গেমপ্রেমীদের জন্য ৯৯ গ্রাম ওজনের কন্ট্রোলার আনছে এক্সবক্স

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৭

গেমপ্রেমীদের জন্য ৯৯ গ্রাম ওজনের কন্ট্রোলার আনছে এক্সবক্স

শিশু-কিশোর ও ছোট হাতের ব্যবহারকারীদের কথা বিবেচনায় নিয়ে নতুন গেম কন্ট্রোলার উন্মোচন করেছে মাইক্রোসফটের গেমিং ব্র্যান্ড এক্সবক্স। ‘এক্সবক্স ন্যানো কন্ট্রোলার’ নামের ডিভাইসটির দৈর্ঘ্য পাঁচ ইঞ্চির কিছু বেশি এবং ওজন মাত্র ৯৯ গ্রাম। প্রচলিত এক্সবক্স কন্ট্রোলারের বোতাম ও নিয়ন্ত্রণব্যবস্থা থাকছে এতে। এর দাম ৫০ ডলার।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, কন্ট্রোলারটিতে রয়েছে রিচার্জযোগ্য ব্যাটারি ও ব্লুটুথ সংযোগ। ফলে এক্সবক্স কনসোল ও কম্পিউটারের পাশাপাশি আইফোন, আইপ্যাড, অ্যান্ড্রয়েডচালিত ডিভাইস এবং নির্দিষ্ট কিছু স্মার্ট টিভিতেও এটি ব্যবহার করা যাবে।

কন্ট্রোলারটিতে রয়েছে প্রোগ্রাম করা যায় এমন একটি অ্যাকশন বোতাম। এক্সবক্স অ্যাকসেসরিজ অ্যাপের মাধ্যমে বোতামটি স্ক্রিনশট নেওয়া বা গেম খেলার ভিডিও ধারণের মতো কাজে ব্যবহার করা যাবে।

ছুটির মৌসুমে যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কিছু স্যামসাং টিভি কিনলে নতুন গ্রাহকেরা এই কন্ট্রোলারের সঙ্গে দুই মাসের গেম পাস আলটিমেট সাবস্ক্রিপশন পাবেন। মেটার কোয়েস্ট ভার্চ্যুয়াল রিয়েলিটি হেডসেটের সঙ্গেও একই ধরনের অফার চালুর পরিকল্পনা রয়েছে।

আগামী মাস থেকে ক্লাউড গেমিং ব্যবহারের সময়সীমা নির্ধারণ করছে এক্সবক্স। গেম পাস আলটিমেট গ্রাহকেরা টিভি, কোয়েস্ট হেডসেট বা অন্য ডিভাইসে ক্লাউডের মাধ্যমে মাসে সর্বোচ্চ ১৫ ঘণ্টা গেম খেলতে পারবেন। এর বেশি সময় খেলতে হলে আলাদা করে সময়ের ক্রেডিট কিনতে হবে।

কবে পাওয়া যাবে

এক্সবক্স ন্যানো কন্ট্রোলারের আগাম অর্ডার নেওয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে আগামী ৪ নভেম্বর থেকে পণ্যটি সরবরাহ করা হবে। আগামী মাসে আরও ৩৫টি দেশের বাজারে এটি আসবে। পরবর্তী সময়ে অন্যান্য বাজারেও পাওয়া যাবে বলে জানিয়েছে এক্সবক্স।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন