অ্যামাজনের সার্চে যুক্ত হলো এআই, কেনাকাটা হবে আরও ব্যক্তিগত ও স্মার্ট

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫১

অ্যামাজনের সার্চে যুক্ত হলো এআই, কেনাকাটা হবে আরও ব্যক্তিগত ও স্মার্ট
ছবি : টেকক্রাঞ্চ

অনলাইন কেনাকাটার অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত ও স্বয়ংক্রিয় করতে সার্চ বারে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন সহকারী যুক্ত করেছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন । ‘অ্যালেক্সা ফর শপিং’ নামের এই নতুন এআই ফিচারটি ব্যবহারকারীর কেনাকাটার ধরন বিশ্লেষণ করে আরও স্মার্ট ও কাস্টমাইজড সহায়তা দেবে।

অ্যামাজন জানিয়েছে, নতুন এই ব্যবস্থা তাদের আগের জেনারেটিভ এআই সহকারী ‘রুফাস’-এর জায়গা নিচ্ছে। অ্যালেক্সা প্লাস দ্বারা চালিত এই টুলটি মোবাইল, ডেস্কটপ এবং ইকো শো ডিভাইসে ভয়েস ও টাচ দুইভাবেই ব্যবহার করা যাবে। যেখানে রুফাস মূলত পণ্য খোঁজা ও তুলনায় সহায়তা করত, সেখানে নতুন এআই আরও গভীরভাবে ব্যবহারকারীর পছন্দ, অভ্যাস এবং ক্রয় ইতিহাস বিশ্লেষণ করবে।

যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ইতোমধ্যে চালু হওয়া এই ফিচারে সার্চ বারে বা আলাদা চ্যাট উইন্ডোতে প্রশ্ন করা যাবে। যেমন,‘পুরুষদের জন্য ভালো স্কিনকেয়ার রুটিন কী হতে পারে?’ বা ‘আমি শেষ কবে ডাবল এ ব্যাটারি কিনেছিলাম?’ এর মতো প্রশ্নের উত্তর দেবে এআই। পাশাপাশি এটি ব্যক্তিগত শপিং গাইড তৈরি করতেও সক্ষম।

কোম্পানির দাবি, সময়ের সঙ্গে সঙ্গে এই সহকারী আরও কার্যকর হয়ে উঠবে। ব্যবহারকারীর কেনাকাটার অভ্যাস বুঝে এটি পণ্য সাজেস্ট করবে, দাম পরিবর্তন ট্র্যাক করবে এবং প্রয়োজনীয় পণ্যের নিয়মিত অর্ডারও স্বয়ংক্রিয়ভাবে সেট করে দিতে পারবে।

নতুন ফিচারে যুক্ত হয়েছে ‘বাই ফর মি’ অপশন। এর মাধ্যমে অ্যামাজনের বাইরের অনলাইন স্টোর থেকেও এআই ব্যবহার করে পণ্য কেনা সম্ভব হবে। ব্যবহারকারী চাইলে নির্দিষ্ট দাম নির্ধারণ করে দিতে পারবেন, যাতে সেই দামে পৌঁছালে পণ্যটি স্বয়ংক্রিয়ভাবে কার্টে যোগ হয়।

তবে এ ধরনের স্বয়ংক্রিয় কেনাকাটা এবং তৃতীয় পক্ষের স্টোরে এআই-নির্ভর লেনদেন নিয়ে গোপনীয়তা ও নিয়ন্ত্রণ ঝুঁকি নিয়ে প্রশ্ন উঠছে।

এর আগে অ্যামাজন যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে দ্রুত ডেলিভারি সেবা ‘অ্যামাজন নাও’ চালু করে এবং গ্রাহকদের প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দিতে এআই-ভিত্তিক ভয়েস রেসপন্স ফিচারও চালু করে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন