এক্সে নতুন ‘হিস্ট্রি’ ট্যাব: এক জায়গায় বুকমার্ক, লাইক, ভিডিও ও আর্টিকেল
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্যবহারকারীদের জন্য নতুন ‘হিস্ট্রি’ ট্যাব চালু করেছে। যেখানে বুকমার্ক, লাইক, দেখা ভিডিও ও পড়া আর্টিকেল এক জায়গায় সংরক্ষিত থাকবে। এই আপডেটের মাধ্যমে প্ল্যাটফর্মটি ধীরে ধীরে ‘পরে দেখার’ বা ‘সেভ করে রাখার’ অ্যাপ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাইছে।
এই ফিচার সম্পর্কে এক্সের প্রোডাক্ট প্রধান নিকিতা বিয়ার বলেন, এটি ব্যবহারকারীদের পছন্দের কনটেন্ট সহজে খুঁজে পাওয়া এবং পরে পড়া বা দেখার জন্য ফিরে যাওয়ার একটি কার্যকর উপায়।
নতুন আপডেটে মোবাইল অ্যাপের বাম পাশের মেনুতে থাকা ‘বুকমার্কস’ বাটনের নাম বদলে ‘হিস্ট্রি’ করা হয়েছে। এখানে চারটি আলাদা ট্যাব রয়েছে। বুকমার্কস, লাইকস, ভিডিওস ও আর্টিকেলস। বুকমার্ক ও লাইক ব্যবহারকারীর নিজস্ব সংরক্ষণ হলেও, ভিডিও ও আর্টিকেল ট্যাব স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর দেখা বা পড়া কনটেন্ট অনুযায়ী পূরণ হবে। তবে এই ‘হিস্ট্রি’ পুরোপুরি ব্যক্তিগত থাকবে।
নতুন এই ফিচারের ফলে এক্স অনেকটা ওয়েব ব্রাউজারের মতো অভিজ্ঞতা দিচ্ছে। ব্যবহারকারীরা আগে দেখা কনটেন্টে ফিরে যেতে পারবেন, এমনকি সেগুলো আলাদা করে সংরক্ষণ না করলেও। আগে যেসব ফিচার অ্যাপের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিল, যেমন বুকমার্ক মেনুতে ও লাইক প্রোফাইল ট্যাবে, এখন সেগুলো এক জায়গায় আনা হয়েছে।
এই পরিবর্তনের ফলে এক্সে দীর্ঘ আর্টিকেল পড়ার প্রবণতাও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। প্ল্যাটফর্মটি ইতোমধ্যে ২৮০ অক্ষরের সীমার বাইরে গিয়ে বড় আকারের লেখা প্রকাশে ব্যবসা প্রতিষ্ঠান ও কনটেন্ট নির্মাতাদের উৎসাহিত করছে। নতুন হিস্ট্রি ট্যাব ব্যবহারকারীদের জন্য এক ধরনের ব্যক্তিগত নিউজ রিডার হিসেবে কাজ করতে পারে।

এদিকে, ফেসবুক ও গুগলের মতো প্ল্যাটফর্ম থেকে ওয়েবসাইটে ট্রাফিক কমে যাওয়ার প্রেক্ষাপটে এক্স এই সুযোগ কাজে লাগাতে চাইছে। অ্যালগরিদম পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অভিজ্ঞতার কারণে বাইরের ওয়েবসাইটে ক্লিক কমে যাওয়ায় প্রকাশক ও নির্মাতাদের সরাসরি এক্সেই কনটেন্ট প্রকাশে আকৃষ্ট করার কৌশল নিয়েছে প্রতিষ্ঠানটি। এখানে কনটেন্ট প্রকাশ ও ছড়িয়ে দেওয়ার সুবিধা আগে থেকেই যুক্ত রয়েছে।