মহাকাশে চালু হলো গুগলের প্রথম এআই ডেটা সেন্টার

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৩:৫৯

মহাকাশে চালু হলো গুগলের প্রথম এআই ডেটা সেন্টার
ছবি: সংগৃহীত

মহাকাশে পরীক্ষামূলক এআই ডেটা সেন্টার স্যাটেলাইট চালু করেছে গুগল। ‘সানক্যাচার’ প্রকল্পের আওতায় তৈরি স্যাটেলাইটটি গত অক্টোবরে উৎক্ষেপণের পর কয়েক সপ্তাহের পরীক্ষা শেষে পৃথিবীর সঙ্গে যোগাযোগ শুরু করেছে। ভবিষ্যতে পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টারের নেটওয়ার্ক গড়ে তোলার পথ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম কম্পিউটারওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইটটিতে গুগলের চারটি টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) চিপ রয়েছে। এসব চিপ এআই মডেল চালানোর কাজে ব্যবহৃত হয়। স্যাটেলাইটটি সর্বোচ্চ এক কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা দিয়ে একটি এআই চিপ প্রায় ২০ মিনিট সচল রাখা সম্ভব বলে টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রাথমিক পরীক্ষায় গুগল ডিপমাইন্ডের এআই মডেল জেমা ৪-কে মহাকাশের জীবন নিয়ে হাইকু কবিতা লেখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি স্যাটেলাইটটি নিজের কক্ষপথের পরিবেশ সম্পর্কেও তথ্য পাঠিয়েছে।

এখন মহাকাশের চরম তাপমাত্রা ও বিকিরণের মধ্যে চিপগুলো কতটা কার্যকর থাকে, তা পরীক্ষা করবে গুগল। পরীক্ষাগুলো সফল হলে ২০২৭ সালে আরও দুটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

দীর্ঘমেয়াদে একাধিক স্যাটেলাইটের সমন্বয়ে এমন একটি নেটওয়ার্ক গড়ে তুলতে চায় গুগল, যা মহাকাশ থেকেই জটিল এআই গণনা সম্পন্ন করতে পারবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন