উইন্ডোজ ১১-এর অডিও সমস্যা নিয়ে বিপাকে ব্যবহারকারীরা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭

উইন্ডোজ ১১-এর অডিও সমস্যা নিয়ে বিপাকে ব্যবহারকারীরা

সেপ্টেম্বরের হালনাগাদের পর উইন্ডোজ ১১-এর অডিও ব্যবস্থায় বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। ইউএসবি অডিও ডিভাইস কাজ না করা, শব্দ না পাওয়া এবং ভলিউম নিয়ন্ত্রণে সমস্যা হওয়াসহ বিভিন্ন ত্রুটির সমাধান পেতে ব্যবহারকারীদের অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

মাইক্রোসফট এসব সমস্যার সমাধান আগামী ১৩ অক্টোবরের ‘প্যাচ টিউসডে’ হালনাগাদে দেওয়ার পরিকল্পনা করছে। এর আগে পর্যন্ত আক্রান্ত ব্যবহারকারীদের বিভিন্ন অডিও সমস্যার মধ্যেই কম্পিউটার ব্যবহার করতে হবে।

কিছু কম্পিউটারে ইউএসবি অডিও ডিভাইসের ক্ষেত্রে ‘কোড ১০’ ত্রুটি দেখাচ্ছে। এর ফলে শব্দ পাওয়া যাচ্ছে না। কোথাও আবার ভলিউম নিয়ন্ত্রণ কাজ করছে না বা শূন্যে আটকে থাকছে এবং শব্দের সেটিংসও ব্যবহার করা যাচ্ছে না।

কিছু ক্ষেত্রে সাধারণ স্টেরিও অডিও কাজ করলেও মাল্টিচ্যানেল বা থ্রিডি অডিও সুবিধা কাজ করছে না।

এএমডি গ্রাফিকসেও সমস্যা

সেপ্টেম্বরের হালনাগাদের পর এএমডি রেডিয়ন গ্রাফিকস কার্ড ব্যবহারকারীদেরও বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। আরএক্স ৬৬০০, আরএক্স ৭৭০০ এক্সটি, আরএক্স ৭৮০০ এক্সটি, আরএক্স ৭৯০০ জিআরই, আরএক্স ৭৯০০ এক্সটিএক্স ও আরএক্স ৯০৭০ এক্সটির মতো মডেলে ড্রাইভার বন্ধ হয়ে যাওয়া, কালো পর্দা, ডিসপ্লে না দেখানো এবং কম্পিউটার ক্র্যাশ করার অভিযোগ পাওয়া যাচ্ছে।

এসব সমস্যা শুধু গেম খেলার সময় নয়, সাধারণ কাজের সময়ও দেখা দিতে পারে

ব্যাকআপ নিয়েও সমস্যা

ফাইল এক্সপ্লোরার ও ফাইল হিস্ট্রি সুবিধাতেও সেপ্টেম্বরের হালনাগাদের পর সমস্যা দেখা দিয়েছে। এর ফলে নতুন ব্যাকআপ তৈরি না হওয়া এবং আগে তৈরি করা ব্যাকআপ আর পাওয়া না যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এতে ব্যাকআপে থাকা গুরুত্বপূর্ণ ফাইল পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়তে পারে

তবে জরুরি একটি হালনাগাদের মাধ্যমে কিছু সমস্যা ইতোমধ্যে সমাধান করেছে মাইক্রোসফট। এর মধ্যে ক্লড কোওয়ার্ক ও রিমোট ডেস্কটপ সার্ভিসেস-সংক্রান্ত সমস্যা এবং ভুয়া ডিফেন্ডার সতর্কবার্তার বিষয়ও রয়েছে।

সূত্র : পিসিওয়ার্ল্ড

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন