এআই প্ল্যাটফর্মে নিরাপত্তা ঘাটতি, প্রশ্নের মুখে গুগল ক্লাউড

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ২৫ মে ২০২৬, ১৩:০৫

এআই প্ল্যাটফর্মে নিরাপত্তা ঘাটতি, প্রশ্নের মুখে গুগল ক্লাউড

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে নিরাপত্তা ঝুঁকিও নতুন মাত্রা পাচ্ছে। এই বাস্তবতায় প্রযুক্তি জায়ান্ট গুগল-এর ক্লাউড সেবাও প্রশ্নের মুখে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, এআই ব্যবহারের এই রূপান্তরকালে বড় প্রতিষ্ঠানগুলোও এখনো পুরোপুরি প্রস্তুত নয়।

সম্প্রতি এক আলোচনায় গুগল ক্লাউডের প্রধান পরিচালন কর্মকর্তা ফ্রান্সিস ডিসুজা বলেন,‘এআই ব্যবহারের শুরু থেকেই নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। এটি পরে যুক্ত করার বিষয় নয়।’ তার মতে, একটি কার্যকর এআই কৌশল গড়ে তুলতে হলে ডেটা ও নিরাপত্তা কৌশলকে একসঙ্গে বিবেচনায় নিতে হবে।

তিনি ‘শ্যাডো এআই’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অনেক কর্মী প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে বিভিন্ন এআই টুল ব্যবহার করছেন, যা নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করছে। তাই শুরু থেকেই শক্তিশালী গভর্ন্যান্স, নজরদারি ও অডিট ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।

বিশ্লেষকদের মতে, বর্তমান হুমকির ধরন এতটাই দ্রুত বদলাচ্ছে যে প্রচলিত নিরাপত্তা ব্যবস্থা অনেক ক্ষেত্রেই অকার্যকর হয়ে পড়ছে। আগে কোনো সাইবার আক্রমণের এক ধাপ থেকে আরেক ধাপে যেতে সময় লাগত ঘণ্টা, এখন তা নেমে এসেছে কয়েক সেকেন্ডে। একই সঙ্গে নেটওয়ার্কের বাইরে গিয়ে এআই মডেল, ডেটা পাইপলাইন, এজেন্ট ও প্রম্পটও এখন ঝুঁকির অংশ হয়ে উঠছে।

এআইভিত্তিক এজেন্ট ব্যবহারের ক্ষেত্রেও নতুন সমস্যা দেখা দিচ্ছে। এই এজেন্টগুলো প্রতিষ্ঠানের অভ্যন্তরে ঘুরে এমন ডেটা খুঁজে বের করতে পারে, যা আগে অজানা বা অরক্ষিত ছিল। ফলে পুরোনো সার্ভার বা ভুলে যাওয়া তথ্যভাণ্ডারও হঠাৎ করে ঝুঁকির মুখে পড়ে যাচ্ছে।

এদিকে বাস্তব কিছু ঘটনার কারণে গুগল ক্লাউডের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। একাধিক ডেভেলপার অভিযোগ করেছেন, তাদের এপিআই কী ব্যবহার করে অননুমোদিতভাবে এআই সেবা নেওয়া হয়েছে, যার ফলে স্বল্প সময়ে বড় অঙ্কের বিল তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে ব্যবহারকারীরা জানতেন না যে তাদের অ্যাকাউন্টের সীমা স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো হয়েছে।

গবেষণায় আরও দেখা গেছে, কোনো এপিআই কী বাতিল করার পরও কিছু সময় সেটি কার্যকর থাকতে পারে। এই সময়ের মধ্যে আক্রমণকারীরা তথ্য সংগ্রহ বা অপব্যবহার করতে সক্ষম হয়। যদিও পরবর্তীতে কিছু ক্ষেত্রে গুগল অর্থ ফেরত দিয়েছে, তবুও নিরাপত্তা নীতিতে পরিবর্তনের স্পষ্ট ঘোষণা পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, এআই নিরাপত্তা এখন শুধু প্রযুক্তিগত ইস্যু নয়, বরং নেতৃত্ব পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। গুগলের মতো বড় প্রতিষ্ঠানও যেখানে চ্যালেঞ্জের মুখে, সেখানে অন্যদের জন্যও সতর্কতা ও প্রস্তুতি অত্যন্ত জরুরি।

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন