ক্লাউড সেবা ব্যবহারে অনিয়মের অভিযোগে মাইক্রোসফটে প্রশাসনিক রদবদল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ১৩ মে ২০২৬, ১৫:১৫

ক্লাউড সেবা ব্যবহারে অনিয়মের অভিযোগে মাইক্রোসফটে প্রশাসনিক রদবদল
ছবি : ওয়াই নিউজ

ক্লাউড সেবা ব্যবহারে নীতিমালা ভঙ্গের অভিযোগ ঘিরে বড় ধরনের প্রশাসনিক রদবদলের মুখে পড়েছে মাইক্রোসফট। অভ্যন্তরীণ তদন্তের পর ইসরায়েল শাখার শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে এবং সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে মাইক্রোসফট ফ্রান্সকে। শাখাটির প্রধানসহ একাধিক জ্যেষ্ঠ ব্যবস্থাপক পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির বৈশ্বিক ক্লাউড ব্যবসা ও প্রতিরক্ষা খাতের চুক্তি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

মাইক্রোসফট জানিয়েছে, ইসরায়েল শাখার জেনারেল ম্যানেজার হাইমোভিচ পদত্যাগ করেছেন। একই সঙ্গে আরও কয়েকজন জ্যেষ্ঠ ব্যবস্থাপকও দায়িত্ব ছেড়েছেন। অভিযোগ উঠেছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত কিছু কার্যক্রমে কোম্পানির আজুর ক্লাউড সেবার ব্যবহার নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক ছিল।

বিষয়টি সামনে আসে একটি অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে। অভিযোগ খতিয়ে দেখতে একটি দল ইসরায়েলে গিয়ে সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করে। তদন্তে সেবা ব্যবহারের ধরন ও ব্যবস্থাপনায় স্বচ্ছতার ঘাটতি পাওয়া গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০। অভিযোগ ছিল, তারা আজুর ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করে বিপুল পরিমাণ ফোন কল সংরক্ষণ ও বিশ্লেষণ করেছে। বিষয়টি প্রকাশের পর ওই ইউনিটের ক্লাউড অ্যাক্সেস বন্ধ করে দেয় মাইক্রোসফট।

পরবর্তী পর্যায়ে তদন্তে বলা হয়, শুধু ওই ইউনিটই নয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও কিছু বিভাগও একই ধরনের ক্লাউড সেবা ব্যবহার করেছে, যা কোম্পানির নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এসব তথ্য ইউরোপীয় সার্ভারের মাধ্যমে প্রবাহিত হওয়ায় নিয়ন্ত্রক ঝুঁকিও তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, 

২০২১ সালে ইসরায়েলের বড় ক্লাউড প্রকল্পে মাইক্রোসফট অংশ না পেলেও অ্যামাজন ও গুগল সেই চুক্তি পায় এবং দেশটির ভেতরেই ডেটা সেন্টার স্থাপন করে। ফলে তুলনামূলকভাবে ইউরোপীয় নিয়মকানুনের কারণে মাইক্রোসফট এখন বেশি চাপের মুখে পড়েছে।

বর্তমানে ইসরায়েল শাখার সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে মাইক্রোসফট ফ্রান্সকে, যা কোম্পানির অভ্যন্তরে একটি ব্যতিক্রমী প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের ধারণা, সাম্প্রতিক এই ঘটনা মাইক্রোসফটের ক্লাউড ব্যবসা ও আন্তর্জাতিক অংশীদারত্বের ভবিষ্যৎ নিয়ে নতুন চাপ তৈরি করতে পারে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন