ভারতের প্রযুক্তি উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও পরামর্শ দেবে আইবিএম

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৩:০২

ভারতের প্রযুক্তি উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও পরামর্শ দেবে আইবিএম

ভারতের ডিপ-টেক স্টার্টআপগুলোকে প্রযুক্তিগত প্রশিক্ষণ, বিশেষজ্ঞদের পরামর্শ ও ব্যবসা সম্প্রসারণে সহায়তা দেবে আইবিএম। এ লক্ষ্যে গত ১৩ অক্টোবর দেশটির ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগ মেইটি স্টার্টআপ হাবের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যানালিটিকস ইন্ডিয়া ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), হাইব্রিড ক্লাউড ও কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কাজ করা স্টার্টআপগুলো এ উদ্যোগের আওতায় আইবিএমের প্রযুক্তি ও উদ্ভাবন প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ পাবে। পাশাপাশি নতুন প্রযুক্তির পরীক্ষামূলক সংস্করণ তৈরি, যাচাই ও বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করে তুলতে সহায়তা দেওয়া হবে।

সহযোগিতার আওতায় আইবিএমের ওয়াটসনএক্স এআই ও ডেটা প্ল্যাটফর্ম, বব এআই কোডিং এজেন্ট এবং সভরেন কোর সফটওয়্যার ব্যবহারের সুযোগ থাকবে। ব্যাংকিং, আর্থিক সেবা, সরকারি খাত ও শিল্পপ্রতিষ্ঠানের প্রয়োজন মেটাতে প্রযুক্তিভিত্তিক সমাধান তৈরির বিষয়েও কাজ করবে দুই পক্ষ।

এ ছাড়া স্টার্টআপগুলোর সঙ্গে বড় প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের যোগাযোগের সুযোগ তৈরি করা হবে। ভারতের দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলোর সম্ভাবনাময় প্রযুক্তি উদ্যোক্তাদের চিহ্নিত করা এবং তাদের সহায়তা দেওয়াও এ উদ্যোগের লক্ষ্য।

স্টার্টআপ হাবের প্রধান নির্বাহী পন্নিসেলভাম মাদানাগোপাল বলেন, এ সহযোগিতা ভারতের নিজস্ব উন্নত প্রযুক্তি সক্ষমতা বাড়াতে এবং প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে। আইবিএম ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সন্দীপ প্যাটেল জানান, এর মাধ্যমে উদ্যোক্তারা দেশীয় ও আন্তর্জাতিক বাজারের উপযোগী প্রযুক্তি তৈরি এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন