সাইবার হামলা বেড়ে যাওয়ায় জাপানে জরুরি অবস্থা ঘোষণা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৪:৫৮

সাইবার হামলা বেড়ে যাওয়ায় জাপানে জরুরি অবস্থা ঘোষণা

জাপানে একের পর এক সাইবার হামলায় গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় উদ্বেগ বেড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির ২০টির বেশি বড় প্রতিষ্ঠান হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে। পরিস্থিতিকে সাইবার জগতের জরুরি অবস্থা হিসেবে বর্ণনা করেছেন দেশটির সাইবার নিরাপত্তা কৌশলবিষয়ক সদর দপ্তরের প্রধান মাসাকি তাইরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি ভাড়া, রেল, খুচরা বিক্রেতা, হাসপাতাল ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় কয়েক কোটি গ্রাহকের তথ্য ফাঁস হয়ে থাকতে পারে।

তথ্য ফাঁসের ঝুঁকি কমাতে জাপানের আর্থিক সেবা নিয়ন্ত্রক সংস্থা ব্যাংকগুলোকে নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে শুধু ড্রাইভিং লাইসেন্সের ওপর নির্ভর না করার পরামর্শ দিয়েছে। এর পরিবর্তে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের মতো চিপযুক্ত পরিচয়পত্র ব্যবহারে দ্রুত সরে আসতে বলা হয়েছে।

গাড়ি ভাড়া দেওয়ার প্রতিষ্ঠান টাইমস কারের অ্যাপে সংরক্ষিত ড্রাইভিং লাইসেন্সের ডিজিটাল ছবি ফাঁস হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, এসব ছবি ডার্ক ওয়েবে প্রতিটি মাত্র ২৫ ইয়েন বা প্রায় ১৫ সেন্টে বিক্রি হতে পারে।

রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান জেআর ইস্ট জানিয়েছে, তাদের টিকিট বুকিং ব্যবস্থা থেকে প্রায় ১৬ লাখ ৭০ হাজার গ্রাহকের ই-মেইল অ্যাড্রেস ফাঁস হয়ে থাকতে পারে। ক্লাউড সেবাদাতা আইডিসি ফ্রন্টিয়ারে প্রকাশিত র‍্যানসমওয়্যার হামলার সঙ্গে এ ঘটনা এবং আরও কয়েক শ প্রতিষ্ঠানের তথ্য ফাঁসের যোগসূত্র রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জাপানের সাইবার নিরাপত্তামন্ত্রী তোশিহারু ফুরুকাওয়াও পরিস্থিতিকে অত্যন্ত সংকটজনক বলে বর্ণনা করেছেন। বিশেষজ্ঞদের মতে, পুরোনো প্রযুক্তি, দুর্বল নিরাপত্তাব্যবস্থা এবং ডিজিটাল রূপান্তরে ধীরগতির কারণে দেশটির প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সাইবার অপরাধীরা এখন কম সময় ও দক্ষতা ব্যয় করে আরও বেশি সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করতে পারে। ফলে বিশ্বজুড়ে সাইবার হামলার ঝুঁকি আরও বাড়ছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন