এআই যুগে সিরিকে আরও কার্যকর করার উদ্যোগ অ্যাপলের
এআই যুগের উপযোগী করে সিরিকে নতুনভাবে গড়ে তুলছে অ্যাপল। নতুন সংস্করণের সিরি আইফোনের পর্দায় থাকা তথ্য বিশ্লেষণ, বিভিন্ন অ্যাপ পরিচালনা এবং একাধিক অ্যাপের তথ্য কাজে লাগিয়ে ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী কাজ করতে পারবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সিরির নির্মাতা ড্যাগ কিটলস ও অ্যাডাম শেয়ার ২০০৭ সালে টম গ্রুবারকে সঙ্গে নিয়ে সিরি নামের স্টার্টআপ প্রতিষ্ঠা করেন। স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটের একটি ধারণার ভিত্তিতে তৈরি সিরির মূল লক্ষ্য ছিল শুধু তথ্য খোঁজা নয়, ব্যবহারকারীর হয়ে কাজ করে দেওয়া। তারা এই ধারণাকে ‘ডু ইঞ্জিন’ হিসেবে বর্ণনা করেছিলেন।
২০১০ সালে ২০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থে সিরি কিনে নেয় অ্যাপল। পরের বছর আইফোন ৪এস-এ যুক্ত হয় সিরি। তবে দীর্ঘ সময় ধরে ব্যবহারকারীরা মূলত অ্যালার্ম সেট করা, গান চালানো ও সহজ কিছু কাজের জন্যই এটি ব্যবহার করেছেন।
এবার আইওএস ২৭-এর সঙ্গে সিরির বড় পরিবর্তন আনছে অ্যাপল। নতুন সিরি আইফোনের পর্দায় কী আছে তা বুঝতে পারবে এবং ক্যালেন্ডার, মেসেজসহ বিভিন্ন অ্যাপের তথ্য কাজে লাগিয়ে একাধিক ধাপে কাজ করতে পারবে। সিএনএনের পরীক্ষায় সিরি মেসেজে থাকা আসন্ন ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট খুঁজে বের করেছে, বন্ধুর পাঠানো বার্তা থেকে একটি ব্যান্ডের তথ্য বের করেছে এবং ইনস্টাগ্রাম থেকে পাওয়া বাঁধাকপির সালাদের রেসিপি পরে ব্যবহারের জন্য সিরি অ্যাপে পাঠিয়েছে।
সিরির নির্মাতাদের মতে, অ্যাপলের আইফোন ও অ্যাপল ওয়াচের বিস্তৃত ব্যবহার এবং গোপনীয়তার ওপর গুরুত্ব নতুন সিরিকে এগিয়ে রাখতে পারে। তবে গুগল ও অ্যান্ড্রয়েডেরও জিমেইল, ম্যাপসসহ নিজস্ব সেবার মাধ্যমে ব্যবহারকারীর তথ্য কাজে লাগানোর সুযোগ রয়েছে।

নতুন সিরির জন্য প্রয়োজনীয় কিছু এআই কাজ ডিভাইসে না করে অ্যাপলের প্রাইভেট ক্লাউড কম্পিউটের মাধ্যমে করা হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যই শুধু সার্ভারে পাঠানো হবে। এআই সুবিধা বাড়াতে অ্যাপল গুগল ক্লাউডও ব্যবহার করছে, কারণ কিছু এআই ফিচারে গুগলের জেমিনি ব্যবহৃত হচ্ছে।
এআই সহকারীরা এখন ব্যবহারকারীর জটিল নির্দেশ বুঝে একাধিক ধাপে কাজ করতে পারছে। তবে এতে অ্যামাজন, উবার, ওপেনটেবল বা এয়ারবিএনবির মতো সেবার ব্যবসায়িক মডেলে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ব্যবহারকারীরা যদি সিরি বা অন্য এআই সহকারীর মাধ্যমে কেনাকাটা, রেস্তোরাঁ বা ভ্রমণ বুকিং করেন, তাহলে সরাসরি এসব অ্যাপে যাওয়ার প্রয়োজন কমতে পারে।
অ্যাপল জানিয়েছে, নতুন সিরি ৩ লাখের বেশি অ্যাপের সঙ্গে কাজ করতে পারবে। সিরির নির্মাতাদের একজন ড্যাগ কিটলসের মতে, তিনি যে মূল ধারণা নিয়ে সিরি তৈরি করেছিলেন, সেটি এখনো বদলায়নি। এবার এআই প্রযুক্তির মাধ্যমে সেই ধারণা বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে।