২৪ ঘণ্টার জন্য অদৃশ্য ছবি শেয়ার সুবিধা চালু করেছে ইনস্টাগ্রাম
ব্যবহারকারীদের আরও স্বাভাবিক ও বাস্তব মুহূর্ত শেয়ার করার সুযোগ দিতে নতুন ফিচার ‘ইনস্ট্যান্টস’ চালু করেছে ইনস্টাগ্রাম। স্ন্যাপচ্যাট, বিয়ারিয়াল এবং লকার্টের মতো অ্যাপের অনুপ্রেরণায় তৈরি এই ফিচারের মাধ্যমে নির্দিষ্ট বন্ধুদের সঙ্গে এমন ছবি শেয়ার করা যাবে, যা একবার দেখা যাবে এবং ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে।
মেটা জানিয়েছে, এই ফিচারের লক্ষ্য সাজানো বা এডিট করা কনটেন্টের বাইরে গিয়ে তাৎক্ষণিক ও বাস্তব মুহূর্ত শেয়ারকে আরও সহজ করা। ইনস্ট্যান্টস ব্যবহার করে ইনস্টাগ্রামের ইন-অ্যাপ ক্যামেরায় ছবি তোলা যাবে, তবে কোনো ধরনের সম্পাদনা করা যাবে না এবং ক্যামেরা রোল থেকে ছবি আপলোডের সুযোগও থাকবে না। ছবির সঙ্গে শুধু টেক্সট যোগ করা যাবে, এর বাইরে কোনো পরিবর্তন করা যাবে না।
ফিচারটি ব্যবহার করা যাবে ইনস্টাগ্রাম ইনবক্সের নিচের দিকে থাকা ছোট ফটো স্ট্যাক আইকনে ট্যাপ করে। ছবি পাঠানোর পর প্রাপকরা ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানাতে, রিপ্লাই করতে এবং চাইলে একইভাবে নতুন ইনস্ট্যান্ট পাঠাতে পারবেন। মেটার দাবি অনুযায়ী, এই ছবি স্ক্রিনশট বা রেকর্ড করা যাবে না।
শেয়ার করা ইনস্ট্যান্টস ইনস্টাগ্রামের একটি প্রাইভেট আর্কাইভে সংরক্ষিত থাকবে, যা সর্বোচ্চ এক বছর পর্যন্ত দেখা যাবে। ব্যবহারকারীরা চাইলে এই আর্কাইভ থেকে ছবি বেছে নিয়ে রিক্যাপ তৈরি করে ইনস্টাগ্রাম স্টোরিতেও প্রকাশ করতে পারবেন।
ভুল করে পাঠানো ছবি থাকলে ‘আনডু’ অপশন ব্যবহার করে সেটি মুছে ফেলার সুযোগও থাকবে, তবে তা প্রাপক না খোলার আগেই করতে হবে।
এছাড়া ইনস্টাগ্রাম এই ফিচারটি পরীক্ষামূলকভাবে স্পেন ও ইতালিসহ কিছু অঞ্চলে আলাদা অ্যাপ হিসেবেও পরীক্ষা করছে বলে জানিয়েছে মেটা।
বিশ্লেষকদের মতে, ইনস্টাগ্রামে ইতোমধ্যে স্টোরিজসহ দ্রুত ছবি শেয়ারের একাধিক ফিচার থাকায় নতুন ‘ইনস্ট্যান্টস’ কতটা জনপ্রিয় হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।