর ব্যক্তি বা গ্রুপের নামের ওপর চাপ দিয়ে ‘স্টোরেজ ব্যবস্থাপনা’ বিভাগে যান। সেখানে ফাইলগুলো আকার অনুযায়ী বড় থেকে ছোট ক্রমে দেখা যাবে।

অপ্রয়োজনীয় ছবি ও ভিডিও মুছবেন যেভাবে
বেশি স্টোরেজ দখল করা ছবি, ভিডিও বা নথি মুছতে স্টোরেজ ব্যবস্থাপনা বিভাগে গিয়ে নির্দিষ্ট কথোপকথন বা চ্যানেল নির্বাচন করুন। এরপর যেসব ফাইল মুছতে চান, সেগুলো আলাদাভাবে নির্বাচন করুন। একাধিক ফাইল একসঙ্গে মুছতে পারবেন। সব ফাইল মুছতে চাইলে ‘সব নির্বাচন করুন’ অপশন ব্যবহার করে ‘মুছুন’ নির্বাচন করুন।
তবে ফাইল মুছে ফেলার আগে সতর্ক থাকা জরুরি। এভাবে মুছে ফেলা ফাইল স্থায়ীভাবে মুছে যেতে পারে এবং সংশ্লিষ্ট কথোপকথন থেকে পরে আবার নামিয়ে নেওয়া সম্ভব নাও হতে পারে। ফাইলটি মুছে ফেললেও অন্য অংশগ্রহণকারীরা তাদের কথোপকথনে সেটি দেখতে পারবেন।
এ ছাড়া হোয়াটসঅ্যাপ থেকে ফাইল মুছে ফেললেই ফোনে থাকা তার সব কপি মুছে যায় না। একই ফাইলের একাধিক কপি থাকলে স্টোরেজ খালি করতে সেগুলোও মুছতে হতে পারে।
খুঁজে ফাইল মুছবেন যেভাবে
নির্দিষ্ট কোনো ছবি, ভিডিও বা নথি খুঁজে মুছতে হোয়াটসঅ্যাপের কথোপকথনের তালিকার ওপরের অনুসন্ধান সুবিধা ব্যবহার করা যায়। সেখানে ছবি, ভিডিও বা নথি নির্বাচন করে কাঙ্ক্ষিত ফাইলটি খুঁজে বের করুন। এরপর ফাইলটি খুলে মুছে ফেলার অপশন নির্বাচন করুন।
এভাবে পুরো কথোপকথন মুছে না ফেলেই অপ্রয়োজনীয় বড় ফাইল সরিয়ে ফোনের স্টোরেজ খালি করা যায়।