ফোন নম্বর ছাড়াই কথা বলার সুযোগ হোয়াটসঅ্যাপে

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ২৫ মে ২০২৬, ১৩:২৫

ফোন নম্বর ছাড়াই কথা বলার সুযোগ হোয়াটসঅ্যাপে
ছবি : সংগৃহীত

ব্যবহারকারীর গোপনীয়তা আরও জোরদার করতে ইউজারনেমভিত্তিক নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ। ফিচারটি চালু হলে ফোন নম্বর শেয়ার না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে। টেলিগ্রাম বা ইনস্টাগ্রামের মতো ইউজারনেম দিয়েই পরিচয় তৈরি করে সহজে চ্যাট করা সম্ভব হবে।

মেটার মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মটি ইতোমধ্যে নতুন ফিচারটি চালুর প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের জন্য একটি ইউনিক ইউজারনেম তৈরি করতে পারবেন। কেউ সেই ইউজারনেম ব্যবহার করে যোগাযোগ করলে ফোন নম্বরের পরিবর্তে শুধু ওই ইউজারনেমই দেখা যাবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে ফোন নম্বর অপরিহার্য। তবে নতুন এই সুবিধা চালু হলে অপরিচিত ব্যক্তি বা নতুন যোগাযোগের ক্ষেত্রে ব্যক্তিগত নম্বর গোপন রাখা সহজ হবে। এতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষা আরও নিশ্চিত হবে।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, ফিচারটি সম্পূর্ণ ঐচ্ছিক। অর্থাৎ ব্যবহারকারীরা চাইলে আগের মতোই ফোন নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ চালিয়ে যেতে পারবেন। আবার ইচ্ছা করলে ইউজারনেম ব্যবহার করে পরিচয় গোপন রেখেও যোগাযোগ করা যাবে

প্রতিটি অ্যাকাউন্টে একটি করে ইউজারনেম ব্যবহার করা যাবে এবং পরে সেটি পরিবর্তনের সুযোগও থাকবে। তবে ইউজারনেম পরিবর্তন করলেও পুরোনো চ্যাট বা অ্যাকাউন্ট সেটিংসে কোনো প্রভাব পড়বে না। যদিও অ্যাকাউন্টে লগইন ও পুনরুদ্ধারের জন্য ফোন নম্বর আগের মতোই যুক্ত থাকবে।

ইউজারনেম তৈরির ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে। এর দৈর্ঘ্য ৩ থেকে ৩৫ অক্ষরের মধ্যে হতে হবে এবং অন্তত একটি ইংরেজি বর্ণ থাকতে হবে। কেবল ইংরেজি অক্ষর, সংখ্যা, আন্ডারস্কোর ও ডট ব্যবহার করা যাবে।

তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। ইউজারনেম ‘www’ দিয়ে শুরু করা যাবে না, শুরু বা শেষে ডট ব্যবহার করা যাবে না এবং টানা দুটি ডটও ব্যবহার করা যাবে না। পাশাপাশি ‘.com’, ‘.org’ বা ‘.in’-এর মতো ডোমেইন এক্সটেনশন দিয়ে ইউজারনেম শেষ করা যাবে না।

নতুন এই সুবিধা ব্যবহার করতে হলে প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংসে যেতে হবে। এরপর প্রোফাইল অপশনে গিয়ে ‘ইউজারনেম’ সুবিধা চালু হলে পছন্দের নাম নির্বাচন করে সংরক্ষণ করা যাবে, যদি তা বৈধ ও খালি থাকে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ফিচার বিশেষভাবে উপকারী হবে অনলাইন ব্যবসা, কমিউনিটি গ্রুপ এবং অপরিচিতদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে। যেমন ক্রেতা-বিক্রেতা বা নতুন কোনো গ্রুপে যুক্ত হওয়ার সময় ব্যক্তিগত নম্বর না দিয়েও যোগাযোগ করা সম্ভব হবে।

হোয়াটসঅ্যাপ ইতোমধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএসের কিছু ব্যবহারকারীর জন্য সীমিত আকারে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করেছে। ধাপে ধাপে এটি আরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, টেলিগ্রাম ও ডিসকর্ডের মতো প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরেই ইউজারনেমভিত্তিক যোগাযোগ জনপ্রিয়। হোয়াটসঅ্যাপে এই সুবিধা যুক্ত হলে ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তা আরও বাড়বে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন