এআই-কেন্দ্রিক পরিবর্তনে ৭ হাজার কর্মীকে পুনর্বিন্যাস করছে মেটা
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে নিজেদের অবস্থান আরও শক্ত করতে বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন আনছে মেটা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটি ৭ হাজার কর্মীকে এআইকেন্দ্রিক বিভিন্ন দলে পুনর্বিন্যাস করছে, পাশাপাশি আরও কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনাও রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মেটার মানবসম্পদ বিভাগের প্রধান অভ্যন্তরীণ বার্তায় জানিয়েছেন, এই পুনর্গঠনের মাধ্যমে কর্মীদের চারটি নতুন বিভাগে যুক্ত করা হবে। এসব বিভাগ মূলত নতুন এআই টুল ও অ্যাপ উন্নয়নের কাজে নিয়োজিত থাকবে। তার ভাষায়, এই পরিবর্তন কোম্পানির উৎপাদনশীলতা বাড়াবে এবং কর্মপরিবেশকে আরও অর্থবহ করবে।
নতুন কাঠামোতে ব্যবস্থাপনার স্তর কমিয়ে প্রতিটি কর্মীর ওপর দায়িত্ব বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। কর্মীদের ঘরে বসে কাজ করতে বলা হয়েছে এবং তাদের নতুন ভূমিকা সম্পর্কে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।
এর আগে এপ্রিলের শেষ দিকে মেটা জানিয়েছিল, ব্যয় কমানো এবং বিনিয়োগ পুনর্বিন্যাসের অংশ হিসেবে ৮ হাজার কর্মী ছাঁটাই করা হবে। একই সঙ্গে ৬ হাজার খালি পদও বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্লেষকদের মতে,
মেটা এখন এআই খাতে বড় বাজি ধরছে। মেটাভার্স প্রকল্পে প্রত্যাশিত সাফল্য না আসায় কোম্পানিটি এখন এআই অবকাঠামো, ডেটা সেন্টার এবং সুপারইন্টেলিজেন্স গবেষণায় বেশি গুরুত্ব দিচ্ছে।
প্রতিবেদন বলছে, মেটা এ বছর এআই উন্নয়নে বিপুল বিনিয়োগ করছে এবং আগামী সময়ে আরও বড় আকারে ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে।
২০২৫ সালের শেষে মেটার মোট কর্মীসংখ্যা ছিল প্রায় ৭৮ হাজার। নতুন ছাঁটাই ও পুনর্বিন্যাস পরিকল্পনা বাস্তবায়িত হলে মোট কর্মীর একটি বড় অংশ এ পরিবর্তনের আওতায় আসবে।