টিকটকের বিরুদ্ধে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রতারণার অভিযোগ

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:১৭

টিকটকের বিরুদ্ধে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রতারণার অভিযোগ

শিশু ও কিশোরদের জন্য নিরাপত্তা সুবিধা চালু করার কথা থাকলেও পরীক্ষার অংশ হিসেবে অনেক ব্যবহারকারীর ক্ষেত্রে সেটি অকার্যকর রাখার অভিযোগ উঠেছে টিকটকের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের করা এক মামলায় বলা হয়েছে, পরীক্ষায় অংশ নেওয়া ব্যবহারকারীরা নিরাপত্তা সুবিধাটি চালু হয়েছে বলে মনে করলেও বাস্তবে তাদের ফিডে কোনো পরিবর্তন আসেনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টিকটকের এ পরীক্ষায় হাজারো ব্যবহারকারী অংশ নেন। তাদের মধ্যে শিশু ও কিশোরেরাও ছিল। পরীক্ষায় ‘অ্যালগো রিফ্রেশ’ নামের একটি সুবিধা ব্যবহার করার কথা ছিল। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের জন্য নির্ধারিত কনটেন্টের সুপারিশ নতুন করে সাজাতে পারেন এবং অনাকাঙ্ক্ষিত বা সম্ভাব্য ক্ষতিকর কনটেন্ট দেখা কমাতে পারেন।

মামলার অভিযোগ অনুযায়ী, পরীক্ষায় অংশ নেওয়া ব্যবহারকারীরা সুবিধাটি চালু করেছেন বলে বিশ্বাস করলেও তাদের ফিডে কোনো পরিবর্তন হয়নি। অন্যদিকে, পরীক্ষার বাইরে থাকা ব্যবহারকারীরা সুবিধাটির কার্যকর সংস্করণ ব্যবহার করতে পেরেছেন।

শিশু-কিশোরদের মধ্যে আসক্তির মতো আচরণ বাড়ায় এমনভাবে প্ল্যাটফর্ম নকশা করা এবং নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করার অভিযোগে টিকটকের বিরুদ্ধে নিউইয়র্কের মামলাটি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য একই ধরনের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমটির বিরুদ্ধে দুই ডজনের বেশি মামলা করেছে।

রয়টার্সকে টিকটক জানিয়েছে, ব্যবহারকারীদের অভিজ্ঞতা যাচাই এবং বাস্তব পরিবেশে নতুন পণ্য ও সুবিধা কীভাবে কাজ করে তা বোঝার জন্য প্রতিষ্ঠানটি নিয়মিত পরীক্ষা চালায়। এ প্রক্রিয়ায় প্ল্যাটফর্মের বিভিন্ন উন্নয়নও করা হয়। তবে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে টিকটক তাৎক্ষণিকভাবে আর কোনো জবাব দেয়নি।

মামলায় টিকটকের অন্যান্য পরীক্ষার কথাও উল্লেখ করা হয়েছে। ব্লুমবার্গের আগস্ট মাসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, এমন একটি পরীক্ষায় যুক্তরাষ্ট্রের দেড় কোটি ব্যবহারকারীর জন্য একটি নিরাপত্তা সুবিধা বন্ধ রাখা হয়েছিল। তাদের মধ্যে এক কিশোরও ছিল, যে পরে আত্মহত্যা করে মারা যায়।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন