জরিমানা এড়াতে হোয়াটসঅ্যাপে এআই চ্যাটবট ব্যবহারের সুযোগ দিচ্ছে মেটা
ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট তদন্তে সম্ভাব্য বড় অঙ্কের জরিমানা এড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে মেটা। প্রতিদ্বন্দ্বী এআই চ্যাটবটগুলোকে সাময়িকভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ইউরোপীয় কমিশনের সঙ্গে চলমান আলোচনায় সমঝোতার পথ খুলতেই এই প্রস্তাব দেওয়া হয়েছে, যা তদন্ত নিষ্পত্তির সম্ভাবনা তৈরি করছে।
মেটা জানিয়েছে, ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের সাধারণ এআই চ্যাটবটগুলোকে এক মাসের জন্য হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআইতে বিনা মূল্যে প্রবেশাধিকার দেওয়া হবে। এর মাধ্যমে দ্রুত ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর আশা করছে প্রতিষ্ঠানটি।
ইউরোপীয় কমিশন এর আগে ইঙ্গিত দিয়েছিল যে, মেটাকে প্রতিদ্বন্দ্বী এআই চ্যাটবটগুলোর জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ দিতে নির্দেশ দেওয়া হতে পারে। সেই প্রেক্ষাপটেই নতুন এই উদ্যোগ আসে।
এর আগে মেটা হোয়াটসঅ্যাপে নিজেদের এআই সহকারী ব্যবহারের নীতি চালু করে। পরে নীতি সংশোধন করে প্রতিদ্বন্দ্বীদের ফি দিয়ে ব্যবহারের সুযোগ দেওয়া হলেও তা নিয়ে ইইউ তদন্ত শুরু হয়।
ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র বলেছেন, এই পদক্ষেপ আলোচনার জন্য ইতিবাচক অগ্রগতি। তবে এটি নির্দিষ্ট সময় ও শর্তসাপেক্ষ।
বিশ্লেষকদের মতে, সমঝোতা হলে মেটা বড় অঙ্কের জরিমানা এড়াতে পারবে, যা কোম্পানির বৈশ্বিক আয়ের বড় অংশের সমান হতে পারে।