স্টারলিংকের গ্রাহকসেবায় মানুষের বিকল্প হচ্ছে গ্রোক এআই
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভয়েস মডেল ‘গ্রোক ভয়েস ৩.০’ উন্মুক্ত করেছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটির দাবি, মডেলটি মানুষের সহায়তা ছাড়াই স্টারলিংকের গ্রাহকসেবার প্রায় ৭০ শতাংশ কল সামলাতে পারে। প্রতিদিন প্রায় ২০ হাজার গ্রাহকের কল পরিচালনার সক্ষমতা রয়েছে মডেলটির।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ফাইন্যান্স বিগগোর প্রতিবেদনে বলা হয়েছে, কণ্ঠস্বরের মাধ্যমে কথোপকথন ও কাজ সম্পন্ন করার সক্ষমতা যাচাইকারী প্ল্যাটফর্ম আর্টিফিশিয়াল অ্যানালাইসিসের পরীক্ষায় যৌথ সূচকে ১০০-এর মধ্যে ৮৬ দশমিক ৯ স্কোর পেয়েছে গ্রোক ভয়েস ৩.০। এতে ওপেনএআইয়ের জিপিটি-লাইভ-১ এবং গুগলের জেমিনি ৩.৮ লাইভের চেয়ে এগিয়ে রয়েছে মডেলটি। তবে ব্যবহারকারীদের পছন্দ, কয়েকটি নির্দিষ্ট কাজের পরীক্ষা এবং প্রাথমিক সাড়ার গতিতে সব প্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে যেতে পারেনি এটি।
স্পেসএক্স জানিয়েছে, স্টারলিংকের গ্রাহকসেবায় মডেলটি গ্রাহকের পরিচয় যাচাই, যন্ত্রের সমস্যা শনাক্ত, সংযোগসংক্রান্ত ত্রুটি সমাধান, অ্যাকাউন্টে ক্রেডিট দেওয়া এবং বিকল্প যন্ত্র পাঠানোর ব্যবস্থা করতে পারে। বিক্রয়সংক্রান্ত কলের ক্ষেত্রে প্রতি চারটির একটিতে কথোপকথন শেষ হওয়ার আগেই পণ্য বিক্রি সম্পন্ন হচ্ছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
তবে স্বয়ংক্রিয়ভাবে ৭০ শতাংশ কল সমাধানের তথ্যটি স্পেসএক্সের নিজস্ব হিসাব। এ ক্ষেত্রে কত সময়ের তথ্য বিশ্লেষণ করা হয়েছে, কতটি কল পরীক্ষা করা হয়েছে এবং কোন মানদণ্ডে সমস্যার সমাধানকে স্বয়ংক্রিয় বলে গণ্য করা হয়েছে, তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
পরীক্ষায় গ্রোক ভয়েস ৩.০-এর প্রাথমিক সাড়ার গড় সময় ছিল শূন্য দশমিক ৮১ সেকেন্ড। স্পেসএক্সের দাবি, আগের সংস্করণের তুলনায় মডেলটির সাড়ার সময় ৪০ শতাংশ কমেছে। তবে তৃতীয় পক্ষের পরীক্ষায় আগের গ্রোক ভয়েস ২.০-এর প্রাথমিক সাড়ার সময় ছিল শূন্য দশমিক ৭০ সেকেন্ড। ফলে দুই সংস্করণের তুলনায় পরীক্ষার পদ্ধতি ও পরিস্থিতির পার্থক্য বিবেচনায় নেওয়া জরুরি।
মডেলটি ব্যবহারের খরচ প্রতি মিনিটে শূন্য দশমিক শূন্য ৮ ডলার, যা ঘণ্টায় ৪ দশমিক ৮০ ডলার। ভয়েস এজেন্ট এপিআই ও ভয়েস এজেন্ট বিল্ডারের মাধ্যমে এটি ব্যবহার করা যাচ্ছে। টেসলার গাড়িতেও গ্রোক ভয়েস ৩.০ ব্যবহার করা হচ্ছে। গাড়ির ভেতরে কথোপকথনের পাশাপাশি ক্যালেন্ডার ব্যবস্থাপনা, বার্তা পাঠানো এবং গাড়ির বিভিন্ন সেটিংস নিয়ন্ত্রণের মতো কাজে এটি সহায়তা করতে পারে।
গ্রোক ভয়েস ৩.০-এর পরীক্ষার ফল দেখাচ্ছে, ভয়েস এআইয়ের প্রতিযোগিতা এখন শুধু মানুষের মতো কথা বলার মধ্যে সীমাবদ্ধ নেই। গ্রাহকের সমস্যা সমাধান, নির্দেশ অনুযায়ী কাজ সম্পন্ন করা এবং বাস্তব ব্যবহারে নির্ভরযোগ্যতা অর্জনও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।