ফেসবুক অ্যাকাউন্টের যোগাযোগের তথ্য বদলাবেন যেভাবে
ফেসবুক অ্যাকাউন্টে নতুন ই-মেইল অ্যাড্রেস যুক্ত করা, পুরোনো অ্যাড্রেস সরিয়ে ফেলা কিংবা নতুন অ্যাড্রেস দিয়ে সেটি পরিবর্তন করা যায়। এ জন্য ফেসবুকের অ্যাকাউন্টস সেন্টার থেকে যোগাযোগের তথ্য ব্যবস্থাপনা করতে হবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে ই-মেইল অ্যাড্রেস যোগ, অপসারণ ও পরিবর্তনের পদ্ধতি তুলে ধরা হয়েছে।
ফেসবুকে নতুন ই-মেইল অ্যাড্রেস যোগ করবেন যেভাবে
ফেসবুক অ্যাকাউন্টে নতুন ই-মেইল অ্যাড্রেস যুক্ত করতে প্রথমে ফেসবুক খুলে ওপরের ডান পাশে নিজের প্রোফাইল ছবিতে চাপ দিতে হবে। এরপর ‘সেটিংস ও গোপনীয়তা’ থেকে ‘সেটিংস’ নির্বাচন করে ‘অ্যাকাউন্টস সেন্টার’-এ প্রবেশ করতে হবে।
সেখান থেকে ‘ব্যক্তিগত তথ্য’ বিভাগে গিয়ে ‘যোগাযোগের তথ্য’ নির্বাচন করুন। এরপর ‘নতুন যোগাযোগের তথ্য যোগ করুন’ অপশনে চাপ দিয়ে ‘ই-মেইল অ্যাড্রেস যোগ করুন’ নির্বাচন করতে হবে। নতুন ই-মেইল অ্যাড্রেস লিখে কোন অ্যাকাউন্টে এটি যুক্ত করতে চান, তা নির্বাচন করে পরবর্তী ধাপে যেতে হবে।
নতুন ই-মেইল অ্যাড্রেসে একটি নিশ্চিতকরণ কোড পাঠানো হবে। কোডটি নির্দিষ্ট ঘরে লিখে পরবর্তী ধাপ অনুসরণ করলে অ্যাড্রেসটি অ্যাকাউন্টে যুক্ত হবে।

ফেসবুক থেকে ই-মেইল অ্যাড্রেস সরাবেন যেভাবে
পুরোনো ই-মেইল অ্যাড্রেস সরাতে প্রথমে প্রোফাইল ছবি থেকে ‘সেটিংস ও গোপনীয়তা’ এবং এরপর ‘সেটিংস’-এ যেতে হবে। সেখান থেকে ‘অ্যাকাউন্টস সেন্টার’-এর ‘ব্যক্তিগত তথ্য’ বিভাগে গিয়ে ‘যোগাযোগের তথ্য’ নির্বাচন করুন।
এবার যে ই-মেইল অ্যাড্রেসটি সরাতে চান, সেটিতে চাপ দিয়ে ‘ই-মেইল মুছে ফেলুন’ নির্বাচন করতে হবে। এরপর মুছে ফেলার বিষয়টি নিশ্চিত করতে হবে। নিরাপত্তার কারণে ফেসবুক আবার পাসওয়ার্ড চাইতে পারে। সে ক্ষেত্রে পাসওয়ার্ড দিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
ফেসবুকে ই-মেইল অ্যাড্রেস পরিবর্তন করবেন যেভাবে
ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত ই-মেইল অ্যাড্রেস পরিবর্তন করতে হলে প্রথমে পুরোনো অ্যাড্রেসটি সরিয়ে নতুন অ্যাড্রেস যুক্ত করতে হবে। নতুন অ্যাড্রেসে পাঠানো নিশ্চিতকরণ কোড দিয়ে সেটি যাচাই করাও প্রয়োজন।
এ ছাড়া অ্যাকাউন্টে যুক্ত ই-মেইল অ্যাড্রেসটি কারা দেখতে পারবেন, তা নিয়ন্ত্রণ করা যায়। চাইলে কোন ই-মেইল অ্যাড্রেসটি প্রধান অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হবে, সেটিও পরিবর্তন করা সম্ভব।